রহস্যময় ভূত
আমি, সূচি, নাদিয়া, রাফিয়া ও শিহাব। আমরা পাঁচ বন্ধু। বাসাও সবার কাছে কাছে। আমরা সবাই একসঙ্গে খেলি। অনেক দিনের ইচ্ছা, আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাব। কিন্তু স্কুল অত দিন বন্ধ থাকে না। তাই আমরা যেতেও পারি না। গ্রীষ্ম এল। স্কুল থেকে এক মাসের জন্য গ্রীষ্মের ছুটি দিল। সবাই আমরা খুশি। এক জায়গায় ঘুরতে যাব। ঠিক করা হলো, আমরা সূচিদের এক আত্মীয়ের বাড়িতে যাব। পরের দিন সকালে আমরা সবকিছু ঠিকঠাক করে বের হলাম সূচিদের আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য। প্রথমে একটা বাসে গেলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম সামনে বিশাল জ্যাম। কিছুক্ষণ পর জানা গেল, সামনে একটা ব্রিজে বাস-ট্রাকে এক্সিডেন্ট হয়েছে। সবাই নাকি নৌকায় করে নদী পার হচ্ছে। আমরাও নৌকা দিয়ে নদী পার হলাম। তারপর এক-দুই কিলোমিটার ভ্যানে গেলাম। সামনে একটা বাসস্ট্যান্ড। সেখান থেকে সূচিদের আত্মীয়ের বাড়ি যাওয়া যায়। ছয়টার পরে সেখানে কোনো বাস থাকে না। আমাদের যেতে যেতে সাড়ে ছয়টা বেজে গেল।গিয়ে দেখলাম, কোনো বাস নেই। আমি বললাম, চল, দেখি কোনো জায়গায় আজ রাতটা থাকতে পারি কি না।শিহাব আর রাফিয়া বলল, না না, মাত্র পাঁচ কিলোমিটার পথ, আমরা হেঁটেই যাব।হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। এক ঝাপটায় কাকভেজা হয়ে গেলাম। দৌড়ে গিয়ে একটি থাকার হোটেলে খোঁজ নিলাম। কিন্তু কোনো রুমই খালি নেই। আমাদের কাছে ছাতা ছিল না। ভিজে ভিজে হাঁটতে লাগলাম। একটু পরে নাদিয়া আর রাফিয়া বলল, তাদের ক্ষুধা পেয়েছে। সঙ্গে সঙ্গে সূচি দিল এক ধমক, ‘এই, পথের মাঝখানে কি কোনো দোকান আছে যে আমরা খাব!’ নাদিয়া আর রাফিয়া আস্তে আস্তে বলল, কিছু নেই তা ঠিক।‘দেখ, দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে।’ শিহাবের কথা শেষ হওয়ার আগেই সূচি দিল এক দৌড়। আমরাও ছুটলাম ওর পেছনে। সূচি বাড়ির দরজায় গিয়ে শব্দ করল। অমনি একটা মধ্যবয়স্ক লোক বের হয়ে এল। জিজ্ঞেস করল, ‘কী দরকার?’ আমরা বলার আগেই সূচি বলল, ‘আমরা কি আজ রাতটা আপনার এখানে থাকতে পারব?’লোকটা বলল, ‘ঠিক আছে, আজ রাতটা থাকো।’ টেবিলে খাবার সাজানো ছিল। রাফিয়া খেতে বসে পড়ল। ওর এ রকম কাণ্ড দেখে আমরা হেসেই শেষ। যেই না নাদিয়া ঘরে ঢুকবে, অমনি আমি নাদিয়াকে টেনে ধরে বললাম, ‘দেখ, ঘরটাতে একটা বিশাল বড় বিছানা, তারপরে সারি সারি পাঁচটা বিছানা।’ নাদিয়া বলল, ‘হ্যাঁ, তাই তো। আর দেখ দেখ, টেবিলে একটা বিশাল বড় প্লেট, তাতে কতগুলো ভাত কিন্তু তার পাশের পাঁচটি প্লেটে অল্প ভাত।’আমি বললাম ‘খুবই অবাক কাণ্ড!’আমি লোকটার কাছে পানি চাইলাম। লোকটা বলল, ‘ঠিক আছে, আমি পানি আনছি।’ অনেকক্ষণ পার হয়ে গেল, লোকটা পানি নিয়ে আসে না। সবাই খেতে বসেছে। আমিও খেতে বসলাম। সূচির খাওয়া শেষ হলো সবার আগে। কিন্তু হাত ধোয়ার একটুও পানি নেই। সূচি আমাকে জিজ্ঞেস করল, ‘লোকটা পানি এনেছে?’ আমি বললাম, ‘না, পানি আনেনি।’ও বলল, ‘দেখি লোকটা পানি নিয়ে এল নাকি।’ এক লাফে বাইরে গেল সে। আমাদের সবার খাওয়া শেষ হলো। আমরা বাইরে গেলাম। সূচির মতো আমাদের অবস্থা। কেউ হাত ধুতে পারছি না। কিছুক্ষণ দাঁড়ানোর পর নাদিয়া বলল, ‘আমার খুব ঘুম পেয়েছে। আমি ঘুমাতে গেলাম।’ যেই না নাদিয়া বাসায় ঢুকবে অমনি রাফিয়া বলল, ‘দেখ, বাসাটা না অন্য রকম লাগছে।’সূচির রামধমক, ‘আমরা রাতের বেলায় কেউ দেখলাম না, শুধু তুই দেখেছিস!’ঠিক এ সময় বাসার ভেতর থেকে নাদিয়ার বিকট চিৎকার। আমরা সবাই দৌড়ে গেলাম। গিয়ে দেখি, এ যেন বাসা না অন্য কিছু। বাসা ভর্তি অসংখ্য চিকার দৌড়াদৌড়ি, আর ময়লা-আবর্জনা, চারদিকে বাদুড়ের ওড়াউড়ি। এ তো ভূতের আস্তানা! লোকটাকে কোথাও দেখা যাচ্ছে না। সে উধাও! আমরা সবাই ভয়ে বাইরে চলে এলাম। দেখলাম, আকাশে হালকা দিনের আলো দেখা যাচ্ছে। সূচি বলল, ‘হুম, ভূত খুব দুষ্টুও ছিল, আবার রহস্যময়ও।’আমি ওর নাম দিলাম ‘রহস্যময় ভূত’। ভোরের আলোয় আমরা বেরিয়ে এলাম।চতুর্থ শ্রেণী, আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়