লিপি বা বর্ণ এল কেমন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট বন্ধুরা, তোমরা বইয়ের পাতা খুললেই যে অক্ষরগুলো দেখতে পাও, তারই নাম বর্ণ বা লিপি। এই বর্ণ বা লিপি সৃষ্টি হওয়ার আগে মানুষ শুধু মুখের ভাষায় কথা বলত। তখন লেখার কোনো ব্যবস্থা ছিল না। সে অনেককাল আগের কথা। সেই প্রাচীনকালে মানুষ দেয়ালে, পাথরে, গাছে খোদাই করে ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত, বা কিছু একটা বোঝানোর চেষ্টা করত। এভাবেই ছবি থেকে নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা লিপি পেয়েছি। লিপির কারণেই আজকের জ্ঞান-বিজ্ঞানের এই উন্নতি সম্ভব হয়েছে। এগিয়ে গেছে সভ্যতা। বর্ণ বা লিপি তৈরি না হলে আমরা বই পেতাম না, পত্রিকা পেতাম না, এমনকি কম্পিউটারও পেতাম না। লিপির কারণেই আমাদের ভাষা-সাহিত্য, গল্প-কবিতা, অঙ্কের সূত্র, ওষুধ তৈরির নিয়ম ইত্যাদি স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব হয়েছে।এই লিপি ধাপে ধাপে পরিবর্তিত হয়ে তবেই সৃষ্টি হয়েছে। এবার আমরা দেখব, কীভাবে লিপি তৈরি হলো। লিপির প্রথম স্তরের নাম হচ্ছে গ্রন্থিলিপি, যা মানুষের ছবি আঁকার আগ্রহ থেকে সৃষ্টি হয়েছে। ১০-১২ হাজার বছর আগে মানুষ চিত্রের মাধ্যমে তার ভাব প্রকাশ করত। অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকার আদিম আদিবাসীদের মধ্যে মূলত এই চিত্রলিপির প্রচলন ছিল। মিসরীয় ও সিন্ধু সভ্যতায়ও পাথরে খোদাই অনেক চিত্র পাওয়া গেছে। লিপির দ্বিতীয় স্তর বা ধাপ হচ্ছে ভাবলিপি। এই স্তরে কোনো বস্তু বা কিছু বোঝাতে তার পূর্ণ ছবি না দিয়ে সংকেতের মাধ্যমে বা প্রতীকধর্মী ছবির সাহায্যে ভাব প্রকাশ করা হতো। যেমন ধরো, আকাশে সূর্য বা দিন বোঝাতে বৃত্ত এবং রাত বোঝাতে অর্ধবৃত্তের নিচে তারা অঙ্কন করা হতো। এগুলো হচ্ছে প্রতীকচিত্র।শব্দলিপি হচ্ছে লিপির তৃতীয় স্তর। ধ্বনি থেকে লিপির আবির্ভাবে এ স্তরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, এ স্তরেই লিপি আসল ধ্বনির চিত্র হয়ে উঠেছে। ভাবলিপিতে যে বস্তু বোঝাতে প্রতীকচিত্রটির ব্যবহার হতো, সেই বস্তুনির্দেশক ধ্বনি বোঝাতেই এই পর্বে সেই প্রতীকচিত্র ব্যবহূত হতে লাগল। যেমন, প্রাচীন মিসরীয় ভাষায় ‘খেস্’ শব্দের অর্থ আটকানো এবং ‘তেব্’ শব্দের অর্থ শূকর। ‘খেসেতব্’-এর ধ্বনির জায়গায় সেই প্রতীকচিত্র ব্যবহূত হতে লাগল। প্রাচীন মিসরের হায়ারোগ্লিফিকস এই পর্যায়ের শব্দলিপি। শব্দলিপির বিকাশ হয়েছিল মূলত মিসরে।অক্ষরলিপি হচ্ছে লিপির চতুর্থ স্তর। এই পর্যায়ে চিত্র বা ছবি আরও সংক্ষিপ্ত হয়ে এল এবং সেই চিত্র ধ্বনিসমষ্টিকে না বুঝিয়ে কেবল প্রথম অক্ষরটিকে বোঝাতে লাগল। যেমন, প্রাচীন মিসরীয় ভাষায় সিংহীর ছবি শব্দলিপিতে ‘লাবোই’-এর ধ্বনিসমষ্টিকে বোঝাত। চতুর্থ স্তরে অক্ষরলিপিতে সিংহীর আরও সংক্ষিপ্ত ছবি ‘লাবোই’ ধ্বনিগুলোকে না বুঝিয়ে শুধু ‘লা’ অক্ষরটি বোঝাতে লাগল।পঞ্চম ধাপ হচ্ছে ধ্বনিলিপি। চিত্র দিয়ে প্রথম অক্ষর বোঝানো হতো অক্ষরলিপিতে। এই স্তরে সেই চিত্র প্রথম অক্ষরটিকেও সম্পূর্ণ না বুঝিয়ে প্রথম একক ধ্বনিচিহ্ন বা letter-কে বোঝাতে লাগল। যেমন, অক্ষরলিপিতে সিংহীর ছবি বোঝাতো ‘লা’ অক্ষরটি। এই অক্ষরের মধ্যে দুটি ধ্বনি ‘ল’ এবং ‘আ’ রয়েছে। ধ্বনিলিপিতে সিংহীর ছবি ‘ল’ ধ্বনিটিকে বোঝাতে লাগল। এভাবে ক্রমে ক্রমে সেই ১০ হাজার বছর আগে শুরু করে নানা পরিবর্তন ও রূপান্তরের মধ্য দিয়ে আজকের এই বর্ণ তৈরি হয়েছে।বর্তমানে পৃথিবীর সব ভাষার লিপি নেই। ধ্বনিলিপিও সব ভাষায় ব্যবহূত হয় না। ভারতীয় লিপিতে অক্ষর ও ধ্বনি উভয়ই রয়েছে। অন্যদিকে গ্রিক-রোমান (ইংরেজি) ধ্বনিমূলক বর্ণমালা।বর্তমান পৃথিবীর সব রকমের লিপির উত্স বা মূল চারটি সুপ্রাচীন লিপিপদ্ধতি। এগুলো হচ্ছে (ক) মিসরীয় লিপিচিত্র, (খ) ভারতীয় লিপিচিত্র (ধারণা করা হয়), (গ) চীনা লিপিচিত্র এবং (ঘ) বাণমুখ লিপিচিত্র। বাণমুখ লিপিচিত্র প্রায় তিন হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। চীনা বা চীনীয় লিপিচিত্র থেকে আধুনিক চীনা ও জাপানি লিপি পাওয়া গেছে। মিসরীয় চিত্রলিপি থেকে ইউরোপীয় বর্ণমালা ও সেমীয় বর্ণমালা সৃষ্টি হয়েছে।বাংলালিপির পরিচয়বাংলা ভাষা যে লিপিতে লেখা হয়, এর বয়স এক হাজার বছরের কিছু বেশি। এই লিপি এসেছে ব্রাহ্মীলিপি থেকে। ব্রাহ্মীলিপি ঠিক কোন লিপি থেকে সৃষ্টি হয়েছে, সে কথা সঠিকভাবে জানা যায়নি। মৌর্য যুগেরও বেশ আগে ভারতের নানা স্থানে ব্রাহ্মীলিপির ব্যবহার ছিল। ব্রাহ্মীলিপির বিবর্তনের রূপটি লক্ষ করলে দেখা যাবে, এই লিপিই বাংলালিপির রূপ নিয়েছে। ব্রাহ্মীলিপির পূর্বাঞ্চলীয় রূপটি সপ্তম শতক নাগাদ যে চেহারা বা আকৃতি নিয়েছিল, তা আসলে চতুর্থ-পঞ্চম শতকের গুপ্তলিপিরই বিবর্তিত রূপ। আর এই পূর্বাঞ্চলীয় রূপটিকে বলা হয় কুটিল লিপি। আমাদের বাংলা লিপি এই কুটিল লিপিরই পরিবর্তিত রূপ।