লাফিয়ে চলা ক্যাঙারু

ক্যাঙারুদের নিশ্চয়ই চেনো তোমরা। পরম মমতায় নিজের পেটের নিচের দিকের থলেটায় থাকা বাচ্চাদের আগলে রাখে মা ক্যাঙারু। মায়ের পেটে ২১-৩৮ দিন থাকে ওরা, আর তারপর থলের মধ্যে থাকে ১২০-৪৫০ দিন পর্যন্ত! অর্থাৎ সময়টা এক বছরেরও বেশি হতে পারে! নিজেরা যত দিন স্বাধীনভাবে চলার উপযোগী হয়ে না ওঠে, তত দিনই থাকে থলেতে।
একই সময়ে বিভিন্ন বয়সী বাচ্চা থাকতে পারে মায়ের থলেতে। সেখানেই মায়ের দুধ খেতে থাকে ওরা। থলেতেই সব কাজ সারে ওরা, এমনকি নোংরাও করে ফেলে মায়ের থলেটা। মা কি আর তাতে রাগ করতে পারে বলো? মা নিজের মুখটা ঢুকিয়ে পরিষ্কার করে ফেলে সেই নোংরাগুলোও।
ক্যাঙারু মূলত ঘাস-পাতা খেয়েই বাঁচে। একটি প্রাপ্তবয়স্ক ক্যাঙারু লম্বায় তিন-পাঁচ ফুট বা তার চেয়ে একটু বেশি হয়। তবে মজার ব্যাপার হলো ক্যাঙারুর লেজটাও তিন ফুট বা তার একটু বেশি লম্বা! বড়সড় লেজটা চলাফেরার সময় ভারসাম্য রাখতে সাহায্য করে ক্যাঙারুকে। ওদের পেছনের পা দুটা বেশ শক্তিশালী। একটা ক্যাঙারু নাকি নিজের উচ্চতার তিনগুণ পর্যন্ত উচ্চতায় লাফাতে পারে। লাফিয়ে চললে ক্যাঙারুর শক্তি কম খরচ হয় বলে খাদ্যের সংকটের সময় এভাবে চলাফেরা করলেও অসুবিধায় পড়ে না ওরা। সামনের পাগুলো যদিও বেশ ছোট, তবু চার পায়ে ভর করে চলতে পারে ওরা। চারটি পায়ের পাশাপাশি লেজটাকে পাঁচ নম্বর পা মনে করা হয়! তবে এরা শুধু সামনের দিকেই এগোতে পারে, পেছনে যেতে পারে না।
সাঁতার কাটতেও জানে ওরা। শত্রু আক্রমণ করলে পানিতে নেমে পড়ে কখনো কখনো, এমনকি শত্রুকে পানিতে টেনে আনার চেষ্টাও করে! শোনা যায়, একবার নাকি একজন মানুষকে পানিতে নামানোর চেষ্টা করেছিল এক ক্যাঙারু!
ক্যাঙারু অস্ট্রেলিয়ার বাসিন্দা। সেখানে মানুষের চেয়ে ক্যাঙারুর সংখ্যাই বেশি! গেছো ক্যাঙারু আর ইঁদুরের মতো ছোট ক্যাঙারুও রয়েছে সেখানে। লেজসহ ছোট ক্যাঙারুগুলোর দৈর্ঘ্য ১১-১৪ সেন্টিমিটারের মতো হয়ে থাকে।
ক্যাঙারুরা দল বেঁধে থাকে। ক্যাঙারুর দলে একটা ক্যাঙারু নেতাও থাকে। বিপদ আঁচ করতে পারলে মাটিতে সজোরে পা ফেলতে থাকে দলের যেকোনো সদস্য। ওদের আক্রমণ করতে পারে বুনো কুকুরেরা। বিপদে পড়লে পেছনের পা দুটো দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতে পারে ওরা। তীক্ষ্ণ লম্বা নখগুলো প্রতিপক্ষের জন্য বেশ মারাত্মক। কখনো কখনো নিজেদের মধ্যেও লড়াই হয় ওদের, বক্সিংয়ের কায়দাকানুন ফলায় ওরা সেখানে!
রাফিয়া আলম, লাইভসায়েন্স ডট কম