‘গন্ডারের চামড়া’ এল কোথা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গন্ডারের চামড়া

গন্ডারের চামড়া অনেক মোটা হয়। পুরু হয় দুই ইঞ্চি পর্যন্ত। একসময় বলা হতো, গন্ডারের চামড়া ভেদ করে বন্দুকের গুলি ঢুকতে পারে না! সে যা–ই হোক, কোনো কোনো মানুষের আচরণের ক্ষেত্রে গন্ডারের চামড়া কথাটির প্রয়োগ আছে। গালাগালি বা অপমানের কথাবার্তা যার গায়ে লাগে না, তার ক্ষেত্রে এটি বলা হয়। গন্ডারের চামড়া যেমন সহজে তির বা বর্শায় বিদ্ধ হয় না, তেমনি কিছু মানুষ কিছুতেই অপমান বোধ করে না।

বাঘের দুধ

মানুষ বাঘের দুধ খায় না; তাই সেই দুধ সংগ্রহ করে আনারও প্রয়োজন হয় না। তবে অনুমান করাই যায়, বাঘের মতো প্রাণীর কাছ থেকে দুধ দুইয়ে আনা প্রায় অসম্ভব কাজ। তাই ‘বাঘের দুধ’ বাগ্‌ধারার অর্থ দুষ্প্রাপ্য কিছু। অর্থাৎ যা সহজে পাওয়া যায় না। অনেক সময় বলা হয়, ‘টাকায় বাঘের দুধও মেলে’। টাকার ক্ষমতা বা শক্তি বোঝাতে এ রকম কথা বলা হয়।

ঘোড়ার ডিম

স্থলভাগে সাধারণত পাখি, পতঙ্গ আর সরীসৃপজাতীয় প্রাণী ডিম পাড়ে। পানিতে মাছও ডিম পাড়ে। ডিম থেকে নতুন প্রাণীর জন্ম হয়। কিন্তু ঘোড়া ডিম পাড়ে না; ফলে ডিম থেকে ঘোড়ার বাচ্চার জন্ম হওয়ারও কারণ নেই। ঘোড়ার বাচ্চা মায়ের গর্ভে ১১ মাস থাকে। তারপর পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। বোঝাই যাচ্ছে, ঘোড়ার ডিম বাস্তবে নেই। তাই অলীক, অসম্ভব বা অসার কিছু বোঝাতে এই বাগ্‌ধারার প্রয়োগ হয়।