রূপকথার দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি একদিন পাখি হয়ে যাব। পাখিদের মতো গাছের উঁচু ডালে গিয়ে বসব। তারপর একদিন দূরের আকাশে উড়ে যাব। তারপর উড়তে উড়তে চলে যাব তেপান্তরের দেশে। অচিনপুরে গিয়ে মুক্তার ফল খাব। দুধসাগরে দুধ খাব। রাক্ষসদের মারব। খোক্কসদের মারব। রাজপুত্রের সঙ্গে যাব দূরপাহাড়ে, যেখানে রাজকন্যা বন্দী হয়ে আছে।রাজপুত্র বলবে,আমি নাকি হীরামন পাখি। আমি নাকি সব দেখতে পাই। আমি নাকি মানুষের উপকার করি। আমি হীরামন পাখি হয়ে যেতে চাই।দুইআমি খাঁচায় বন্দী থাকতে চাই না। আমি উড়ে উড়ে বহু দূরে চলে যেতে চাই, যেখানে শহর থাকবে না, গাড়ি থাকবে না, হইচই থাকবে না, মানুষের ভিড় থাকবে না। শান্ত, নিরিবিলি রূপকথার দেশে আমি চলে যেতে চাই।‘রূপকথার দেশটা কেমন?’ আমি জানতে চাই।‘কেমন আবার! একেবারেই অন্য রকম।’বলেন আমার দাদু।‘সেখানে কীভাবে যাওয়া যায়?’‘সেটা জানি না, নাতি। যদি জানতাম, তবে আমি কি বসে থাকতাম? আমিও চলে যেতাম রূপকথার দেশে। জানোই তো নাতি—রূপকথার দেশটা বড় সুন্দর। সেখানে কেবলই সুখ আর আনন্দ। সবার মুখে হাসি আর গান। দুঃখ কাকে বলে কেউ জানে না। রূপকথার দেশে দুঃখের কোনো স্থান নেই। সেখানে অফুরন্ত খাবার। খাবারের কোনো অভাব নেই। আর কী?’জানতে চাই আমি আরও। দাদু বলেন,‘রূপকথার দেশের গল্প বলে শেষ করা যাবে না। অনেক গল্প।’দাদু শোনাতে থাকেন, ‘রূপকথার দেশে অন্ধকার নামে না। সেখানে থাকে মনোরম চাঁদের আলো। সারা বছর সেখানে বয়ে যায় বসন্তের মৃদু সমীরণ। সৌরভ ছড়িয়ে থাকে সবখানে। সেখানে অহংকার নেই। কেউ কাউকে ছোট করে কথা বলে না। কেউ কাউকে আঘাত দেয় না। কেউ মিথ্যা বলে না। কেউ পরচর্চা করে না। যে যার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অদ্ভুত সুন্দর এই রূপকথার দেশ।’‘আমি একদিন না একদিন রূপকথার দেশে যাবই।’ দৃঢ়স্বরে বলি আমি।দাদু আমাকে আশ্বাস দেন, ’নাতি গো, সুন্দর মানুষ যা ভাবে তা করতে পারে। তুমি ভাবতেই থাকো যে একদিন রূপকথার দেশে যাবে, তবে সত্যি সত্যি একদিন তোমার চারপাশে তৈরি হবে রূপকথার দেশ। রূপকথার দেশে তোমাকে যেতে হবে না। রূপকথার দেশই আসবে তোমার কছে।’দাদুর কথাগুলো খুবই সুন্দর। আমি মুগ্ধ হয়ে দাদুর কথা শুনি। আমি একদিন পাখি হয়ে যাব। তারপর উড়তে উড়তে যাব রূপকথার দেশে।তেপান্তর পেরিয়ে, অচিনপুর পেরিয়ে, দুধসাগর-ক্ষীরসাগর পেরিয়ে আমি যাবই যাব রূপকথার দেশে। তিনআমার যখন মন খারাপ থাকে, তখন আমি স্বপ্ন দেখতে থাকি। মজার মজার স্বপ্ন।অদ্ভুত সব স্বপ্ন।জানালা দিয়ে আমি দূরের দিকে তাকিয়ে থাকি। অনেক দূরে একটা নিমগাছ। সূর্যের আলোয় চিকচিক করছে সবুজ পাতা। পাতার ফাঁকে ফুরফুর করে খেলা করছে দুটো শালিক। আমি তন্ময় হয়ে পাখি দুটোর দিকে তাকিয়ে থাকি। ফুড়ুত ফুড়ুত করে নেচে বেড়ায়। উড়ে বেড়ায়। ঘুরে বেড়ায়। শালিকের খয়েরি ঠ্যাং। হলুদ ঠোঁট। খয়েরি পালক। কী অপূর্ব সুন্দর পাখি! পাখি দেখলেই মনটা আমার ফুরফুর করে ওঠে। আমিও পাখি হয়ে যেতে চাই। চারপাখিরা আমাকে বড় ভালোবাসে। একদিন সত্যি সত্যি অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। ভোরবেলার স্বপ্ন।হুট করে ঘুম ভেঙে গেল। বাইরে তখন ভোরের বাতাস। হালকা নীল আলো ফুটি ফুটি করছে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি, আমার ঘরের চারপাশে অসংখ্য পাখি। নাম না-জানা পাখির দল।আমার হাঁটুতে পাখি। চুলে পাখি। হাতের আঙুলে পাখি। পায়ের নখে পাখি। ঘরের আনাচ-কানাচে পাখি। পাখি আর পাখি।পাখিরা কলস্বরে চিঁচিঁ করছে। ওরা আমাকে মিহি সুরে বলল, ‘তুমি কেমন আছো?’আমি বললাম, ‘ভালো।’পাখিরা বলল, ‘চলো আমরা তোমাকে নিতে এসেছি। আমাদের সঙ্গে চলো।’‘কোথায় যাব?’‘আমরা যেখানে যাব সেখানেই তোমাকে নিয়ে যাব।’পাখিরা ঘর থেকে বেরিয়ে এল। আমিও পাখিদের সঙ্গে বেরিয়ে এলাম।তারপর পাখিরা নদীর তীরে উড়ে চলল। আমিও পাখিদের পেছন পেছন চললাম। পাখিরা কোথায় যাবে আমাকে নিয়ে?পাখিরা পাখায় শব্দ তুলে বলল, ‘আমরা তোমাকে নিয়ে যাব রূপকথার দেশে।’আমি পাখিদের পেছন পেছন চললাম। উড়ে উড়ে চললাম। সত্যি সত্যি আমি পৌঁছে যাব রূপকথার দেশে!