রুনু, মিনু ও কোয়েল পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চর্যার দাদু চোখে ঝাপসা দেখেন। হাঁটতে অসুবিধা হয়। চর্যার বাবা-মা অফিসে। চর্যা তখন স্কুলে। চর্যার দাদুর সময় কাটে না। চর্যার বাবা চারটে কোয়েল পাখি কিনে আনেন। তিনটা স্ত্রী কোয়েল, একটা পুরুষ-কোয়েল। কোয়েল চারটি বারান্দায় ছেড়ে দেওয়া হয়। সারা দিন বারান্দায় ঘুরে খুঁটে খাচ্ছে। পুরুষ কোয়েলটা টবের আড়ালে আড়ালে থাকে। একটু পর পর ডেকে ওঠে। চর্যা ভাত, চাল, ডাল খেতে দিচ্ছে। পাখিগুলো সারা ঘরে হাঁটছে। মাঝে মাঝেই উড়াল দিচ্ছে। চর্যার দাদু সারা দিন বসে বসে দেখেন, খাবার দেন, পানি দেন। চর্যারা ছয়তলায় থাকে। একদিন সন্ধ্যার সময় কোয়েলগুলো ছয়তলার বারান্দা থেকে উড়াল দিয়ে বেরিয়ে যায়। দুই দিন ধরে চর্যা তাদের বাসার চারপাশে ঝোপঝাড়, বাগানে খুঁজেছে। তারপর অনেক দিন চর্যার বন্ধুরাও অনেক খুঁজেছে। আর পাওয়া যায়নি।চর্যা স্কুলে যায় সাড়ে ১০টায়। এ সময়টা চর্যার দাদু একা। একদিন স্কুল থেকে ফেরার পথে চর্যা দুটো হলুদ রঙের মুরগির বাচ্চা কিনে নিয়ে আসে। খাঁচার মধ্যে বাচ্চা দুটোকে চালের গুঁড়া দেন চর্যার দাদু। মাঝে মাঝে বাচ্চা দুটোকে ছেড়ে দেওয়া হয়। একটা বাচ্চা একটু বড়, অন্যটা একটু ছোট। এরা সারা ঘরে ঘুরে ঘুরে খুঁটে খুঁটে খায়।চর্যার দাদু চোখে ভালো দেখেন না। দেয়াল ধরে ধরে হাঁটেন। মুরগির বাচ্চা দুটো কোথায়? বারান্দায় গেলে কাকে ধরে নিয়ে যাবে—এ জন্য তিনি দেয়াল ধরে হাঁটতে হাঁটতে খোঁজেন আর বলেন, ‘চর্যা, দেখো, মুরগির বাচ্চাগুলি যেন বারান্দায় না যায়।’ ঘরময় বাচ্চা দুটো হেঁটে বেড়ায়। চর্যা বাচ্চাগুলোর নাম রাখে রুনু-মিনু। বড়টার নাম রুনু আর মিনু ছোটটার নাম। রুনু হয়তো একটা তেলাপোকা খুঁজে পেল, মিনু তক্ষুনি পিছু পিছু দৌড়াচ্ছে ঘরময়। আর অনবরত ডাকছে। টেবিলের নিচ দিয়ে দৌড়াচ্ছে। চর্যার পান্না ফুফু খুব বিরক্ত রুনু-মিনুর ওপর। সারা ঘরে রুনু-মিনু এখানে-সেখানে বিষ্ঠা ছড়াচ্ছে। রুনু-মিনু একটু বড় হয়েছে। গায়ের রং হলুদ থেকে সাদা হচ্ছে। আর সাদা রংটা ধুলোবালিতে ছাই রং হয়েছে। চর্যার পান্না ফুফু বলেন, ‘সাবান দিয়া গোসল করাইয়া দিমু নাকি।’ চর্যার দাদু বললেন, ‘পান্না, মইরা যাইবো।’ চর্যার আস্তে আস্তে রুনু-মিনুর প্রতি আগ্রহ কমতে থাকে। মুরগির বাচ্চা দুটোর দেখাশোনা করেন চর্যার দাদু আর বাবা। তিন মাসে রুনু-মিনু বড় হয়েছে। এখন রুনু-মিনু লাফ দিয়ে খাটে ওঠে। সোফার ওপর বসে থাকে। বইয়ের ফাঁকফোকরে তেলাপোকা খোঁজে। একদিন চর্যার পান্না ফুফু দেখেন, মিনু ঝিমোচ্ছে। চর্যার বাবা এক পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ওষুধ দিলেন। কিছুতে কিছু হলো না। রুনু-মিনু বসে ঝিমায়। ঝিমুনি থেকে ঝাড়া দিয়ে কক করে ডেকে ওঠে। রুনু-মিনু কিছু খাচ্ছে না। রুনু-মিনুর খাঁচার পাশে চর্যার ফুফাতো বোন মারওয়া বসে আছে। বাসার সবার মন খারাপ। চর্যার দাদু মোবাইল ফোনে রুনু-মিনুর অসুখের কথা জানাচ্ছেন। চর্যার ফুফাতো বোন মারওয়া বলল, ‘রুনু-মিনুকে জবাই করে চর্যাকে রোস্ট করে দাও।’ চর্যার দাদু খেপে যান, ‘তোমরা কী ধরনের কথা বলো? এটাকে পালছি জবাই করার জন্য?’ সকালে রুনু-মিনু মারা যাচ্ছে। চর্যা, দাদু রুনু-মিনুর খাঁচার পাশে বসে আছেন। চর্যা কাঁদছে।