
ভাবো তো, তোমার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে একটা বিশাল আকারের ধবধবে সাদা রোবট, একদম তোমার প্রিয় বন্ধুর মতো। রোবট নামটার মধ্যেই যেমন যান্ত্রিক একটা ব্যাপার আছে এই রোবট বন্ধুটা হবে তার চেয়ে আলাদা। তোমার আনন্দে সে খুশি হবে, তুমি দুঃখ পেলে তোমাকে হাসাবে, আর বিপদে পাশে দাঁড়াবে ঠিক বেম্যাক্সের মতো! এই যাহ, বেম্যাক্স নামটা বুঝি একটু অচেনা লাগছে? ভেবো না, এক্ষুনি বেম্যাক্সের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি।
ফিউচারিস্টিক শহরের কিশোর হিরো হামাদার শখ, নেশা সব হচ্ছে রোবট আর বট-ফাইট (রোবটদের মারামারি) ঘিরে। ছোটবেলায় বাবা আর মা মারা যাওয়ার পর বড় ভাই তাদাশি আর আন্টি কাসকে নিয়েই তার পরিবার। পড়াশোনা লাটে তুলে হিরোর এই কাজকর্ম তাদাশির একদম পছন্দ নয়। তাই একদিন সে ছোট ভাইকে নিয়ে যায় নিজের বিশ্ববিদ্যালয়ের রোবটিক সেন্টারে। সেখানে হিরোর পরিচয় হয় তাদাশির প্রিয় চার বন্ধু আর রোবট নির্মাণের কিংবদন্তি প্রফেসর কালাহানের সঙ্গে। তাদাশির তৈরি রোবট বেম্যাক্সের দেখা পায় হিরো, যে কি না রীতিমতো একজন স্বাস্থ্যবিশেষজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের এত সুবিধা দেখে হিরোর জেদ চাপে এখানে পড়াশোনা করার, আর তাই ‘স্টুডেন্ট শো’তে সে হাজির হয় নিজের আবিষ্কৃত মাইক্রোবট নিয়ে। কিন্তু মাইক্রোবটের সাফল্য উদ্যাপন করতে না করতেই আগুন লাগে বিশ্ববিদ্যালয়ে, প্রফেসর কালাহানকে বাঁচাতে গিয়ে মারা যায় তাদাশি।
প্রিয় ভাই আর প্রফেসর কালাহানের মৃত্যুতে ভীষণ ভেঙে পড়ে হিরো। এরই মধ্যে একদিন ভাব জমে যায় হিরো আর বেম্যাক্সের মধ্যে। ঘটনাক্রমে হিরো জানতে পারে তার মাইক্রোবট নিয়ে কে যেন একটা চক্রান্ত সাজাচ্ছে। রহস্য ভেদ করতে বেম্যাক্স এবং চার বন্ধুকে নিয়ে সে গড়ে তোলে নিজের হাইটেক দল। এরপর একে একে ঘটতে থাকে শ্বাসরুদ্ধকর সব ঘটনা। কিন্তু সেগুলো আগেভাগেই বলে দেওয়াটা বোধ হয় ঠিক হবে না।
মার্ভেলের বিগ হিরো সিক্স কমিকসের সুপারহিরো দলকে ভেবে সাজানো হয়েছে ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর এই ছবিটির গল্প। এবারের অস্কারে সেরা অ্যানিমেটেড ছবির বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ডন হল আর ক্রিস উইলিয়াম পরিচালিত ছবিটি। এ ছাড়া ২০১৪ সালের সেরা ব্যবসাসফল অ্যানিমেটেড ছবির কৃতিত্বটাও বিগ হিরো সিক্স-এর।
এত কিছু শোনার পর ছবিটা দেখতে খুব ইচ্ছা হচ্ছে? তবে আর দেরি না করে দেখে নাও জলদি। আর আমার মতো যাদের একটা রোবট বন্ধুর খুব শখ, তাদের চুপি চুপি একটা কথা বলি, ছবিটা শেষ করার পর দেখবে—কাছে না থাকলেও বেম্যাক্স কীভাবে যেন ঠিক তোমার সবচেয়ে আপন বন্ধুদেরই একজন হয়ে গেছে। সব বন্ধুকেই যে কাছে থাকতে হবে এমন নিয়ম কোথাও আছে নাকি!