লাল ঘুড়িটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের ঘুম পুটুনের একদম পছন্দ নয়। এ সময় ছাদের ওপর চিলেকোঠায় বসে নাটাইয়ে সুতা ভরা, সুতায় মাঞ্জা দেওয়া তার প্রিয় কাজ। এ সময় বাড়ির সবাই ঘুমিয়ে থাকে। পুটুনের তখন এসব কাজ করতে খুব ভালো লাগে। তখন নিজেকে বেশ বড়ও মনে হয়। মনে হয় ঘুড়ির বিষয়ে তার চেয়ে অভিজ্ঞ আর কে আছে? কিন্তু মায়ের বকুনি তার সেই বড় বড় ভাবটাকে মুহূর্তেই গুঁড়িয়ে দেয়। মনে করিয়ে দেয়, সে এখনো নেহাত ছেলেমানুষ। সে মায়ের কথায় খাবে, ঘুমাবে, স্কুলে যাবে, খেলতে যাবে—সব করবে। পুটুন ঠিক করল, মা আজ ঘুমিয়ে গেলেও সে ঘুমাবে না।শুয়ে শুয়ে কত কথা ভাবছে পুটুন। কিন্তু মা আজ সহজে ঘুমাতে আসছে না। মা না ঘুমালে পুটুনও বিছানা ছাড়তে পারছে না। প্রতিদিনই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে পুটুন। কিন্তু আজ যেভাবেই হোক জেগে থাকবে। একটু পরেই মা বিছানায় আসে। পুটুন চোখ বন্ধ করে হাসতে থাকে। সঙ্গে সঙ্গে সতর্ক হয় পুটুন। যদি মায়ের চোখে হাসি ধরা পড়ে যায়! পুটুন বালিশে মুখ গুঁজে থাকে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে মুখ তোলে পুটুন। হ্যাঁ, মা ঘুমিয়ে পড়েছে।পুটুন আস্তে আস্তে বিছানা ছেড়ে নামে। দরজাটা আস্তে করে খুলে ওপরে ছাদের সিঁড়িতে পা বাড়ায়। খুব সাবধানে পা ফেলে। যেন আওয়াজ পাওয়া না যায়। না, কেউ টের পায়নি। সোজা চিলেকোঠায় চলে আসে পুটুন। লাল ঘুড়িটা হাতে তুলে নেয়। ঘুড়িটা তার খুব পছন্দের। গতকাল পাশের বাড়ির রূপকের ঘুড়িটা ভোকাট্টা করেছে পুটুন এই লাল ঘুড়িটা দিয়েই। আজও ঘুড়িটা সুতোয় বাঁধে পুটুন। তারপর আকাশের দিকে ছাড়ে। কিন্তু আজ মনে হয় বাতাস উল্টো দিকে বইছে। ঘুড়িটা তাই তরতর করে নিচে নেমে আসে। পুটুন আবার চেষ্টা করে। কিন্তু না, পুটুন আজ কিছুতেই পারছে না ঘুড়িটাকে উঁচুতে তুলতে। পুটুন বিরক্ত হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে তার একগুঁয়েমিও বেড়ে যাচ্ছে। যেভাবেই হোক, আজ আকাশে ঘুড়িটা তুলে দেবেই সে। ভয়ানক জেদ চেপে গেছে তার। কিন্তু ঘুড়িটা তো আকাশে উঠলই না, মাঝখানে বিদ্যুতের একটা তারে লেগে সুতো থেকে ছিঁড়ে গেল ঘুড়িটা। তারপর সেটি এলোমেলোভাবে আকাশে উড়তে লাগল। পুটুন প্রথমে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। মুহূর্তেই সে ঠিক করে ফেলে, ঘুড়িটা সে কিছুতেই হারাবে না। যেখানেই যাক, ওটাকে কুড়িয়ে নিয়ে আসবেই।পুটুন সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে আসে। ঘুড়িটা দক্ষিণ দিকে উড়ে চলেছে। পুটুন রেললাইনের পাশ দিয়ে রাস্তা ধরে দৌড়াতে থাকে। লাল ঘুড়িটা এঁকেবেঁকে লেজ দুলিয়ে উড়ছে। নিচে পড়ার কোনো নাম নেই। কি আশ্চর্য! একবারও দেখছে না, পুটুন তার জন্য কী কষ্টটাই করছে! তাকে কত ভালোবাসে পুটুন। ঘুড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে পুটুন একসময় অনেক দূর চলে আসে। সেখানে বড় একটি মাঠ। মাঠে ছেলেরা কেউ ঘুড়ি ওড়াচ্ছে, কেউ গোল্লাছুট খেলছে। পুটুন অবাক হয়। ওদের তো বাবা-মা আছে। তারা তো ওদের আটকে রাখেনি। কত আনন্দ করছে ওরা! দূরে দাঁড়িয়ে পুটুন ওদের খেলা দেখে। ওই মুহূর্তে পুটু তার লাল ঘুড়িটার কথা ভুলে যায়। মাঠের ছেলেদের হইচই আর উল্লাস পুটুনকেও মাতিয়ে রাখে। একসময় লাল সূর্যটা ডুবতে শুরু করে। মাঠে অন্ধকার নেমে আসে। ছেলেরা যে যার মতো বাড়ি ফিরে যায়।পুটুনের হঠাৎ মনে হয়, অনেক দূর চলে এসেছে সে। এখন এই অন্ধকারে কীভাবে বাড়ি ফিরবে? মায়ের কথা মনে পড়ে খুব। নিশ্চয়ই মা তাকে খুঁজছে, কাঁদছে। উল্টো পথে হাঁটতে শুরু করে পুটুন। ততক্ষণে চারদিকে অন্ধকার গাঢ় হয়ে নেমেছে। রেললাইনের ধারেকাছে কোনো মানুষ নেই। পুটুনের গা ছমছম করতে থাকে। ভয়ে গলা শুকিয়ে আসে। পা যেন আর চলতে চায় না। দূরে কী যেন একটা ডেকে ওঠে। পুটুন ভয়ে থমকে দাঁড়ায়। আবার হাঁটতে শুরু করে। পুটুন বুঝতে পারে, মাকে ফাঁকি দিয়ে চলে আসাটা মোটেও ঠিক হয়নি। মা তাকে এত ভালোবাসে, এত আদর করে! তার কথা না শুনলে এমন কষ্টই তো হবে। পুটুন মনে মনে প্রতিজ্ঞা করে, আর কখনো মায়ের অবাধ্য হবে না। কান্না চলে আসে পুটুনের। কাঁদতে কাঁদতে অবশেষে বাড়ি চলে আসে। এসে শোনে, বাবা তাকে খুঁজতে বেরিয়েছে। আর মা বারান্দায় বসে কাঁদছে। পুটুন দৌড়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। আর মনে মনে বলে, ‘মা, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি।’