শামসুর রাহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ আগস্ট প্রিয় কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী। তাঁর স্মরণে লিখেছেন কবির নাতনি নয়না রাহমানশ্যামলী, রোড নং-১, বাসা ৩/১। একটি সাদা রঙের দোতলা বাড়ি, লোহার গেট, দোতলায় সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে একটি রুম। রুমে আছে একটি কাঠের টেবিল, টেবিলের ওপর বইয়ের স্তূপ, একটি চেয়ার এবং দু-তিনটি বুকশেলফ। সবকিছু আগের জায়গামতো রয়েছে। কিন্তু যিনি আজকে আমাদের সঙ্গে নেই, তিনি হলেন আমার দাদাভাই। সাত বছর হয়ে গেছে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তবুও মনে হয়, সেদিনই তো তিনি আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে কথা বলেছেন, একই সঙ্গে খেয়েছেন, একই সঙ্গে বসে টিভি দেখেছেন। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। মানুষ চলে যায়, কিন্তু পেছনে ফেলে রেখে যায় তার স্মৃতি। দাদাভাই যখন মারা যান, তখন আমি ক্লাস এইটে পড়ি। এর ফলে তাঁর অনেক স্মৃতিই আমার মনে আছে। ছোটবেলায় আমি তাঁর সঙ্গে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সাভার, নারায়ণগঞ্জ, ভৈরব এবং একটি উপজাতি অঞ্চলে; জায়গাটার নাম অবশ্য মনে পড়ছে না। তাঁর সঙ্গে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগত। লোকে শুধু তাঁকেই সম্মান করত না, তাঁর জন্য আমরাও সম্মানের ভাগ পেতাম। এ ছাড়া ছোটবেলা থেকেই আমার ছবি তোলার শখ ছিল। দাদাভাইয়ের কাছে অনেক সাংবাদিক ও ফটোসাংবাদিক আসতেন, তাঁরা তাঁর ছবি তুলতেন এবং সে কারণে আমিও ছবি তোলার সুযোগ পেতাম। কিন্তু কোনো দিন যদি দাদাভাই আমাকে ছবি তোলার জন্য না ডাকতেন, সেদিন তো আমি তাঁর সঙ্গে রাগ করে থাকতাম। কেন আমাকে ছাড়া তিনি ছবি তুলেছেন। তিনি রাগ তাড়ানোর জন্য আমার কাছে এসে বসতেন। আমার মাথায় আদর করে হাত বুলিয়ে দিতেন এবং বলতেন, ‘আমার ভুল হয়ে গেছে, এরপর যখনই আমি ছবি তুলব, তখনই তোমাকে ডাকব। কিন্তু আমার সঙ্গে রাগ করে থেকো না।’ তারপর আমার রাগ কমত। আমার বলতে লজ্জা নেই যে আমি অনেক ভীতু। আমি রাতে লাইট বন্ধ করে একা ঘুমাতে পারি না। কিন্তু আমি ভয়ের নাটক ও ছবি দেখতে পছন্দ করি। দাদাভাইয়ের সঙ্গে অনেক ভয়ের নাটক দেখেছি। এসব নাটক দেখে আমি খুব ভয় পেতাম। তখন দাদাভাই আমাকে টিভি স্ক্রিনের সামনে নিয়ে গিয়ে হাত দিয়ে দেখাতেন এবং বলতেন, ‘ভূত বলতে কিছু হয় না, দেখো আমি স্ক্রিনে হাত দিচ্ছি, তবুও কিছু হচ্ছে না।’ আমি দাদাভাইয়ের সঙ্গে দুষ্টুমিও করতাম। দাদাভাই খালি পায়ে হাঁটা একদমই পছন্দ করতেন না। কিন্তু তাঁর সঙ্গে মজা করার জন্য আমি ইচ্ছা করে খালি পায়ে তাঁর সামনে যেতাম আর তিনি রেগে যেতেন। এখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। কিন্তু আজও আমার এসব কথা খুব মনে পড়ে। মনে হয়, ফিরে যাই ওই সব দিনে। কিন্তু এটা সম্ভব নয় জানি। তাই ওই সব দিন এখন শুধু আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে। আজ যদি দাদাভাই আমাদের সঙ্গে থাকতেন, তাহলে জীবনটা অন্য রকম হতে পারত। আজও তাঁর কথা খুব মনে পড়ে। তিনি খুব খুশি হতেন, যদি দেখতেন আমি এখন কত বড় হয়ে গেছি। আমি যেন তাঁর সব ইচ্ছে পূরণ করতে পারি। এটিই আল্লাহর কাছে আমার চাওয়া। দাদাভাই যেখানেই আছেন, যেন ভালো থাকেন, এটিই আমার প্রার্থনা। দাদাভাইকে কখনোই ভুলতে পারব না।