ঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০১১ সালে পুরস্কার পাওয়া গল্পগুলো ছাপা হচ্ছে: খ-বিভাগ দ্বিতীয়
রিপোর্ট কার্ড
কঙ্কনাতৃতীয় শ্রেণী রহিমা খাতুন উচ্চবিদ্যালয়।একুশে বইমেলা থেকে কেনা শিপু সাহিলের লেখা রূপকথার ডালির মলাটের শক্ত পাতাটি উল্টালেই চোখে পড়বে কঙ্কনার স্কুলের পরিচয়, কঙ্কনা কখনো বইয়ে বাসার ঠিকানা লিখে না। তার বাবার বদলির চাকরি। গত তিন বছরে তিন জেলার তিনটি স্কুলে তাকে পড়তে হয়েছে। এখন তারা ঢাকায়। বাবাকে বলতে শুনেছে, অনেক চেষ্টা-তদবির করে ঢাকায় পোস্টিং নিয়েছেন। কতবার তাদের ঠিকানা পাল্টেছে। বাসা পাল্টানোর ঝামেলা কঙ্কনাকেও পেয়ে বসত, তার প্রিয় গল্পের বইগুলো কোথাও ফেলে আসা হচ্ছে না তো? সে বারবার তার দড়ি দিয়ে বাঁধা বইগুলো গুনে গুনে দেখত। বইগুলো গোছাতও নিজে। এতেই তার বিরক্তি। তাই বইয়ে বাসার ঠিকানা লিখতে ইচ্ছা হতো না তার। কিন্তু স্কুলের নাম, কোন ক্লাসে, কোন স্কুলে পড়েছে—সবকিছু এ বই থেকে খুঁজে নেবে সে একদিন। এসব কিছুর মাঝেও একটি কাজ সে অজান্তেই করে যাচ্ছে, তা হলো কোন ক্লাসে সে কোন বই পড়েছে বা কিনেছে, সেটাও লেখা হয়ে যাচ্ছে বইয়ে। ওর মা-ই এ কথা তাকে বলেছেন।‘ও মা, তাই তো’ অবাক দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলেছে সে। মা তার সব সময়কার সাথি। ওর বাবা ডাক্তার হলেও মা যে ডাক্তার হননি, এতে সে ভীষণ খুশি। মায়ের সঙ্গ পাচ্ছে সব সময়। স্কুলে মাকে নিয়ে প্যারাগ্রাফ লিখতে গিয়ে সে জেনেছে ‘হাউস ওয়াইফ’ মানে গৃহিণী। সে থেকে মাকে দুষ্টুমি করে ডাকে গৃহিণী বলে। ওর মা ওকে আদর করে ডাকেন কঙ্কু বলে। মায়ের সঙ্গেই তার আড়ি পাতানো। স্কুলে সময়টুকুতেই সে মা ছাড়া থাকতে পারে। এ ছাড়া নয়। সারাক্ষণ তার মাকে লাগবেই।স্কুলশিক্ষকের কাছে পড়ার সময় মা-ও বাইরে বসেন দরজার সোজাসুজি। তিনি খেয়াল রাখতে চেষ্টা করেন, শিক্ষক কী পড়াচ্ছেন এবং কঙ্কনার মনোযোগের মাত্রাটুকুও বোঝার চেষ্টা করেন বাইরে থেকে। কখনো এদিক-সেদিক হলে কঙ্কনাকে বকতে তিনি ভুল করেন না। সন্ধ্যার পরপরই কঙ্কনার স্কুলের কাজ, কোচিংয়ের পড়াগুলো ঠিকঠাকমতো গুছিয়ে দেন তিনি। বার্ষিক পরীক্ষার মাত্র মাস খানেক আগে থেকেই আয়েশা ম্যাডামের কাছে পড়তে শুরু করেছে। এ কাজে বাবার আপত্তি থাকলেও মায়ের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ‘মেয়ে যেসব পরীক্ষায় খুব ভালো করছে না, তার জন্য তো তোমাকে মুখ দেখাতে হয় না। স্কুলে আনা-নেওয়া করতে হয় আমাকেই। যারা স্কুল টিচারের কাছে পড়ছে তাদের মায়েদের হাসিমুখ আমাকেই দেখতে হয়।’—এ কথাগুলো বেশ রাগের সঙ্গে তার মা বলছিলেন ওর ডাক্তার বাবাকে।আজ ৩০ ডিসেম্বর। বার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ড নিতে খুব সেজেগুজে এসেছেন কঙ্কনার মা রোমানা। কঙ্কনাকে স্কুল গেটের ভেতর ঢোকানোর আগে মা বলেছেন, ‘তোমাকে ক্লাসে ১ থেকে ১০-এর মধ্যে থাকতে হবে।’‘আচ্ছা মা’, বলে কঙ্কনা দৌড়ে স্কুল গেটের ভেতর ঢুকে গেছে।তৃতীয় শ্রেণীর দুটো শাখার ক্লাসই বিল্ডিংয়ের তৃতীয় তলায়। কঙ্কনা সিঁড়ির একটি ধাপে উঠছে আর গুনছে এক। দ্বিতীয় ধাপে উঠছে আর গুনছে দুই, তৃতীয় ধাপে তিন। এভাবে দশম ধাপে দশ গোনার পর আবার গোনে এক, দুই, তিন...।সে গুনছে আর ভাবছে, ক্লাসে এক থেকে দশের মধ্যে তার স্থানটি কি হবে? কততমই বা হবে? খুব কি সহজ হবে? সহজ হবেই না বা কেন? দ্বিতীয় সাময়িক পরীক্ষার রেজাল্ট খুব ভালো না হওয়ায় মা বাবাকে রাজি করালেন। কঙ্কনা পড়তে শুরু করল স্কুল টিচারদের কাছে।ক্লাসে বইয়ের সব অঙ্ক করানো হতো না। বেশির ভাগ অঙ্কই থাকত বাড়ির কাজের জন্য। কঙ্কনা প্রতিদিন বাড়ির কাজ নিয়ে আসত। রহমত স্যার এক এক করে খাতা দেখতে দেখতে বলতেন, ‘তোমরা কিন্তু অনেকে আমার নিয়মে অঙ্ক করোনি।’বার্ষিক পরীক্ষায় কঙ্কনা রহমত স্যারের নিয়মে অঙ্ক করতে পেরেছে। অঙ্ক পরীক্ষার আগের দিন রহমত স্যারের কোচিংয়ের পরীক্ষায় সে ৯৫ পেয়েছে। কাজেই অঙ্ক নিয়ে তার এখন চিন্তা নেই। আর বিজ্ঞান পরীক্ষায় রহমত স্যারের নোটের দাঁড়ি-কমাও বাদ পড়েনি।কঙ্কনা ধাপ গুনছে আর উঠছে ওপরে। এ স্কুলে সে তৃতীয় শ্রেণীর ক্লাস শুরু করেছিল এ বছরের ফেব্রুয়ারি মাসে। শ্রেণীশিক্ষক শিরিন আপা রোল কল করছিলেন। প্রথম ক্লাসে ঢোকার আগে কঙ্কনা দরজায় দাঁড়িয়ে বলেছিল, ‘আসতে পারি, ম্যাডাম।’ ম্যাডাম মিষ্টি হেসে বলেছিল, ‘তুমি তো নতুন ভর্তি হয়েছ, তাই না?’জি, ম্যাডাম।শিরিন আপা বাংলা পড়াতে পড়াতে একদিন বোর্ডে তাঁর মোবাইল নম্বর আর বাসার ঠিকানা লিখে দিয়েছিলেন। ঠিক কোন দিন, কঙ্কনা তা সিঁড়ি ভাঙতে ভাঙতে মনে করতে পারছে না। সে ডায়েরিতে লিখে তার মাকে সেই ঠিকানা দেখিয়েছিল। দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর অনেক খোঁজাখুঁজির পর পুরোনো বইপত্রের মাঝ থেকে সেই খাতা বের করলেন তার মা। দেখলেন স্কুলের কাছেই। ভাবলেন, সকালে ওনার কাছে পড়েই স্কুলে যেতে খুব বেশি সময় লাগবে না। সেই থেকে শুরু। কঙ্কনা শিরিন আপার বাসায় প্রতি সপ্তাহে দুই দিন করে যেতে লাগল। বার্ষিক পরীক্ষার বাংলা কবিতা, গদ্য, রচনা, ব্যাকরণের কোনো প্রশ্নই ওর জানার বাইরে থেকে আসেনি। সত্যিই গ্রেট শিরিন আপা।ইংরেজি পরীক্ষাও খুব ভালো হয়েছে। লাকী আপাও গ্রেট। উনি কঙ্কনাকে তাঁর বাসায় পড়াতে সম্মত হয়েছিলেন। কঙ্কনা সিঁড়ি ভাঙছে আর গুনছে—পাঁচ, ছয়। তার ভয় জাগে, প্রথম সাময়িক পরীক্ষায় ইংরেজি খাতায় দুটো প্রশ্নের উত্তর হওয়া সত্ত্বেও মার্ক দেননি টিচার। এমন ঘটনা ঘটবে না তো এবার? যদিও ইংরেজি ম্যাডাম লাকী আপাকে দেখাতেই, ‘সরি, আমি খেয়াল করিনি’ বলে কিছু নম্বর যোগ করলেন কঙ্কনার খাতায়। এবার সে সুযোগ কি থাকবে? নম্বর সোজাসুজি উঠে যাবে রিপোর্ট কার্ডে।আজ কেন জানি তার সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে। সে কি পারবে মায়ের ইচ্ছা পূরণ করতে? চোখের পাতা ভার হয়ে আসছে তার। চোখের সামনে যেন অনেক ঝিঁঝি পোকা উড়ছে, দুই হাত দিয়ে চোখ চেপে ধরে সে, মাথা ঝিমঝিম করে ওঠে। ক্লাসে ঢুকতেই সে মাথা ঘুরে পড়ে যায় ক্লাসের প্রথম টেবিলের কাছে।কিছুক্ষণের মধ্যে খবর পৌঁছে যায় গেটের ও-পাশে ওর মায়ের কাছে। কঙ্কনাকে বাসায় আনা হলো। ওর বাবা মেডিকেল কলেজ থেকে এসে কঙ্কনার ঘরে ঢুকে বিছানার কাছে বসেন। হাত রাখলেন ওর কপালে। সে একটু একটু করে চোখ খুলে তাকাল। কঙ্কনার মা এসে বলল, ‘এখন কেমন লাগছে, মা?’ সে কোনো জবাব দিল না। উঠে একটু বসল বিছানায়, ওর মা ড্রয়ার থেকে রিপোর্ট কার্ড বের করে ওর সম্মুখে এনেই বলছিলেন, ‘তুমি তো অনেক ভালো করেছ, মা।’ কিন্তু কঙ্কনার কানে যেন কিছু পৌঁছায় না। সে মাথার দুই পাশে হাত দিয়ে খাটেই ঠাস করে পড়ে যায়। চোখে-মুখে পানি ছিটানো হয়। ওর বাবা বললেন, ‘তুমি আবার ওকে এখন রিপোর্ট কার্ড দেখাতে গেলে কেন? ওর শরীর দুর্বল, ওর বিশ্রামের প্রয়োজন।’ মা বললেন, ‘সে যে ক্লাসে তৃতীয় হয়েছে, ভেবেছিলাম এটা শুনে খুব খুশি হবে।’অনেক রাগ হলেও কঙ্কনার বাবা খুব আস্তেই বললেন, ‘আজ অন্তত ওর সামনে রিপোর্ট কার্ডটা নিয়ে এসো না। এটা নিয়ে তুমিই খুশি থাকো, ওকে খুশি করবার দরকার নেই।’মা বিছানায় শুয়ে কঙ্কনাকে জড়িয়ে ধরে রইলেন। কিছুক্ষণ পর কঙ্কনার সাড়া পেতেই মা বললেন, ‘খিদে পেয়েছে, মা?’ কঙ্কনা হ্যাঁ-সূচক মাথা নেড়ে বলল, ‘হুঁ’।‘গরম গরম দুধ খাবে?’‘হুঁ।’ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখা, ঢাকা।