রাজিন রণনের গল্প
রাজিন আর রণন দুজন মামাতো-ফুফাতো ভাই। রাজিন বড়, রণন ছোট। রাজিন এবার সপ্তম শ্রেণীতে এবং রণন পঞ্চম শ্রেণীতে উঠেছে। রাজিন মা-বাবাসহ ঢাকায় থাকে আর রণনরা থাকে দিনাজপুরে। প্রতিবছর বার্ষিক পরীক্ষার পর তারা বদরগঞ্জে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এবারও এসেছে। দুই ভাই দুষ্টুমিতে কেউ কারও থেকে কম নয়। তারা দুজন বাড়িতে এলে দাদুভাই খুব ভয়ে ভয়ে থাকেন। কখন না দুজনে কী করে বসে। কদিন হয় তারা বেড়াতে এসেছে। একদিন দুপুরবেলা বাড়ির সবাই বিশ্রাম নিচ্ছিল। তখন রাজিন আর রণন পূর্ব পাশের ঘরটায় বসে ভাবছিল, এখন কী করা যায়। হঠাৎ নজরে এল, বাগানবাড়ির গাছের নিচে দাদুভাইয়ের বেশ বড় আকারের রামছাগলটা বাঁধা। ছাগলের দুটো বাচ্চা দুধ খাচ্ছে। তাই না দেখে রাজিন রণনকে বলল—চল, আমরা দুজন ওই ছাগলটার দুধ খাব।কীভাবে!দুর বোকা। বাচ্চাগুলো যেভাবে দুধের বাঁটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে, আমরাও সেভাবে খাব। চল।রাজিন-রণন দুজনই ছাগলের কাছে গিয়ে বাচ্চা দুটোকে সরিয়ে দিল। এরপর রাজিন রণনকে বলল, তুই ছাগলের পেছনের পা দুটো শক্ত করে ধরে রাখ।রাজিনের কথামতো রণন তা-ই করল। কিন্তু রণন কোনোভাবেই ছাগলটার পা ধরে রাখতে পারল না।এখন কী করা! হঠাৎ রণনের মাথায় বুদ্ধি এল। সে রাজিনকে বলল, ভাইয়া ওই যে কাঁঠালগাছ দেখছো, তার পাতা নিয়ে আসি।তোর সব আজগুবি বুদ্ধি। কাঁঠালপাতা দিয়ে কী হবে?শোনো, কাঁঠালপাতা হলো ছাগলের খুব প্রিয়। তার সামনে কাঁঠালপাতা রাখলে ছাগলটা স্থির দাঁড়িয়ে কাঁঠালপাতা খেতে থাকবে। আর তখনই তুমি ছাগলের দুধের বাঁটে মুখ লাগিয়ে দুধ খেয়ে নেবে।বাহ্! তোর বুদ্ধির তারিফ করতে হয়।রণন দৌড়ে গিয়ে কাঁঠালগাছের ঝরে পড়া বেশ কিছু পাতা কুড়িয়ে এনে ছাগলটার সামনে রাখল। ছাগল একটা-দুটো করে কাঁঠালপাতা খেতে লাগল। রাজিন এদিক-ওদিক তাকিয়ে নিয়ে তার মুখটা দুধের বাঁটে লাগিয়ে দিতেই বিপত্তি ঘটে গেল। ছাগল পেছনের একটা পা দিয়ে মারল লাথি। ভাগ্যিস, ছাগলের লাথিটা রাজিনের মুখে গিয়ে পড়েনি। শুধু লাথি নয়, তার সঙ্গে ছাগলটা ভ্যাঁ করে মনিবকেও ডাকল। মনিব হলেন রাজিনের নানুভাই। কে রে...রণন দাদুভাইয়ের গলা শুনেই দে দৌড়। সঙ্গে রাজিন। দুই ভাই দৌড়ে গিয়ে একেবারে দাদু আপার কাছে। তিনি জিজ্ঞেস করলেন, কী হয়েছে রে সোনারা? এমন সময় দাদুভাই এসে উপস্থিত। তিনি বললেন, কী আর হবে? আমার ছাগলের দুধ খেতে গিয়ে উল্টো তারা ছাগলের লাথি খেল।রণন কাঁদো কাঁদো স্বরে বলল, না দাদুভাই...। আমি জানালা দিয়ে সব দেখেছি। এদিকে আয়, তোদের কানগুলো বাড়িয়ে দে।কানগুলো বাড়িয়ে দেব? এই নাও...। বলেই দুই ভাই দে দৌড়, একেবারে দূর মাঠে।এরপর বিকেল গড়িয়ে সন্ধে হলো। দুই ভাইয়ের ফেরার নাম নেই। দাদুভাই, ছোট চাচা, কাজের লোকসহ সবাই খুঁজতে বের হলো। রাজিন কই...রণন কই...। হাটে, মাঠে, বাগানে কোথাও পাওয়া গেল না তাদের। গেল কোথায়?রাজিন-রণন দাদুভাইয়ের তাড়া খেয়ে একেবারে কলেজের মাঠে ফুটবল খেলা দেখতে চলে গেল। খেলা শেষ হতে প্রায় সন্ধে হয়ে গেল। দুই ভাই বাড়ির দিকে রওনা হলো। বাড়ির কাছে আসতে আসতে অন্ধকার নেমে এল। হঠাৎ বাড়ির পাশটায় বাঁশঝাড়ে রাজিন দেখতে পেল জোনাকিরা মিটমিট করে আলো ছড়াচ্ছে। সে রণনকে বলল—রণন, দেখ দেখ, জোনাকিরা কী সুন্দর জ্বলছে আর নিভছে!হ্যাঁ, তাই তো। চল কতগুলো জোনাকি ধরে বাড়ি নিয়ে যাই।তা নেওয়া যায়। কিন্তু কীভাবে?রণন কিছুক্ষণ চিন্তা করে বলল—এই যে পানির বোতল কিনেছিলাম, তাতেই জোনাকি ধরে ঢুকিয়ে নেওয়া যায়।হ্যাঁ, তা নেওয়া যাবে, তবে বোতলে ছিপি দেওয়া যাবে না।কেন?আরে অক্সিজেন না পেলে জোনাকিরা যে মরে যাবে।ঠিক আছে, তা-ই হবে। ছিপি লাগব না। বোতলের মুখে আমার রুমালটা বেঁধে দেব।রাজিন-রণন দুই ভাই মিলে অনেক জোনাকি বোতলে ভরে নিয়ে বাড়িতে এসে চুপটি করে দাদু আপার ঘরে ঢুকল। দাদু আপা তাদের দেখতে পেয়েই হাউমাউ করে কাঁদতে কাঁদতে তাদের জড়িয়ে ধরলেন।কোথায় গিয়েছিলে দুই ভাই। আল্লাহ তোমার কাছে হাজার শোকর, আমার ভাইদের আমার কাছে ফিরিয়ে দিয়েছ।দাদু আপার কান্না শুনে বাড়ির সবাই তাঁর ঘরে এল। দাদুভাই গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন,এই, দুই দুষ্টু কোথায় গিয়েছিলি?রাজিন বলল, বল খেলা দেখতে গিয়েছিলাম কলেজের মাঠে।তা এত দেরি হলো কেন? হাতে ওটা কী?জোনাকিভরা বোতল, নানুভাই।কী করা হবে তা দিয়ে?রণন বলল, দাদুভাই, যখন কারেন্ট চলে যাবে, তখন জোনাকির আলো...।ঠিক তক্ষুনি লোডশেডিংয়ের কারণে বাড়ির বৈদ্যুতিক বাতিগুলো নিভে গেল। কিন্তু তখনো বোতলে করে আনা রাজিন-রণনের জোনাকিরা মিটমিট করে আলো দিয়ে যাচ্ছিল। রণন দাদুকে বলল, এবার বুঝলে দাদু, কেন জোনাকিগুলো নিয়ে এলাম?সবই বুঝলাম। কিন্তু তোরা যে অন্ধকারে বাঁশঝাড়ে জোনাকি ধরতে গেলি, তখন সাপ বা বিষাক্ত কোনো পোকায় কামড়ালে কী বিপদ হয়ে যেত, ভেবে দেখেছিস?রাজিন বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, হ্যাঁ, নানুভাই ঠিকই বলেছ। বিষয়টি তখন আমাদের মাথায় আসেনি।আসবে কীভাবে? সারা দিন তো দুষ্টুবুদ্ধি মাথায় খেলতে থাকে। দাদু আপা এবার নড়েচড়ে বসলেন। বললেন, ওরা ছেলেমানুষ। ওরা এখন দুষ্টুমি না করলে কি বুড়ো হলে করবে?ঠিক আছে, আমি সব মেনে নিলাম। কিন্তু তাদের আমার একটা কথা শুনতে হবে। তা হলো...রাজিন-রণন একসঙ্গে বলে উঠল—বলো, আমরা অবশ্যই শুনব।জোনাকিদের এভাবে বোতলে বন্দী করে রেখো না। ওদের ছেড়ে দাও।রণন বোতলের মুখ থেকে রুমালটি সরিয়ে নিল। জোনাকিরা ধীরে ধীরে বোতল থেকে বের হয়ে উড়ে গেল। দেখতে দেখতে রাজিন-রণনের নানু-দাদুর বাড়িতে পনেরো দিন কেটে গেল। এবার যাওয়ার পালা। রাজিন যাবে ঢাকায় আর রণন দিনাজপুরে। রাজিনের মামা সৌরভ তাদের ঢাকা ও দিনাজপুরে পৌঁছে দেবে। শুক্রবার। বাড়ির সামনে ভ্যান এল। রাজিন ও রণন বিদায় নিয়ে ভ্যানে উঠে বসল। সঙ্গে সৌরভও। ভ্যান চলতে লাগল। দাদুভাই আর দাদু আপার চোখ ভিজে এল। রাজিন-রণন অপলক দৃষ্টিতে চেয়ে রইল দাদু-নানুর বাড়ির দিকে।