শরণার্থী ও একজন ওসমান মাঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কারপ্রাপ্ত শেষ গল্প আজ ছাপা হলো।গ গ্রুপ: তৃতীয়বিষখালী নদী। গাঁয়ের কৃষক, মাঝি, সওদাগরদের প্রাণের সঙ্গে এ নদী মিশে আছে বহুকাল আগে থেকেই। এর বীরত্বগাথা কিংবা শোকগাথার ইতিহাস এখন আর নতুন নয়। গাঁয়ের মানুষের মুখে এ নদীর বিবর্তনের কথাও শোনা যায়। কেউ বলে, এর পূর্ব নাম ছিল মায়াখালী, কেউ বা বলে সোনাখালী। দুই ধারে তার সবুজের গালিচা বিছানো গ্রাম আর গ্রাম। সময়ের বিবর্তনে গ্রামের নামেও পরিবর্তন এসেছে। পশ্চিম দিকের গ্রামটির নাম পালট; আর পূর্ব দিকে নিয়ামতি। এ নদীর দীর্ঘ দিনের পুরোনো মাঝি ওসমান খাঁ।বাড়ি তাঁর নিয়ামতি গ্রামে। বাঁশ ও ছনের তৈরি ছোট্ট একটি ঘরে বাস করেন ওসমান খাঁ। দুটি মেয়ে রাহিলা ও রোকেয়া এবং বউ হাজেরা বিবিকে নিয়ে তাঁর সংসার। সম্পত্তির মধ্যে তাঁর থাকার ছোট্ট পোতাটুকু আর খেয়া নৌকাটি ছাড়া কিছুই নেই। ওসমান হিজলজোড় থেকে ভাঙাচর পর্যন্ত খেয়া দেয়। তাঁর দিনরাত—সবই নৌকায় কাটে। অবসরে হিজলজোড়ে নোঙর করা থাকে তাঁর নৌকাটি।ভরদুপুরে ওসমানের মেয়ে রাহিলা এসে ডাক দেয়, ‘কইগো বাপজান, আছোনি, খাওয়োন লইয়া আইছি।’নৌকার ভেতর বসে ওসমান জবাব দেন, ‘আয়গো মা, আয়, ভেতরে লইয়া আয়।’মেয়ে বলে, ‘বাপজান, আইজ রাইতে তুমি ঘরে আইয়ো, মা পিডা বানাইব।’ওসমান খেতে খেতে বলেন, ‘নারে মা, তোর মায়রে কইস, বাপজান পাডাইয়া দেতে কইছে।’প্রত্যুত্তরে ওসমানের মেয়ে শুধু মাথা নাড়ে। কিছুই বলে না।ওসমান এই হিজলজোড়ে কত রাত যে কাটিয়েছে তার হিসাব নেই। একবার বিষখালী হয়ে এক ডাকাত দল ফুলঝুড়ির দিকে যাচ্ছিল। তখন মধ্যরাত। তিনি নীরবে সব প্রত্যক্ষ করেছেন। ডাকাত দলের টর্চলাইটটা তীব্র গতিতে তাঁর নৌকায় এসে পড়েছিল। ডাকাত দলের কেউ একজন প্রশ্ন করল, ‘নৌকায় কেডারে?’কোনো জবাব দেননি তিনি। নিমাইগঞ্জ থেকে সওদাগরেরা বাণিজ্য করার জন্য নিয়ামতিতে আসত। প্রায়ই তারা হিজলজোড়ে নৌকা নোঙর করে রাত কাটাত। সারা রাত গল্প হতো। একে অন্যের পরিবার-পরিজন সম্পর্কে বৃত্তান্ত জিজ্ঞেস করত। দেশ বিভাগের প্রাক্কালে সবদিকে যেন ভয়ের একটা অস্পষ্ট ঘণ্টাধ্বনি। বাতাস, নদী, গাছের পাতারাও যেন সেই কথা বলে। আজকাল প্রায়ই বিষখালী দিয়ে চালচুলো নিয়ে একেবারে সপরিবারে দু-একটি পরিবারকে মেঘালয়ের দিকে যেতে দেখা যায়। ওসমান নীরবে সব প্রত্যক্ষ করেন। মাঝেমধ্যে হাঁক দিয়ে জিজ্ঞেস করেন, ‘তোমরা সব কই যাওগো?’ওসমানের সে ডাক যেন তাদের কানে পৌঁছে না। তারা আপন মনে নৌকা ভাসাতে থাকে অন্য কোনো জীবনের সন্ধানে। সন্ধ্যার পরপরই অধিকাংশ নৌকা রওনা হয়ে যায়। সারা রাত ধরে নৌকা চালায়। বিষখালীতে তখন ভাটির স্রোত বইতে থাকে। স্রোতের টানে নৌকার গতি যেন দ্বিগুণ বেড়ে যায়। আবার নৌকার মধ্যে তাদের রান্নাবান্নাও চলে। দু-একটি সওদাগরের নৌকা চলে যেতে দেখলে অনেকে উৎকণ্ঠায় জিজ্ঞেস করে, ‘ও ভাই, ওদিগের হাবভাব কেমন?’সওদাগরেরা যেন তাদের প্রশ্ন কানে না তুলে পাল্টা প্রশ্ন করে, ‘তোমরা কি সব ইন্ডিয়া যাইতাছ?’শরণার্থীদের নৌকা থেকেও এর কোনো উত্তর আসে না।সওদাগরদের নৌকা এসে মধ্যরাতে হিজলজোড়া নোঙর করে। বাঁশের লগিটা মাটিতে পুঁততে পুঁততে জিজ্ঞেস করে, ‘কইগো, ওসমান ভাই, গুমাইলানি?’ওসমান ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। তিনি এক পয়সার মাঝি। তাঁকে এত রাত জাগলে চলবে না। তা তিনি এই বয়সে বহুবার বুঝেছেন। কৃষ্ণ গাঁয়ের মেয়ে জরিনার বিয়ে। ইতিমধ্যেই বিয়ের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। বরযাত্রীরাও এসে হাজির হয়েছে। পানসি নৌকায় আড়াআড়িভাবে তক্তা বিছিয়ে একপ্রকারের মাচাং তৈরি করেছে ওরা। ওপরে মৃদু বাতাসে উড়ছে লাল-নীল রঙের তাঁবু। বাঁশের তৈরি খুঁটিতে রশি টানিয়ে তাতে রঙিন কাগজ লাগিয়ে নৌকাটি সাজানোও হয়েছে সুন্দরভাবে। এসেই তারা হিজলজোড়ে নৌকার নোঙর ফেলল। কৃষ্ণ গাঁয়ে সরাসরি নৌকা প্রবেশ করতে পারে না। নিয়ামতি থেকে মাইল আধেক হেঁটে কৃষ্ণ গাঁয়ে প্রবেশ করতে হয়। ওসমানের নৌকাও হিজলজোড়ে নোঙর করা ছিল। নতুন বউ নিতে ওপরে ছাউনিসমৃদ্ধ মাঝির নৌকার রেওয়াজ আছে। তাই তারা বিয়েবাড়ি যাওয়ার আগেই ওসমানের সঙ্গে কথা বলে সব বন্দোবস্ত করে রেখেছে। বিয়ে হয়ে গেল। বরযাত্রীরাও কনে নিয়ে অগ্রসর হয়ে গেল। শেষ বিকেল। ভাটি এখনো পুরোদমে লাগেনি। মৃদু মৃদু ঢেউয়ের ওপর দিয়ে ওসমানের খেয়া নৌকাটি চলছিল সামনে সামনে। বর-কনে এবং কনের সঙ্গের একান্ত অতিথিদের শুধু ঠাঁই মিলেছে এই নৌকায়। পেছন পেছন আসছে বরযাত্রীদের নৌকাটি। ধীরে ধীরে এগিয়ে চলছিল ওরা। মাঝ পথে গিয়ে পশ্চিমের আকাশ লালবর্ণ ধারণ করে। সর্বত্র রংধনুর আভা ছড়িয়ে পড়তে থাকে। একটু পরেই সন্ধ্যা নামবে। সামনের ঘাট আওড়াবুনিয়া। এর পরে আর দুই ঘাট পার হলেই ফুলঝুড়ি। রাতের আকাশে চাঁদ ছিল। চাঁদের স্নিগ্ধ আলোয় ঝলমল করা জলের ওপর দিয়ে এগিয়ে চলল নৌকা দুটি। দু-চারটি জেলে নৌকাও ছড়ানো-ছিটানো ছিল নদীর এখানে-সেখানে। সামনে খেয়া নৌকা এবং পেছনে সুসজ্জিত পানসি নৌকা দেখে সহজেই আঁচ করা যায়, কোনো বিয়ের দল যাচ্ছে। জেলেদের মধ্যে থেকে কেউ একজন চলমান নৌকার দিকে তাকিয়ে আফসোস করে বলে উঠল, ‘বিয়া কইরা কী করবা বাই। দ্যাশে যা শুরু অইছে!’দূর থেকে একটা ধ্বনি বাতাসের সঙ্গে ভেসে আসে, ‘ইন্ডিয়া গ্যালে কি শান্তি পায়োন যাইব?’ইতিমধ্যেই নৌকা ফুলঝুড়িতে পৌঁছে যায়। দেখা যায়, প্রদীপ জ্বালিয়ে বাড়ির মেয়ে-বুড়িরা কনে বরণের জন্য অপেক্ষা করছে।রাত অনেক হয়েছে। মাথার ওপর জ্বলন্ত চাঁদটা দক্ষিণ দিকে হেলে পড়েছে। কিন্তু ওসমান মাঝিকে ফিরতে হবে। হিজলজোড়ের মাঝি তিনি। অন্য কোথাও তাঁর রাত কাটবে না। নদীতে জোয়ার বয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট কচুরিপানাও যেন একান্ত মনে ছুটছে তার দেশে। তিনিও নৌকা ভাসিয়ে দিলেন। স্রোতের টানে নৌকা যেন তীব্র গতিতে ছুটে চলছে তাঁর হিজলজোড়ের দিকে। রাত বাড়ছে। নৌকা চলছে। ওসমান যখন বেতাগী পৌঁছালেন, তখন শেষ রাত্রি। তিনি প্রত্যক্ষ করলেন, পরিবার-পরিজন নিয়ে একত্রে কয়েকটি পরিবার। তারা ছুটছে অন্য কোথাও। তিনি হাঁক দিয়ে প্রশ্ন করেন, ‘তোমরা কোন গেরামের বাই?’ওদের মধ্য থেকে কেউ একজন জবাব দেয়, ‘মোরা মুন্সিপাড়ার।’ তখনই একটা ট্রলার তীব্রগতিতে ছুটে আসে এদিকে। ওসমান ধীরে ধীরে তীরে নোঙর করেন নৌকাটি। দু-তিনটি টর্চলাইটের আলো এসে তাঁর নৌকায় পড়ে। শরণার্থীদের নৌকা থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। কিন্তু এই রাতে ওই চিৎকার কারও কানে পৌঁছাবে না। নিরীহ মাঝি ওসমান। তাঁর চোখ শুধু দেখতে পারে, প্রতিবাদ করতে পারে না। ভয়ে থরথর করে কাঁপতে থাকেন ওসমান মাঝি। কিছুক্ষণ পরে একটা যুবতীর চিৎকার-চেঁচামেচি শোনা যায়। স্বর্ণালংকার, টাকাপয়সা, ঘটিবাটি সব ছিনিয়ে নিয়ে যায় রাজাকারের দল। ট্রলার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবতীর আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। ওসমান আবার নৌকা ছাড়েন। আসার পথে দু-তিনটি লাশ নদীতে ভাসতে দেখা যায়। সকাল সকাল এসে তিনি হিজলজোড়ে নৌকার নোঙর ফেলেন।কয়েক দিন পরের কথা। শরণার্থীদের একে একে দেশ ত্যাগ তখনো চলছিল। তাদের চলে যাওয়ার পর রাজাকারেরা তাদের ঘরবাড়ি দখল করে রাজত্ব শুরু করেছে। একই নিয়মে চলছিল ওসমান মাঝির খেয়া পারের দিনগুলো। একদিন এক অপরিচিত ধাঁচের লোক এসে দূর থেকে জিজ্ঞেস করে, ‘ওসমান হে?’ওসমান প্রত্যুত্তরে শুধু মুখ তুলে তাকান। একটা মৃদু স্পষ্ট কণ্ঠস্বর ভেসে আসে, ‘শালা, সেই মাঝি!’পরদিন ওসমানকে আর হিজলজোড়ে দেখা গেল না। শুধু নৌকাটি সেই একই অবস্থায় হিজলজোড়ে নোঙর করা ছিল। মৃদু মৃদু বাতাস বইছে। কে জানে, হয়তো বাতাসই বয়ে বেড়াচ্ছে ওসমান মাঝির নিরুদ্দেশের ইতিহাস।যাত্রাবাড়ী আইডিয়াল হাই স্কুল, ঢাকা