‘রিনা, পড়তে বসে যাও।’ রিনার কাছে এই কথাটা মোটেই ভালো লাগে না। সারা দিন পড়তে কি ভালো লাগে? সারা দিন খালি আম্মুর এক কথা, ‘পড়ো, পড়ো আর পড়ো।’ রিনার বার্ষিক পরীক্ষা সামনে। তাই আরও বেশি পড়তে হবে। কিন্তু এত পড়া রিনা পছন্দ করে না। আবার না পড়েও উপায় নেই। রিনা ইংরেজি পড়া শুরু করল। হঠাৎ সে মনে করল বাথরুমে কেউ আছে। রিনা বাথরুমের দরজা খুলে দেখল সেখানে কেউ নেই। রিনা পড়তে বসল। আবার রিনার মনে হলো বারান্দায় কেউ তাকে ডাকছে। রিনা বারান্দায় এসে দাঁড়াল, কেউই নেই। রিনা ভয় পেল। মনে মনে ভাবল, হয়তো বা ভূতের কারসাজি। বাথরুম, বারান্দার দরজা আর জানালাগুলো বন্ধ করে রিনা পড়তে বসল। পড়া শেষে খেয়েদেয়ে, দাঁত ব্রাশ করে শুয়ে পড়ল ঘুমাতে।রিনার বিছানাটি জানালার পাশে ছিল। গরম লাগায় রিনা জানালাগুলো খুলে দিল। হঠাৎ সে দেখল, নীল রঙের উজ্জ্বল কিছু একটা আকাশে উড়ছে। রিনা বিছানা থেকে নেমে বারান্দায় এসে দাঁড়াল। দেখল, জিনিসটা ওদের বাড়ির ছাদের ওপর উড়ছে। রিনা চুপি চুপি ছাদে এল।রিনার চোখ ছানাবড়া হয়ে গেল। ওদের ছাদে একটা ফ্লাইং সসার নেমেছে। দুটো অ্যালিয়েন নেমে এল। রিনা বাক্শক্তি হারিয়ে ফেলল। এক পা করে পেছাতে লাগল। একটা অ্যালিয়েন বলল, ‘ভয় পাবেন না। আমরা নেপচুন থেকে এসেছি। আমরা ল্যাসিন জাতি।’আশ্চর্য, এরা বাংলায় কথা বলতে পারে! রিনার বাক্শক্তি ফিরে এল। ‘কী, কী বললে! নে-নেপচুন থেকে ল্যা-ল্যাসিন জাতি?’‘জি, আমরা নেপচুনের ল্যাসিন জাতি। আমাদের রাজা আপনাকে দেখতে চায়। আমরা আপনাকে সাত দিনের জন্য নিয়ে যাব।’ সাত দিনের জন্য? রিনা বলল, ‘আমি এত দিনের জন্য যেতে পারব না।’ একটা অ্যালিয়েন হাসতে হাসতে বলল, ‘আমাদের সাত দিন আপনাদের এখানে বারো ঘণ্টা।’রিনা বলল, ‘আমি এখন যেতে পারব না। আগামীকাল থেকে আমার ক্লাস টেস্ট পরীক্ষা শুরু। আর কিছুদিন পর বার্ষিক পরীক্ষা শুরু। তোমরা এক মাস পর এসো। তখন দেখা যাবে।’একটা অ্যালিয়েন বলল, ‘আপনি না যেতে চাইলে আমরা আপনাকে জোর করে নিয়ে যাব না। ঠিক আছে, আমরা এক মাস পর আসব।’ অ্যালিয়েনরা চলে গেল। এই এক মাসে রিনা অ্যালিয়েনদের কথা ভুলে গেলেও অ্যালিয়েনরা কিন্তু ঠিকই এক মাস পর এল রিনাদের বাড়ির ছাদে। তারা রিনার ঘরের ভেতর এল। তারা রিনাকে গভীর ঘুম থেকে জাগাল। রিনা বলল, ‘যেতে পারি বটে, কিন্তু আমার জন্য তো আমার মা-বাবা চিন্তা করবে।’ একটি অ্যালিয়েন বলল, ‘অসুবিধা নেই। আমরা আপনার মতো দেখতে হুবহু একটি রোবট নিয়ে এসেছি। এটা ছেড়ে দিয়ে গেলেই হবে।’ রিনা রোবটের সুইচ টিপে ছাদে গেল। ফ্লাইং সসারে উঠে বসল। সসারটা চলতে লাগল। রিনার কাছে ঘড়ি ছিল। রিনা ঘড়ির দিকে চেয়ে দেখল এক ঘণ্টা পার হয়ে গেছে। রিনা বিরক্ত হয়ে গেল। হঠাৎ সসারটা থেমে গেল। অ্যালিয়েনরা বলল, ‘নেমে আসুন।’ রিনা জানত, স্পেস স্যুট ছাড়া মহাশূন্যের প্রচণ্ড তাপে যে কেউ মারা যেতে পারে। রিনা নিচে নেমে এল, কিন্তু তার কিছু হলো না। রিনা একটা অ্যালিয়েনকে জিজ্ঞেস করল, ‘এখানে তাপমাত্রা এত কম কেন?’ অ্যালিয়েনটি বলল, ‘চারপাশে শক্তিশালী গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তাই তাপমাত্রা কম।’রিনাকে একটি চেয়ারে বসানো হলো। চেয়ারটি শূন্যে ভাসছিল। ওরা সামনে এগিয়ে চলল। হঠাৎ রিনা দেখল এক বিশাল প্রাসাদ। পৃথিবীর প্রাসাদ এই প্রাসাদের দশ ভাগের এক ভাগও হবে না। প্রাসাদের বিশাল বড় এক দরজা খুলে গেল। ওরা ভেতরে এগিয়ে চলল। সামনে একটা ছোট প্রাসাদ ছিল। এটা পৃথিবীর প্রাসাদের মতোই। প্রাসাদের দরজা খুলে গেল। সেখানে লাল গালিচা দিয়ে রিনাকে সম্মান করা হলো। রিনার চেয়ারটি রাজার সামনে নিয়ে আসা হলো। রাজা বলল, ‘এখন আপনাকে বিরক্ত করব না। আপনি খেয়েদেয়ে বিশ্রাম নিয়ে নিন। তারপর আমি আপনার সঙ্গে কথা বলব।’ রিনা চেয়ার থেকে নামল। তাকে প্রাসাদের পাশের আরেক প্রাসাদে নিয়ে যাওয়া হলো। সেখানে রিনা দেখল নানা ধরনের বাংলাদেশি খাবার। পিঠা, পায়েস, ভাত, মাছ, মাংস—আরও কত কী! রিনা খাওয়াদাওয়া শেষে বিশ্রাম নিল। তারপর আবার রিনাকে রাজার প্রাসাদে নিয়ে যাওয়া হলো। রিনাকে রাজার পাশে একটি চেয়ারে বসানো হলো। রাজা বলল, ‘আমি জানি, আপনি এখন মনে মনে কী ভাবছেন। আপনি ভাবছেন, এখানে বাংলাদেশি খাবার এল কী করে এবং আমরা বাংলায় কথা বলছি কী করে।’ রিনা বলল, ‘আশ্চর্য, আপনি জানলেন কেমন করে?’‘শুধু আমি নই, সবাই আপনার মনের কথা জানে। এটা আপনাদের ভাষায় মস্তিস্ক আর আমাদের ভাষায় ট্যানির মাধ্যমে সম্ভব হয়।’রাজা বলল, ‘আপনি এখানে এসেছেন, এর জন্য আমরা অনেক খুশি। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। যা-ই হোক, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিই। তা না হলে আপনি হয়তো বা আর কোনো দিন এই প্রশ্নগুলোর উত্তর পাবেন না। আমরা আজ থেকে পনেরো বছর আগে ল্যাটিন প ভাষায় কথা বলতাম।’ ‘ল্যাটিন প ভাষা!’ ‘জি, আমরা আগে ল্যাটিন প ভাষায় কথা বলতাম। একদিন আমাদের এক বিজ্ঞানী আবিষ্কার করল, একদিন একটা নতুন প্রজাতির অ্যালিয়েন হবে, যারা আমাদের এই ভাষা শুনে রাগান্বিত হয়ে আমাদের সবাইকে মেরে ফেলবে। তাই আমি আমার পনেরো হাজার বিজ্ঞানী তেলাপোকা আকারে পৃথিবীতে পাঠাই। এক মাস পর তারা পনেরো হাজার ভাষা লিখে নিয়ে আসে। কিন্তু কোনো ভাষাই কারও পছন্দ হলো না। হঠাৎ আমার এক বিজ্ঞানী একটি নতুন ভাষা লিখে নিয়ে এল। সেই ভাষাটি এতই মধুর, এতই মিষ্টি, এতই সুন্দর যে সেই ভাষাটি সবার পছন্দ হয়ে গেল। সবাই চাইল সে দেশের সবকিছু আমাদের এই গ্রহে করতে। আমার দশজন বিজ্ঞানী আমি সেই দেশে পাঠালাম। তারা সেই দেশের তথ্যাবলি নিয়ে এল, যা ধীরে ধীরে আমাদের দেশে করা হচ্ছে। আমার একদিন মনে হলো, যেই দেশের ভাষায় কথা বলি, সেই দেশের কাউকে না দেখলে মন জুড়াবে না। তাই আমার দুজন বিজ্ঞানী—যারা আপনাকে নিয়ে এসেছে—আপনাকে পছন্দ করল। আর আপনি এখানে এলেন। আপনি এত ভালো একটি দেশে বাস করেন! যে দেশের ভাষা বাঁচাতে অনেক প্রাণ গেছে, সেই ভাষাটি এতই মধুর যে সেই ভাষার সঙ্গে অন্য কোনো ভাষার তুলনা হয় না।’রাজার চোখে পানি এল। রিনাও অনেক আগে থেকে কাঁদছিল। রাজা বলল, ‘সাত দিন পার হয়ে গেছে। অনেক খুশি হলাম আপনাকে দেখে। ভালো থাকবেন।’রিনা রাজাকে হাসিমুখে বিদায় দিল চোখের পানি মুছে। রিনা ফ্লাইং সসারে উঠে বসল। জানালা দিয়ে দেখল, সবাই তাকে কান্নাভেজা চোখে বিদায় দিচ্ছে।আসার সময় রিনা খুব দ্রুতই পৌঁছাল। অ্যালিয়েন দুটি তাকে ভেজা চোখে বিদায় দিল। অ্যালিয়েনরা রিনাকে নামিয়ে দিয়ে চলে গেল। ‘রিনা, এই রিনা, ওঠ, সকাল হয়ে গেছে।’ রিনার ঘুম ভাঙল। সবই স্বপ্ন ছিল। রিনা দৌড়ে ছাদে গেল। দেখল, সেখানে একটা চিঠি পড়ে আছে। তাতে লেখা, ‘ভালো থেকো, রিনা।’ রিনার চোখে পানি এল। সে চিঠির দিকে চেয়ে বলল, ‘ভালো থেকো, ল্যাসিন জাতি। ছড়িয়ে দিয়ো এই বাংলা ভাষাকে সর্বত্র।’ ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা