রাজার অসুখ
রাজার অসুখ। তাবিজ-কবচ, ওঝা-বৈদ্য, ডাক্তার-কবরেজ সব করা হয়েছে। কিন্তু রোগ সারে না। সারা দিন মন ভার করে চুপচাপ বসে থেকে সময় কাটে রাজার।একদিন কোতোয়াল এসে রাজাকে বলেন, মহামান্য রাজা, লক্ষণ তো ভালো ঠেকছে না, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে বোধ হয়। চিকিৎসা-টিকিৎসা বাদ দিয়ে দেবতার সন্তুষ্টির জন্য একমনে ইবাদত বন্দেগি করুন। এতে যদি মনে শান্তি পাওয়া যায়।রাজা বললেন, আচ্ছা।মন্ত্রী এলেন রাজার ঘরে। কুর্নিশ করে ঠোঁট বাঁকিয়ে বললেন, রাজামশাই আপনার অসুস্থতার কথা শুনে রাজ্যটাও কেমন অসুস্থ হয়ে পড়েছে। সুখ চলে যাচ্ছে প্রজাদের মন থেকে। এভাবে আর কত দিন? এখন রাজ্যটা শাসন করবে কে? এর একটা বিহিত করলে হয় না রাজামশাই? এ ব্যাপারে আপনার সামান্য ইশারা পেলেই...রাজা বললেন, আচ্ছা।তারপর এলেন সেনাপতি। তিনি রাজাকে কুর্নিশ না করেই কথা বলতে লাগলেন। বললেন, হে অসুস্থ রাজা, আপনি যদি অসুখে-বিসুখে ক্লান্ত হয়ে এভাবে মুখ থুবড়ে পড়ে থাকেন, তাহলে রাজ্য চলে কীভাবে? আপনার সুস্থতার জন্য সব চেষ্টাই তো করা হলো। আপনি সুস্থ হবেন এমন কোনো লক্ষণও দেখছি না। দিনে দিনে প্রজাদের মন ভেঙে যাচ্ছে। রাজ্যে যেকোনো সময় নানা অশান্তি আর বিশৃঙ্খলা শুরু হয়ে যেতে পারে। আপনি জীবিত থেকেও মৃত। রাজ্যের কল্যাণে নতুন রাজার নাম ঘোষণা করা দরকার। আপনি সম্মতি দিলেই আমরা এগুতে পারি। রাজা বললেন, আচ্ছা।ঢোল-কাঁড়, শঙ্খ-শিঙা বেজে উঠল। রাজবাড়িতে শুরু হয়ে গেল রাজাবদলের উৎসব। রাজ্যে নতুন রাজার নাম ঘোষণা করা হবে। রাজদরবারে বইছে আনন্দের জোয়ার।রাজামশাই দোতলার জানালা ফাঁক করে দেখছেন ওসব। রাজা চিন্তিত মনে পায়চারি করছেন। তাঁর আশপাশে কেউ নেই। সবাই আনন্দে মাতোয়ারা।এরই মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। প্রজারা রাজবাড়ির সামনে এসে চিৎকার করে কান্না শুরু করে দিল। তাদের কান্নায় রাজবাড়ির আনন্দে টান পড়ল। সবাই প্রচণ্ড বিরক্তবোধ করল। কোতোয়াল কয়েকজন সেপাই নিয়ে কান্নারত প্রজাদের সামনে গিয়ে ধমক দিয়ে বলল, এই, কী চাস তোরা? কোত্থেকে এসে রাজবাড়ির সামনে বসে এভাবে কান্না শুরু করে দিয়েছিস? কী হয়েছে তোদের? জানিস না এখানে রাজাবদলের আনন্দ-আয়োজন চলছে?প্রজারা বলল, না, না, না আমাদের প্রিয় রাজাকে কিছুতেই বদল করা চলবে না। নতুন রাজা চাই না আমরা। আমাদের মহান রাজা যত দিন জীবিত থাকবেন তত দিন তিনিই থাকবেন আমাদের রাজ্যের রাজা। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই মহান রাজাকে বদল করতে দেব না।কোতোয়াল রাগে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে মন্ত্রী ও সেনাপতিকে প্রজাদের কথা বলল। তারা রাগে আগুন হয়ে কড়া নির্দেশ দিল কোতোয়ালকে। সে সেপাইদের নিয়ে কান্নারত প্রজাদের ধরে প্রচণ্ড মারধর করতে লাগল। তবুও প্রজারা তাদের দাবি ত্যাগ করল না। সেনাপতির নির্দেশে কোতোয়াল তাদের গাছের সঙ্গে বেঁধে চাবুক মেরে রক্তাক্ত করে ফেলল। প্রজারা বেহুঁশ হয়ে পড়ে রইল।রাজা জানালার ফাঁক দিয়ে সবই দেখছিলেন। আর সহ্য করতে পারলেন না। তিনি গর্জে উঠলেন এবং দ্রুত নিচে এসে ধমকের সুরে বললেন, কী হচ্ছে এসব, রাজাবদলের আয়োজন চলছে বুঝি? রাজার অগ্নিমূর্তি দেখে সবাই ভয়ে তটস্থ হয়ে গেল এবং ছেড়ে দিল প্রজাদের। রক্তাক্ত প্রজারা রাজাকে কুর্নিশ করে বলল, হে মহান রাজা আমরা আপনাকে অনেক ভালোবাসি। আমরা আপনার ন্যায়শাসনের বদলে এই নিষ্ঠুর মানুষের দুঃশাসন চাই না। ওরা রাজ্যে অশান্তি সৃষ্টি করবে। রাজা বললেন, আমি অসুস্থ নই। বহুদিনের পুরোনো ও বিশ্বস্ত রাজকর্মচারীদের পরীক্ষা করার জন্য আমি অসুস্থতার ভান করেছি। আমি যাদের বিশ্বাস করে রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, এত দিনে তাদের মধ্যে রাজা হওয়ার লোভ জেগে উঠেছে। তাদের চেনা হয়ে গেল। সেই সঙ্গে আমার প্রতি প্রজাদের বিশ্বাস ও ভালোবাসার পরীক্ষাটাও হয়ে গেল।রাজা লোভী রাজকর্মচারীদের বন্দী করে তাদের পরিবর্তে প্রজাদের নিয়োগ করলেন। কেউ মন্ত্রী, কেউ সেনাপতি, কেউ বা কোতোয়াল-সেপাই পদে অধিষ্ঠিত হলো। রাজাবদলের উৎসব অকৃতজ্ঞ কর্মচারী পরিবর্তনের আনন্দে পরিণত হলো।