রুনুর অপেক্ষা
স্কুলে রুনুর কোনো বন্ধু নেই। রুনু কারও সঙ্গে সেভাবে মিশতে পারে না। একা একা টিফিন খায়, একা একা বসে থাকে, টিচার বকা দিলে একা একাই কাঁদতে থাকে। বাসায় ফেরার পর অবশ্য তার খুব ভালো লাগে। কারণ, এখানে তার একটি বন্ধু আছে। পড়ার রুমের পাশে দাঁড়ানো ছোট্ট আমগাছ। রুনু খেয়াল করেছে, যখনই তার মন খারাপ থাকে, আমগাছেরও যেন মন খারাপ করে। চুপচাপ গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। আর মন ভালো হয়ে গেলে কী সুন্দর দুলে দুলে মাথা নাড়ায়, সরসর করে পাতাগুলো ফিসফিস কথা বলে। রুনু সঙ্গে সঙ্গে জানালা ঘেঁষে দাঁড়ায়। পাতাগুলো হাত মেলায় তার সঙ্গে। গাছবন্ধু নিয়ে রুনু তাই সুখেই থাকে।একটাই কেবল দুঃখ। গাছে কোনো আম নেই। অ-তে ওই অজগর আসছে তেড়ে। আ-তে আমটি আমি খাব পেড়ে। অনেক আগেই পড়েছে সে। তাহলে তার গাছে আম নেই কেন? চিন্তাটা বড় কুরকুর করে তার মাথায়।রুনু একদিন তাই ভয়ে ভয়ে মাকে কথাটা জিজ্ঞেস করে। মা গম্ভীর মুখে উত্তর দেন, ‘সময় হয়নি রুনু। সময় হলে ঠিকই আম ধরবে।’রুনু ভেবেছিল, কবে সময় হবে তা জানতে চাইবে। কিন্তু সাহস পায় না। রুনুর মা-বাবা দুজনেই খুব গম্ভীর প্রকৃতির মানুষ। তাঁদের সবকিছুই মাপা-মাপা, খাওয়াদাওয়া, চলাফেরা, ঘুম এমনকি কথাবার্তাও। রুনুর সঙ্গেও তাঁরা খুব একটা কথা বলেন না। আদরের সময় আদর, খাওয়ার সময় খাওয়া আর ঘুমের সময় কপালে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দেন। মা রুনুকে প্রায়ই উপদেশ দেন, ‘হড়বড় করে একগাদা কথা বলবে না রুনু। এতে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়।’রুনু অবশ্য ব্যক্তিত্ব শব্দটার মানে বুঝতে পারে না। তবে সে-ও আজকাল চুপচাপ থাকে। কার সঙ্গেই বা কথা বলবে? এক আমগাছ ছাড়া তার সুখ-দুঃখ, আনন্দ-বেদনা শেয়ার করার মতো তো কেউ নেই।কিন্তু আমগাছে আম ধরে না কেন? ভাবতে ভাবতে রুনুর হঠাৎ সুষমের কথা মনে হয়। সুষম তার ক্লাসের ফার্স্ট বয়। থ্রিতে পড়লে কী হবে... এখনই অনেক কিছু জানে সুষম। ক্লাসে প্রথম দিন টিচার সুষমের নাম শুনে হেসে ফেলেছিলেন। টিচারের হাসি দেখে তারাও হেসেছে। মনে হয়েছিল, ‘সুষম’ আবার কেমন নাম?সবার হাসি দেখে টিচার তাড়াতাড়ি লুকিয়ে ফেলেছিলেন নিজের হাসি। তারপর গম্ভীর হয়ে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমরা কি কেউ বলতে পারো, সুষম খাদ্য কী?’ক্লাসের কেউ পারল না। শুধু সুষম বলল—ডিম, দুধ, কলা এগুলোকে বলে সুষম খাদ্য। তারপর যোগ করল, ‘আমি এগুলো সব সময় খাই।’ সুষমের কথা শুনে ক্লাসসুদ্ধ সবাই হেসে উঠল ফিক করে। হাসি শেষে সবাই অবশ্য বুঝতে পেরেছিল, সুষম খাদ্য খেয়ে বড় হওয়া ‘সুষম’ নামের এই ছেলেটা আসলে খুবই বুদ্ধিমান! রুনুর মনে হলো, সুষমকে জিজ্ঞেস করলে তার সমস্যার একটা সমাধান হতে পারে। সুষম অনেক বই পড়ে। সে সব জানে।পরদিন ক্লাসে টিফিনের এক ফাঁকে তাই সুষমকে ধরে রুনু। ‘এ্যাই! আমার আমগাছে আম ধরে না কেন বলো তো?’আমবিষয়ক হঠাৎ এই উদ্ভট প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে যায় সুষমের। তারপর বলল, ‘আম ধরবে কেন রুনু? প্রথমে তো মুকুল আসতে হবে। তোমার গাছে কি মুকুল এসেছে?’রুনুর খুবই লজ্জা লাগছিল। কারণ, মুকুল কী তা-ও সে জানে না।সুষম ধরতে পারে, রুনু আসলে কিছুই বুঝতে পারছে না। তাই খুব চমৎকারভাবে সে বুঝিয়ে দেয় রুনুকে। মুকুল হচ্ছে আমের ফুল। ছোট্ট ছোট্ট সোনালি রঙের ফুল। যেকোনো গাছে প্রথমে ফুল ধরে, তারপর ফল। ফুল না এলে ফল ধরবে কোথা থেকে রুনু!শুনে রুনুর মনে হয়, আরে, এ কথাটা তো সে জানে। ফুল থেকে ফল হয়। বাক্যরচনা করতে গিয়ে শিখেছে। কিন্তু শেখা বাক্যটার কথা ঠিকমতো ভাবেনি বলেই সুষমের সামনে নিজেকে বড় বোকা বোকা লাগে তার।কী আর করা! যেভাবেই হোক জানা তো গেল। বাসায় এসে রুনু তাই আমগাছকে তার মুকুলের কথা জিজ্ঞেস করে। আমগাছ সরসর করে মাথা নাড়ায়। ফিসফিস করে যেন বলে, ‘আমি এখনো তেমন বড় হইনি রুনু।’ কিন্তু রুনুর ধৈর্য ধরে না। আজকাল তার সময় কাটে কবে ফুল ধরবে, সে আশায়। এক দিন যায়, দুই দিন যায় সেই অপেক্ষা আর শেষ হয় না। এরই মধ্যে গাছে উড়ে আসা চড়ুই, কাক, প্রজাপতি সবার সঙ্গেই চমৎকার বন্ধুত্ব হয়ে যায় তার। তারাও আজকাল রুনুর হয়ে বারবার জানতে চায়, কবে গাছ তার ফুল ফোটাবে?বেচারা গাছ এত তাড়াহুড়ায় বড় বিরক্ত হয়। তারপর পাতা নেড়ে নেড়ে দুলে দুলে জবাব দেয়, ‘এত অস্থির কেন রুনু? অপেক্ষা করো। ভালো কিছু পেতে হলে সব সময় অপেক্ষা করতে হয়।’শুনে রুনুর বড় আনন্দ হয়। আরও একটি জ্ঞানের কথা জানা গেল বলে। এভাবে একদিন সে নিশ্চয়ই অনেক বড় জ্ঞানী হবে। তারপর হেসে বলে, ‘ঠিক। আমি অপেক্ষা করব। ভালো কিছুর জন্য সারা জীবন অপেক্ষা করা যায়।’শুনে কাক, চড়ুই, প্রজাপতি এমনকি দেয়ালের টিকটিকিটাও বলে ওঠে: ঠিক-ঠিক-ঠিক।