শক্তি যেমন বুদ্ধিও তেমন
বন্য জন্তুর কথা বলতে গেলে বাঘের পরই আসে ভালুকের নাম। আর বিভিন্ন ধরনের ভালুকের মধ্যে সবচেয়ে পরিচিত যে ভালুকটি, তা হচ্ছে কালো ভালুক। এটি শক্তিতে ও বুদ্ধিতে দারুণ এক প্রাণী। আকারে খুব বড় হয়ে থাকে ওরা। একটি পুরুষ কালো ভালুকের ওজন ২৫০ কেজি পর্যন্ত হতে পারে। গাছ বেয়ে ওঠায় খুব পটু কালো ভালুক। পেছনের দুই পায়ে ভর করে সটান খাড়া হতে পারে ঠিক মানুষের মতো। এত বড় ধড় নিয়েও ছোটখাটো লাফ দিতে কোনো অসুবিধা নেই ওদের। ছুটতে পারে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে। সাঁতারেও জুড়ি নেই। একটানা সাঁতরে দুই মাইল যাওয়া ওদের কাছে কোনো ব্যাপারই নয়।কালো ভালুক খাদক বটে! ছোট বা বড় যে প্রাণীই হোক না কেন, মওকামতো ঘায়েল করতে পারলে পেট পুরে খেয়ে ফেলে। তাই বলে নিরামিষেও মানা নেই। পাকা সুস্বাদু ফলপাকড় খেতে খুব ভালোবাসে কালো ভালুক। বিশেষ করে, জামজাতীয় ফল। এর সঙ্গে রসাল লতা-পাতাও পছন্দ করে ওরা। পছন্দ করে বিভিন্ন ধরনের বাদাম। আর যদি মৌচাকের খোঁজ পায়, তাহলে তাকে পায় কে? চেটেপুটে মধু তো খাবেই, পারলে মৌমাছির বংশ নিপাত করে ছাড়বে। ঘন ও পুরু রোমের কারণে মৌমাছি কালো ভালুকের গায়ে হুল ফোটাতে পারে না। যদি মুখে দু-চারটে হুল ফুটেই যায়, এতে ওদের কিচ্ছু হয় না। গরমকালে এই ভালুকের কাজই হলো দিনভর খাবার খুঁজে বেড়ানো। এ ক্ষেত্রে ওদের লম্বা নাকের প্রখর ঘ্রাণশক্তি দারুণ কাজে লাগে। তবে এতে বিপদও কম হয় না। খাবারের গন্ধ শুঁকতে শুঁকতে কালো ভালুক অনেক সময় তার জায়গা ছেড়ে মানব বসতিতে গিয়ে বিপত্তি ঘটায়। তখন সেখানকার লোকজন দল বেঁধে চড়াও হয় ভালুকের ওপর।শীতকাল হলো কালো ভালুকের আরাম করার সময়। তখন লম্বা এক ঘুম দেয় তারা। নির্জন কোনো গুহা বা বড় গাছের বিশাল কোটর বেছে নিয়ে জুত করে ঘুমিয়ে পড়ে। পুরো শীতকালটা এভাবে কাটায়। এ সময় কালো ভালুক কিছুই খায় না। এমনকি বাথরুমের কাজও করে না। গরমকালে খেয়ে খেয়ে শরীরে জমানো চর্বি তখন ওদের শরীরে শক্তি জোগায়।মজার ব্যাপার হলো, শীতকালেই কালো ভালুকের ছানা হয়। মা ভালুক একসঙ্গে দুই থেকে তিনটি ছানার জন্ম দেয়। মায়ের ঘন দুধ ছানাগুলোর পুষ্টি জোগায়। শীত শেষে যখন কালো ভালুকের ঘুম ভাঙে, তখন শরীরের সব চর্বি হজম হয়ে রোগা হয়ে যায় ওরা। পেটে থাকে প্রচণ্ড খিদে। আবার শুরু হয় ওদের খাই খাই। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক