
নাম রিজাউল হক মৃধা। মা তাকে কী নামে ডাকতেন? কিংবা বন্ধুরা? সে কথা আমরা জানি না।
রিজাউল কি ফুটবল খেলতে ভালোবাসত? দুষ্টু ছিল, নাকি খুব শান্ত? বড় হয়ে কী হতে চেয়েছিল? এসবও আমাদের জানা নেই।
শুধু জানি, দেশকে খুব ভালোবাসত ফরিদপুরের বনচাকি গ্রামের বাসিন্দা রিজাউল হক মৃধা।
১৯৭১ সাল। রিজাউল যখন অষ্টম শ্রেণিতে পড়ে, তখন দেশে শুরু হলো যুদ্ধ। কতই বা বয়স ছিল তার? তোমার সমান বা তোমার চেয়ে একটু বড়। একটুখানি ছোটও হতে পারে। সেই বয়সেই সে যুদ্ধে গেল। ভারতের চাকুলিয়ায় ট্রেনিং শেষ করে যোগ দিল ৮ নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের দলে। পাকিস্তানি বাহিনির বিরুদ্ধে বিভিন্ন অপারেশনে অংশ নিয়েছিল সে।
৭ ডিসেম্বর যুদ্ধে শহীদ হয়েছিল রিজাউল। মৃত্যুর পর তার পাঠ্যবইয়ের পাতায় পাওয়া গেছে কিছু লেখা। কোন সময়ে কে জানে, রিজাউল লিখেছে, ‘বাংলার জয় অবশ্যম্ভাবী, বাংলার জয় হবেই। জয় বাংলা।’ সঙ্গে আরও লেখা আছে, ‘এই বইয়ের পাতায় আমি লিখে দিলাম আলপনা, আমার লেখা কইবে কথা যখন আমি থাকব না।’
সত্যিই তো। রিজাউল নেই। কিন্তু তার লেখা ‘আলপনা’ ঠিকই কথা বলে। কী কথা? শুনতে চাও? স্কুলের অ্যাসেম্বলিতে যখন দাঁড়াও, সামনে পতপত করে ওড়ে আমাদের লাল সবুজ পতাকা। বন্ধুদের সঙ্গে তুমি গাও, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ তখন চোখ বুজে রিজাউলের কথা ভেবো, ঠিকই তার কথা শুনতে পাবে!
জানা-অজানা অগণিত রেজাউল প্রাণের বিনিময়ে আমাদের একটা দেশ দিয়ে গেছে। সেই দেশটা আমরা অনেক যত্নে আগলে রাখব। ঠিক যেভাবে মাকে তুমি ভালোবেসে জড়িয়ে ধরো, সেভাবে।