স্কুলের মিস ক্লাসের সবাইকে বললেন, ‘তোমরা অন্যায় কাজ করবে না, প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করবে।’ তখন থেকেই রিমার মাথায় শুধু এই চিন্তাই ঘুরপাক খায়, কী করে ভালো কাজ করা যায়। রিমা মনে মনে ভাবতে থাকে, এখন থেকে কাউকে কষ্ট দেবে না, আর মিথ্যা কথা বলবে না। কারণ, ‘সব পাপের মা হলো মিথ্যা কথা বলা।’ কিন্তু সেগুলো কি ভালো কাজের মধ্যে পড়ে? মিসকে জিজ্ঞেস করে, ‘মিস, ভালো কাজ কী করে করব? প্রতিদিন কি ভালো কাজ করা সম্ভব?’‘কেন সম্ভব নয়? তোমরা প্রতিটা মুহূর্তেই ভালো কাজ করতে পারো, যদি তোমাদের সদিচ্ছা থাকে।’রিমা ভাবতে থাকে, ভালো কাজ কীভাবে করবে। ভিখারিকে দেখলে আম্মুকে বলে দুটো টাকা ভিক্ষা দেয়। আবার রাস্তায় অন্ধ কাউকে দেখলে তাকে রাস্তা পার করে দেয়। তবু মনের মধ্যে উশখুশ করে, ও কি ভালো কাজ কিছু করতে পারছে? এক দুপুরে রিমা পড়ছিল। হঠাৎ কলবেলের শব্দে গেট খুলে দেখে বয়স্কা এক ভিখারিণী দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। রিমা তাকে কিছু চাল ভিক্ষা দেয়। কিন্তু বুড়ি খুব কাতর কণ্ঠে বলল, ‘মা গো, দুইডা খাবার দিবা! সারা দিন কিছু খাই নাই।’ শুনে রিমার খুব খারাপ লাগল। আহা রে! এত বয়স্কা বুড়ি এতক্ষণ না খেয়ে আছে? তারপর ওর আম্মুকে বলে বুড়িকে খেতে দিল। রিমা জিজ্ঞেস করল, ‘আপনার ছেলেমেয়ে নেই?’‘হ্যাঁ, মা, আমার দুইডা জোয়ান পুলা আছে। কিন্তু হেরা যার যার মতো বউ-পুলাপান লইয়া ভিন্নহানে থাহে, আমার খোঁজ নেয় না।’কথাটা শুনে খুব খারাপ লাগল রিমার। কেমন সন্তান? এত বৃদ্ধ মানুষ, দুটো ভাতের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াচ্ছে! আর তার ছেলেরা কেমন করে মাকে ছেড়ে বউ-ছেলেমেয়ে নিয়ে অন্যত্র বাস করছে? বৃদ্ধা মাকে কেমন করে ভুলে আছে তারা? যে মা সন্তানকে কত স্নেহ-মায়া-মমতা দিয়ে বড় করেছে, আর তারা অকৃতজ্ঞের মতো মাকে ছাড়া ভিন্ন স্থানে বাস করছে!বুড়ির প্রতি মায়া হলো রিমার। তাই বুড়িকে বলল, ‘বুড়িমা, আপনি প্রতি শুক্রবারে আমাদের বাসায় এসে দুপুরে খাবেন, আর অন্য দিন যদি এদিকে আসেন, তাহলে সেদিনও বাসায় এসে খেয়ে যাবেন।’রিমার দাদির কথা মনে পড়ে গেল। ওর দাদিকে খুব ভালোবাসে রিমা, কিন্তু তিনি গ্রামের বাড়িতে থাকেন। তবু মাঝেমধ্যে বাসায় এসে থাকেন অনেক দিন। তখন রিমার আনন্দ আর ধরে না, খুশিতে সব সময় দাদির সঙ্গে থাকে। আর দাদির কাছ থেকে গল্প শোনে। সে যেন বুড়ির মধ্যে তার নিজের দাদির প্রতিচ্ছবি দেখতে পায়।প্রতি শুক্রবার বুড়িমা রিমাদের বাসায় আসে, আর ও নিজ হাতে তাকে পরিবেশন করে খাওয়ায়। মাঝেমধ্যে সপ্তাহের অন্য দিনও দুপুরে এসে হাজির হয়। তখনো সে বুড়িমাকে খাবার পরিবেশন করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বুড়িমা যেন ওদের বাসার নিয়মিত একজন সদস্য, তার জন্য মনের মধ্যে কেমন যেন এক মায়া-মমতার সৃষ্টি হয়। মাঝেমধ্যে বুড়িমা রিমার জন্য দুইটা চকলেট নিয়ে আসে, যা রিমা নিতে চায় না। কিন্তু বুড়ি বলে, ‘মা রে, আমার তো কেউ নাই। তোমার লাইগা এই দুইডা লেবুঞ্চুস আনছি। তুমি না নিলে আমি কষ্ট পামু।’ রিমা সেটা নেয় এবং পরম তৃপ্তির সঙ্গে খায়। এখানে বুড়ির মনে যে স্নেহের অনুভূতি, তা সে টের পায়।ওর জন্মদিন। তাই বুড়িমাকে বলল, ‘বুড়িমা, আগামী বুধবার আমার জন্মদিন। আপনি আসবেন কিন্তু।’‘অবশ্যই আসুম, মা। তোমার জন্মদিনে আমি না আইসা পারি?’সেদিন বুড়িমা আসেনি। রিমা ভেবেছিল, বুড়া মানুষ, হয়তো ভুলে গেছে। তাই শুক্রবারে এলে তাকে ওর জন্মদিনের খাবার খাওয়াবে। মাকে বলেছিল বুড়িমার জন্য খাবার ফ্রিজে রেখে দিতে। মা তাই খাবার রেখেছিলেন, কিন্তু বুড়িমা শুক্রবারেও এল না। রিমার মনটা খারাপ হয়ে গেল। রিমা এই দিনটার জন্য অপেক্ষায় থাকে, বুড়িমা এলে ও খাওয়াবে। কিন্তু সে যখন এল না তখন ভাবল, হয়তো আজ আসতে পারেনি, কাল নিশ্চয়ই আসবে। পরদিনও এল না। তখন ভাবল, হয়তো পরের শুক্রবারে ঠিকই আসবে। সপ্তাহ শেষে শুক্রবারেও বুড়ি যখন এল না, তখন একটু চিন্তায় পড়ে গেল রিমা। বুড়িমা কেন আসছে না? সে কি গ্রামের বাড়ি চলে গেছে? নানা কথা ভাবতে থাকে। হঠাৎ মনের মধ্যে চিন্তার উদয় হলো, বুড়িমার কোনো অসুখ হয়নি তো! ভাবে, বুড়িমা কোন বস্তিতে থাকে, তা তো ও জানে না। কোথায় যাবে তাকে খুঁজতে! একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিল, ‘বুড়িমা, তুমি কোথায় থাকো?’ বুড়িমা বলেছিল, ‘বস্তিতে।’ কিন্তু কোন বস্তি, তা আর জিজ্ঞেস করা হয়নি। ও ভেবেছিল, ওদের বাসার থেকে একটু দূরে একটা বস্তি আছে, সেখানে হয়তো থাকে। তাই ওর বান্ধবীকে সঙ্গে নিয়ে সেই বস্তিতে হাজির হলো রিমা। কিন্তু কেউ বুড়িমাকে চেনে না। সেখানেও কিছু ভিখারিণী বাস করে। তাদের কয়েকজনকে জিজ্ঞেস করে। বুড়িমার বর্ণনা দিয়ে তার খোঁজ জানতে চায়। কিন্তু কেউ বলতে পারে না। তাই ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। মনটা ওর ভীষণ খারাপ। তখন এক ল্যাংড়া ভিখারি বলল, ‘বুড়িরে আমরা ছালুর মা বলে জানি। হ্যায় তো শাজাহানপুর রেলের বস্তিতে থাহে।’শুনে রিমা কিছুটা আশ্বস্ত হলো। পরদিন শনিবার স্কুল বন্ধ। তাই ওর ভাইয়াকে নিয়ে শাহজাহানপুর বস্তিতে উপস্থিত হলো। সেখানে গিয়ে কয়েকজনকে জিজ্ঞেস করে। কিন্তু কে আর সামান্য এক ভিখারিণীর খোঁজ রাখে! কেউ বলতে পারল না তার খবর। তখন ওর ছোট্ট মনে এক অজানা-অচেনা ভিখারিণীর জন্য কেমন যেন কষ্টের এক পাথরের চাপ অনুভব করে। ব্যথায় নীল হয়ে যায় রিমা। একজন বলল, ‘উত্তর দিকের বস্তিতে খোঁজ নিয়ে দেখেন, সেইখানে থাকবার পারে।’ওরা তা-ই করল। সেখানে গিয়ে জিজ্ঞেস করল। বুড়ির কথা শুনে কয়েকজন মুখ চাওয়া-চাওয়ি করল। তারপর যা জানাল, তার জন্য ওরা মোটেই প্রস্তুত ছিল না। হঠাৎ তার প্রচণ্ড জ্বর আর বমি হতে থাকে, তারপর কদিন রোগে ভুগে আজ পাঁচ দিন হলো বুড়িমা মারা গেছে। এই ঘরেই বুড়িমা থাকত। পাশের ঘর থেকে এক মহিলা বের হয়ে এসে বলল, ‘আপনারা কি মালিবাগ থন আইছেন? আপনার নাম কি রিমা?’‘হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কীভাবে?’তখন মহিলাটি আবার ঘরে ঢুকে একটা প্যাকেট এনে ওর হাতে দিয়ে বলল, ‘বুড়িমা মারা যাওয়ার আগে আমার হাতে এই প্যাকেকটা দিয়া কইল, আপনার জন্মদিনে দেওনের লাইগ্যা কিনছিল, কিন্তু তার আগেই সে অসুস্থ হয়, তাই দিতে পারে নাই। আমারে দিয়া গেছে। কিন্তু আমি তো আপনাদের ঠিকানা জানি না, দিমু কেমনে!’রিমা প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখে একটা লাল টকটকে ফ্রক, জন্মদিনের উপহার, ওর জন্য রেখে গেছে বুড়িমা। রিমার দুই চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে পড়ে। তারপর ওর ভাইয়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ওর বুকের মধ্যে লাল ফ্রকটা ধরে রাখে, যাতে লেগে আছে এক হতভাগী ভিখারিণী বুড়িমার স্নেহের পরশ।ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা