লাখ টাকার গল্পের মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইস, স্যারের চুলগুলো কী সুন্দর!’ পাশের জনকে ফিসফিস করে বলছিল একজন। দ্বিতীয় জনের ইচ্ছে, ‘একবার যদি ধরে দেখা যেত!’ লেখক মুহম্মদ জাফর ইকবালের অগুনতি ভক্তের কথা জানতাম। কিন্তু তাঁর চুলেরও দুজন মহাভক্তের খোঁজ পাওয়া গেল ২৩ অক্টোবর বিকেলে! ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সেদিন যারা উপস্থিত ছিল, তাদের মনে আছে তো, কী হয়েছিল সেদিন? হ্যাঁ, ‘ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০০৯’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ নিয়ে পঞ্চমবারের মতো আয়োজিত হলো এই প্রতিযোগিতা। সারা দেশের প্রায় ১০ হাজার শিশুকিশোর লেখক অংশ নিয়েছিল এবার। তাদের মধ্য থেকে তিন বিভাগের সেরা ১৫৩ জন প্রতিযোগী আমন্ত্রিত হয়ে এসেছিল এবারের অনুষ্ঠানে।সেদিন বেলা সাড়ে তিনটায় রেজিস্ট্রেশন শুরু হয়েছিল তিনটি আলাদা আলাদা বুথে। মহা শোরগোল! ‘এই যে আপু, আমি এসেছি খুলনা থেকে, আমার নাম...।’ পাশ থেকে হয়তো আরেকজন ধাক্কা দিয়ে বলছে, ‘এই, আমিই তো আগে এলাম! আমারটা আগে দাও!’ মনে হচ্ছিল, অতি গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা দিতেই এসেছে সবাই। তবে ব্যাপারটি তো গুরুত্বপূর্ণ পরীক্ষার মতোই। কারণ, ভেতরে তখন অপেক্ষা করছিল লাখ টাকার বই! বুকে ঢাকের বাড়ি, মনে প্রশ্ন—‘পাব তো আমি?’বিকেল পৌনে চারটা বাজতেই কিসের রেজিস্ট্রেশন, কিসের কি! মৌমাছির মতো ঝাঁক বেঁধে ওরা ছুটল সেলিব্রিটি হলের ফটকের দিকে, যেন শাহি দরজা। ঘটনা কী? মুহম্মদ জাফর ইকবাল! তার পরই শুরু হলো অটোগ্রাফ নেওয়ার প্রতিযোগিতা, আর ক্লিক ক্লিক! ওদিকে মঞ্চের সামনে আরেক জটলা শিল্পী মুস্তাফা মনোয়ারকে ঘিরে! উপায় না দেখে প্রথম আলোর ফিচার সম্পাদক ও অনুষ্ঠান সঞ্চালক সুমনা শারমীন মাইকে বারকয়েক ঘোষণা দিলেন। তার পরও কি সহজেই নিরস্ত হতে চায় কেউ! ‘এখন তো আর গোল্লাছুট খেলার মতো জায়গা খুব বেশি নেই। তবে প্রথম আলোর ‘গোল্লাছুট’ পাতাটি ঠিকই আছে! আর এই গোল্লাছুট ঐতিহ্য প্রকাশনের সঙ্গে যৌথভাবে তোমাদের জন্য পাঁচ বছর ধরে আয়োজন করছে এই গল্পলেখা প্রতিযোগিতার। আজ সেটির পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তো, গল্প লিখতে লিখতে কি তোমাদের হাতে ব্যথা হয়ে গিয়েছে?’ সুমনা শারমীনের কথা শেষ হতে না-হতেই ওরা তুমুল হাততালি দিয়ে উত্তর দেয়—‘না, মোটেও ব্যথা হয়নি!’ এরপর অতিথিরা মঞ্চে এলেন। অতিথিদের মধ্যে ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবাল, গল্পলেখা প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সভাপতি শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও প্রকাশনা সংস্থা ঐতিহ্যর প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।স্বাগত বক্তব্যে আরিফুর রহমান গল্পলেখা প্রতিযোগিতার উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন। আগের অভিজ্ঞতা থেকে প্রতিযোগিতায় নকল গল্প পাঠানোর ব্যাপারেও দুঃখ প্রকাশ করেন। তবে সঞ্চালক সুমনা শারমীন সব দোষ দিলেন এক ভূতকে, ‘আমরা জানি, ছোটরা জেনেশুনে খারাপ কাজ করতেই পারে না! আসলে এসব একটা দুষ্টু ভূতের কাজ! তবে তোমরা যদি জোরে একটা হাততালি দাও, তাহলে সেই ভূত পালিয়ে যাবে!’ এই নতুন লেখকেরা কি আর সে কথা ফেলতে পারে? তাই জোরসে তালি, ভূত বাবাজি এরপর আর ধারেকাছে আসার সাহস করবে না! কাইজার চৌধুরী বললেন, ‘এত অল্প কথায় এত সুন্দর গল্প আমি নিজেই তো লিখতে পারি না! তোমাদের সৃজনশীলতায় আমি মুগ্ধ!’ সুমনা শারমীন এবার ‘ক’ বিভাগের সবার নাম ডাকতে শুরু করেন এক এক করে। সবাই এসে লাইনে দাঁড়িয়ে তাদের প্রিয় মানুষের হাত থেকে নিয়ে যায় সনদ ও বই। তবে এর মধ্যেই দু-তিনজন অভিভাবককে দেখা গেল সন্তানদের নিয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছেন! ‘কী হয়েছে?’ উত্তর, ‘আমার বাচ্চার নাম তো ডাকা হলো না!’ সংশ্লিষ্ট ব্যক্তিরা সব দেখেশুনে আশ্বস্ত করলেন, ‘চিন্তা করবেন না, আমরা দেখছি।’‘ক’ বিভাগের সনদ বিতরণ শেষ। ধূমকেতুর মতো মঞ্চে এলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান। এসেই বললেন, ‘আজকাল নাকি তালি দিয়ে কিছু হয় না! কী করতে হয়? চিৎকার! হ্যাঁ, তোমরা এবার একটু চিৎকার করো তো শুনি!’ বলেই তিনি কান পাতলেন। ছোটরাও একেকজন টারজান বনে গেল, উউউউউউ...করে চিৎকার করে গরম করে ফেলল চারপাশ! এরপর চার অঙ্কের সবচেয়ে সুন্দর সংখ্যা ১৯৭১-কে হূদয়ে ধারণ করে দেশ ও গণিতকে ভালোবাসার কথা বলেই ধূমকেতুর মতোই বিদায় নিলেন তিনি। ছোটরা ভারি মজা পেল। এরপর মঞ্চে আসে ক্ষুদে গানরাজ তারকা ঝুমা। সে ‘একতারা তুই দেশের কথা’ ও ‘যাও পাখি বলো তারে’ গেয়ে মুগ্ধ করে ছোট-বড় সবাইকে।গান শেষে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। খুদে লেখকেরা তাদের সৃজনশীলতা দিয়ে বাংলাদেশকে একদিন সৃষ্টিশীল জাতি হিসেবে গড়ে তুলবে—এমনটাই আশা করেন তিনি। এর পরই ঘোষণা করা হয় ‘খ’ ও ‘গ’ বিভাগের প্রতিযোগীদের নাম। একে একে তারাও প্রিয় মানুষের হাত থেকে নিয়ে যায় সনদ ও বই। তবে এবারও সেই আগের মতো এক ভুল! ‘আমার নাম ডাকা হলো না কেন?’ ছলছল চোখে প্রশ্ন করে লুবাবা নাওয়ার নামের এক লেখকবন্ধু। তাকেও আগের মতোই আশ্বস্ত করা হলো, ‘আমরা দেখছি।’শিল্পী মুস্তাফা মনোয়ার তাঁর বক্তব্যের শুরুতেই রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলেন, ‘মানুষ আসলে গল্পভোজী। মানুষ সব সময় গল্প শুনতে চায়। অনেক অনেক বই পড়ে তোমরা নিশ্চয়ই তোমাদের কল্পনাশক্তির বিকাশ ঘটাবে। আর তা হলেই আমরা সুন্দর আগামীর দেখা পাব।’ তাঁর বক্তব্যের মধ্যেই এক ফাঁকে মঞ্চের সামনে উপস্থিত হন অভিনেত্রী জয়া আহসান। টের পেয়ে ছোটরা আর নিজের জায়গায় বসে থাকে! কার আগে জয়ার সঙ্গে একটি ছবি তোলা যায়, নেমে পড়ে সেই প্রতিযোগিতায়। সুমনা শারমীন এই অভিনেত্রীকে মঞ্চে আমন্ত্রণ জানান। এত লেখকের সামনে কথা বলতে পেরে ভালো লাগার কথা জানালেন তিনি। বললেন, ‘আগামী দিনে তোমাদের লেখা গল্পের নাটকে অভিনয় করতে চাই আমি।’ আর তার পরই ছোট-বড় সবাই গা-ঝাড়া দিয়ে উঠল আরেকটু। কান খাড়া করে রইল সুমনা শারমীনের এক ঘোষণায়, ‘এবার তোমাদের প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল।’ তুমুল হাততালি। মুহম্মদ জাফর ইকবালও জমিয়ে রাখলেন তাঁর বক্তব্যের পুরো সময়টুকু। বললেন, ‘লেখক হওয়ার সুবিধা অনেক। যেমন—তুমি যদি বাজার থেকে পচা মাছ নিয়ে আসো, তাহলে তোমার বউ ভাববে, আহা বেচারা! মাথায় হয়তো কোনো গল্পের প্লট ঘুরছিল, তাই ভুল করে পচা মাছ নিয়ে এসেছে। তবে অসুবিধা হলো অনেক, অটোগ্রাফ দিতে হবে। তাই তোমাদের হাত হবে শক্ত।’ এটাও জানিয়ে দেন, ‘আমি নিজে অবশ্য ছেলেবেলায় কখনো পুরস্কার পাইনি। তবে পুরস্কার দিতে আমার খুব ভালো লাগে। তোমরা যারা এখানে এসেছ, তারা নিশ্চয়ই অনেক বড় লেখক হবে। আর বড় কিছু করতে চাইলে অনেক অনেক পড়তে হবে।’ এ ছাড়া তিনি বিজ্ঞানী আইনস্টাইনের সেই বাণীটি মনে করিয়ে দেন, ‘জ্ঞানের চেয়ে কল্পনাশক্তির গুরুত্ব অনেক বেশি।’কণ্ঠশিল্পী আবিদা সুলতানা মঞ্চে এলে আরেক প্রস্থ হাততালি। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ ও ‘আমার সোনার হরিণ চাই’ গাইলেন তিনি। শুভকামনা করেন সবার জন্য।প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে বললেন, ‘সুন্দর একটি দেশ ও সমাজ গড়ার জন্য আজকের এই শিশুকিশোর লেখকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে, তোমরা যারা ছেলেরা আছ, তাদের বলছি, কখনোই মেয়েদের বিরক্ত করবে না। এসিড ছুড়বে না। মাদক নেবে না। বাংলা ভাষা ও গণিতকে ভালোবাস। সর্বোপরি ভালো মানুষ হও। আর তা হলেই বাংলাদেশ একদিন সত্যিকারের সুন্দর দেশ হয়ে উঠবে।’‘এবার মূল পুরস্কার বিতরণ!’ হঠাৎ ঘোষণা করলেন সঞ্চালক। সঙ্গে সঙ্গে সবাই চুপ! যাকে বলে পিনপতন নীরবতা! পুরস্কার বিতরণ শুরু হয় ‘ক’ বিভাগ দিয়ে। তোমরা নিশ্চয়ই জানো, প্রত্যেকটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য পুরস্কার ছিল ২০ হাজার টাকার বই, একটি সনদ, একটি স্মারক চেক ও ক্রেস্ট। প্রথমেই ডাকা হলো নাফিসা ইসলাম তুলতুলকে। সঙ্গে সঙ্গে হলের এক কোণ থেকে আনন্দোল্লাস। নাফিসার উল্লাস অবশ্য একটু অন্য রকম ছিল, কারণ প্রথম দিকে সনদ সংগ্রহের সময় যখন তার নাম ডাকা হয়নি, তখন সে-ই তো ছোটাছুটি শুরু করে দিয়েছিল অস্থির হয়ে। ‘যুথী ও দুখিনী রাজকন্যা’ গল্পটি লিখে ‘ক’ বিভাগে তৃতীয় হয়েছে নাফিসা। ‘বদলে যাওয়ার শপথ’ নামের একটি গল্প লিখে দ্বিতীয় হয়েছে ফাইয়াজ রহমান তুলিপ। ফয়জুল্লাহ হক ইমন হয়েছে প্রথম। ওর গল্পের নাম ‘মানুষ মানুষের জন্য’। গল্পগুলোর কাহিনি এখন আর না-ই বা বলি। পরে তো তোমরা ‘গোল্লাছুট’-এ সেগুলো পড়বেই। পুরস্কার নেওয়ার সময় বিজয়ী বন্ধুরা তাদের অনুভূতির কথাও জানিয়ে যায়। ‘ক’ বিভাগের পর ‘খ’ বিভাগ। এই বিভাগে তৃতীয় শিপন দাশ। ও লিখেছিল ‘অভিমান’ নামের একটি গল্প। ‘মাটির ব্যাংক’ লিখে দ্বিতীয় পল্লব বিশ্বাস বাপ্পী। প্রথম হয়েছে কাশফিয়া তাসনিম নিষ্ঠা। তার গল্প ‘ঝন্টু’। ‘গ’ বিভাগে তৃতীয় হয়েছে মো. বেলাল হোসেন। ও লিখেছে ‘শরণার্থী ও একজন ওসমান মাঝি’। ‘ইচ্ছেডানা’ নামের একটি গল্প দিয়েই চট্টগ্রামের মৌপিয়া বিশ্বাস জিতে নিয়েছে দ্বিতীয় পুরস্কার। মজার ব্যাপার হলো, মৌপিয়ার বড় বোন পুনম বিশ্বাস ২০০৭-এ এই প্রতিযোগিতার শ্রেষ্ঠ গল্পলেখক হিসেবে জিতে নিয়েছিল লাখ টাকার বই! ‘গ’ বিভাগে প্রথম হয়েছে ‘মর্টোনার অতিথি’র লেখক শামসুন্নাহার ইতু।তিন তিরিকে নয়জন তো পুরস্কার পেল। এরপর কী? হ্যাঁ, সেই লাখ টাকার বইজয়ীর হদিস মিলল! কে সে, জানো? ওই যে লুবাবা নাওয়ার নামের এক বন্ধুর কথা শুনেছিলে; নাম ডাকা হয়নি বলে যে চোখের পানি, নাকের পানি এক করে ফেলেছিল। সেই লুবাবা নাওয়ারই ‘ঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০০৯’-এর সেরা লেখক! সুমনা শারমীন কেবল লুবাবার নামটি উচ্চারণ করেছেন কি করেননি, আর অমনি কান্নার রোল পড়ে গেল হলের মধ্যিখানে! হাপুস নয়নে কাঁদা যাকে বলে! আনন্দাশ্রুর সে এক চমৎকার উদাহরণ! বাবা, ছোট ভাই কেউই থামাতে পারছিল না তাকে। পুরস্কার নিতে গিয়েও একই অবস্থা। শেষে তাকে হাসিয়ে ছাড়লেন সঞ্চালক। তোমরা হয়তো জানো না, সুমনা শারমীনের কাছে এলে হাসতে হয়। অতিথিরা লুবাবার হাতে তুলে দিলেন সনদ, ক্রেস্ট, স্মারক চেক আর দেখিয়ে দিলেন লাখ টাকার বইয়ের কার্টন। লুবাবার গল্পের নাম ‘নেবুউউউ...’!এরপর ঐতিহ্য-গোল্লাছুট প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০০৯ সেরা গল্প নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। বইটিতে আছে শ্রেষ্ঠ গল্পটিসহ প্রতি গ্রুপের ১৫ জন করে মোট ৪৬ জনের গল্প। আর এভাবেই একসময় পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফুরোল, নটে গাছটিও মুড়োল!