রাফটি টাফটির অ্যাডভেঞ্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট একটা খরগোশ মনের সুখে খেলছে। একটা কাঠের গুঁড়ির ওপর লাফিয়ে উঠছে, আবার গড়িয়ে নিচে পড়ছে, কখনো বাঁধাকপি আর একমুঠো কচি ঘাস মুখে পুরে চিবুচ্ছে, কখনো বা কুট্টুস কাট্টুস কামড়ে কচমচ করে খাচ্ছে গাজর।তোমরা এতক্ষণ যে ছোট্ট খরগোশের কথা শুনলে তার নাম তো জানতে চাইলে না! আর আমিও বোকা, নাম ছাড়াই একজনের গল্প করছি। ওর নাম রাফটি টাফটি। খুব অদ্ভুত আর অন্যরকম, তাই না? পৃথিবীর আর কারোর এ রকম নাম হয় বলে শুনেছ? যা বলছিলাম, খেলতে খেলতে ক্লান্ত রাফটি টাফটি ঘুমিয়ে পড়ল। সে হাওয়ায় ভাসছে, ভাসছে...হঠাৎ পা দুটো গোল আর শক্ত কিসের গায়ে গেল ঠেকে। ঘুম গেল ভেঙে। ছোট্ট মাথাটা চিন্তায় অস্থির।কী ছিল ওটা...কী ছিল ওটা! পৃথিবী নয় তো? আচ্ছা, পৃথিবী দেখতে কেমন? জানি না। আর সবাই নিশ্চয় জানে...ভাবতে সময় লাগলেও এক দৌড়ে নিজেদের বাড়ির কাছে আসতে রাফটি টাফটির একমুহূর্তের বেশি লাগল না।শোনো, চুপিচুপি একটা কথা বলি। কাউকে বোলো না। ছোট্ট খরগোশ যে এতদ্রুত দৌড়াতে পারে, তা আমি আজ জানলাম। রাফটি টাফটি যাকে পায়, ও বাড়ির হাম্বা জেঠু, উঠানের পাশের ঘরের রাজহংসী মামি, ছাগ ভাইয়া, মুরগি দিদি, বাবা-মা সবাইকে জিজ্ঞেস করল, বলতে পারো পৃথিবীটা দেখতে কেমন?মা বললেন, পৃথিবী একটা বড় সমান জায়গা।বাবা বললেন, না, হলো না। পৃথিবীটা সবদিকে সমান চারকোনা কিছু। কেউ ঠিকমতো কিছু বলতে পারল না। কেউ কারও কথা মানতেও পারল না।ছোট্ট রাফটি টাফটি স্বপ্নের কথা ভাবে আর ভাবে। এক সুন্দর সন্ধ্যায় সে দেখল, আমগাছের সবচেয়ে কাছের মোটা ডালটিতে কে যেন বসে আছে। কাছে গিয়ে দেখে, পেঁচা দাদু। তাদের গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ। ভালো লাগে রাফটি টাফটির। কত পড়াশোনা দাদুর। ছোট্ট চোখ দুটোতে ঠিকমতো দেখতে পায় না। তাও চশমা এঁটে কত যে বই পড়ে! বুড়ো পেঁচা দাদু তাকে জানাল, শোনো, পৃথিবীটা গোল।প্রতি রাতে রাফটি টাফটির স্বপ্নে গোল দেখতে একটা কিছু আসে আর যায়। একদিন সকালে ঘুম থেকে জেগে সে সবাইকে বিদায় জানাল। নিজের চোখে পৃথিবীটা দেখতে বের হলো।যা চাই, চেষ্টা করলে তা পাওয়া যায়, পেঁচা দাদুর ওই কথা তো তার মনে আছে।চলতে চলতে একটা কাঠের বেড়া দেখে সে থামল। ছোট্ট গর্তে হোঁচট খেয়ে গিয়ে পড়ল একেবারে সবজি বাগানের ভেতরে। সে বাগানের চারপাশটা অবাক হয়ে ঘুরে ঘুরে দেখতে লাগল। কত রকমের সবজি! গাজর, ব্রকলি বাঁধাকপি, শসা, ফুলকপি, লাল-সবুজ শাক—কী সজীব আর সুন্দর দেখতে। আহা! দেখে দুই চোখ জোড়াল। ঘুরতে ঘুরতে রাফটি টাফটির খুব খিদে পেল। ওইটুকুন ছোট্ট খরগোশ, সেই কখন পৃথিবী দেখবে বলে বেরিয়েছে। খেত থেকে একটা বাঁধাকপি তুলল সে। একটু একটু করে যখন সে খাচ্ছে, দেখল একটা বড় গোল মিষ্টিকুমড়ো।পৃ-থি-বী!রাফটি টাফটি খাবার ফেলে চিৎকার করে উঠল। দৌড়ে গেল কুমড়োটার কাছে। নিঃশ্বাস ফেলতেও ভুলে গেছে। এক লাফে কুমড়োটার গায়ে নখের আঁচড় বসিয়ে দিল।আমার স্বপ্নের মতো শ-ক্-ত।তারপর এক লাফে উঠে পড়ল কুমড়োটার ওপর। ঠিক মাঝখানে। খুব সাবধানে খেয়াল করে দেখল। তারপর অন্যদিকে নেমে পড়ল।ঠিক তখনই মিস্টার ব্রাউন এল, আর দেখল কুমড়োর পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট খরগোশ। সে রাফটি টাফটিকে দেখে এত জোরে চিৎকার করল, বেচারা ভয় পেল ভীষণ। বেড়ার ছোট্ট ফোকর দিয়ে দে ছুট। এক দৌড়ে বাড়ি পৌঁছাল। হাঁপাতে হাঁপাতে দমটা না ফেলেই মাকে বলল, পেঁচা দাদুই ঠিক কথা বলেছে। পৃথিবীটা সত্যিই গোল। পু-রো পৃথিবী ঘুরে দেখেছি আমি।ইন্টারনেট থেকেঅনুবাদ: মারুফা রহমান