রেবেকার নকশায় স্কটল্যান্ডের বিশ্বকাপ জার্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেবেকার নকশা করা জার্সি গায়ে স্কটল্যান্ড ক্রিকেট দল
ছবি : এএফপি

মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে চলছে টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। পাপুয়া নিউ গিনির বিপক্ষে গতকাল বৃহস্পতিবার কেমন দারুণ একটা জয় পেলাম আমরা! এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ওমানে। তেমনই ওমানে গিয়েছে স্কটল্যান্ডের জাতীয় দলও।

এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নেমেছেন, সেটির নকশা করেছে রেবেকা ডাউনি। ওমানে যাওয়ার আগে সব ক্রিকেটারকে সে নিজে গিয়েই জার্সি উপহার দিয়ে এসেছে। বয়স সবে ১২ হলেও দারুণ নকশা করেছে রেবেকা। আর স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডও চমৎকার নকশাটি বেছে নিতে ভুল করেনি।

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে জার্সির নকশা চূড়ান্ত করার জন্য প্রতিযোগিতার আয়োজন করেছিল স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ড। প্রতিযোগিতাটির নাম ছিল ‘ডিজাইন আওয়ার শার্ট’। পুরো দেশের স্কুলশিক্ষার্থীদের কাছে নকশা আহ্বান করা হয়। এরপর দুই শটি নকশা থেকে বেছে নেওয়া হয় রেবেকার নকশা। সে নকশাতেই তৈরি হয় জার্সিসহ অন্যান্য অনুষঙ্গ। জার্সির ‘পার্পল’ রং সে পেয়েছে স্কটল্যান্ডের জাতীয় প্রতীক ‘থিসল’ নামের কাঁটাযুক্ত গাছের ফুল থেকে।

জার্সি নকশা করার জন্য রেবেকাকে ধন্যবাদ জানিয়েছে স্কটল্যান্ডের ক্রিকেট বোর্ড। রেবেকার একটি ছবিও দিয়েছে ফেসবুক-টুইটারে। সে ছবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জার্সি পরে নিজ দেশের খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

রেবেকা ডাউনির আনন্দের সীমা নেই
ছবি: ক্রিকেট স্কটল্যান্ড

রেবেকা থাকে স্কটল্যান্ডের হ্যাডিংটনে। গত মাসে এডিনবরায় জিম্বাবুয়ের বিপক্ষে স্কটল্যান্ডের ক্রিকেট ম্যাচ দেখার জন্য বিশেষ অতিথি হিসেবে রেবেকাকে সপরিবার আমন্ত্রণ জানায় ক্রিকেট স্কটল্যান্ড। সেখানে সব ক্রিকেটারের সঙ্গে দেখা করে রেবেকা, নতুন নকশার জার্সিও উপহার দেয়।

ক্রিকেট নিয়ে একটি ওয়েবসাইটকে রেবেকা বলেছে, ‘যখন শুনলাম প্রতিযোগিতায় জয়ী হয়েছি, এতই খুশি হয়েছিলাম যে বিশ্বাসই করতে পারিনি। বাস্তবে শার্টটি দেখে এত ভালো লেগেছে! এটা দেখতে এত চমৎকার! দলের সবার সঙ্গে দেখা করা এবং জিম্বাবুয়ের বিপক্ষে সরাসরি খেলা দেখাও ছিল খুব আনন্দের। আমি বিশ্বকাপের সব ম্যাচে আমার জার্সি পরে ওদের উৎসাহ দেবে।’

আর রেবেকার সঙ্গে দেখা করে খুব খুশি স্কটল্যান্ডের দলনেতা কাইল কোয়েটজার। রেবেকার নকশা নিয়েও তিনি খুব গর্বিত বলে জানিয়েছেন। বলেছেন, ‘রেবেকা ও তার পরিবারের সঙ্গে সম্প্রতি দেখা করাটা দারুণ ব্যাপার ছিল। আমাদের দল তার নকশায় অত্যন্ত গর্বিত। আমরা আশা করছি, আমাদের ভক্তরা নতুন এই নকশা পছন্দ করবে এবং আমাদের সমর্থন জানানোর সময় সেগুলো গর্বের সঙ্গেই গায়ে দেবে।’

সূত্র: ইন্ডিয়া টাইমস