শিকারি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ কি শিকার করতে পারে? এ প্রশ্ন শুনে তোমরা অনেকেই হাসবে। বলবে, গাছের কি পা আছে নাকি যে, প্রাণীর মতো দৌড়ে দৌড়ে শিকার করবে? হুঁ, তা নেই বটে, তবে কিছু গাছের সত্যিই আছে শিকার করার ক্ষমতা। প্রাকৃতিকভাবেই এসব গাছ পেয়েছে ফাঁদ পেতে কীট-পতঙ্গ শিকার করার কৌশল।শিকার করা এসব গাছ ‘মাংসাশী গাছ’ বলে পরিচিত। ‘ব্লাডারওয়ার্ট’ বলে পরিচিত একধরনের জলজ উদ্ভিদের কথাই ধরো না। শান্ত কোনো পুকুরে নিশ্চুপ পড়ে থাকে এই নাজুক লতানো গাছ। দেখে কারও বোঝার সাধ্যি নেই, তার ক্ষমতা কী। অথচ গাছের জগতে ওরাই নাকি সবচেয়ে দ্রুত শিকার করতে পারে। ফাঁদে ফেলে মশার একটি শূককীট সাফ করতে ব্লাডারওয়ার্টের সময় লাগে মাত্র এক সেকেন্ডের ৫০ ভাগের এক ভাগ।শিকার ধরা গাছের ফাঁদ তার শরীরে আপনা-আপনি তৈরি হয়। এই ফাঁদ হতে পারে তার ফুল বা ফুলের পাপড়ি কিংবা কলস বা থলের আদলে গড়ে ওঠা লতা বা পাতার কোনো অংশ। দেখা গেল, কোনো কীট বা পতঙ্গ একটি শিকারি গাছের ফুলের ফাঁদে গিয়ে বসল। অমনি পোকাটি আটকা পড়ে যাবে ওই ফুলে থাকা একধরনের আঠালো রসে। গাছের কলস বা থলের ফাঁদে গেলেও পোকার একই দশা হবে। সে ক্ষেত্রে হজমি রসের মাধ্যমে পোকাটির শাঁসালো অংশ হজম করে ছিবড়েটুকু নিংড়ে দেবে গাছটি।উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন, মাংসাশী গাছ সাধারণত যেসব স্থানে জন্মে, সেসব স্থানের মাটির পুষ্টি জোগানোর ক্ষমতা কম থাকে। এ কারণে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে এসব গাছ ফাঁদ পেতে শিকার করে।যুুক্তরাষ্ট্রের বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী লিসা ভ্যান ক্লিফ বলেন, ‘শরীরে পুষ্টির ঘাটতি পোষাতে আমরা যেমন ভিটামিন খেয়ে থাকি, তেমনি মাংসাশী গাছগুলো তাদের পুষ্টির চাহিদা মেটাতে গিয়ে দিনের পর দিন কসরত করে বিবর্তনের মাধ্যমে এসব ফাঁদ পেয়েছে।’কিছু শিকারি গাছের ফাঁদে শিকারকে লোভী করে তুলতে অন্য আয়োজনও থাকে। এ ক্ষেত্রে এককাঠি সরেস পিচার প্ল্যান্ট বা কলস গাছ। এসব গাছে থাকে কলসের আদলে দৃষ্টিনন্দন ফাঁদ। ভেতরে থাকে মধু। এশিয়ান পিচার প্ল্যান্টের কলসে উজ্জ্বল রঙের কানা থাকে। আরও থাকে আধাখোলা ঢাকনা। মধুলোভী পোকামাকড় ওই কলসের কানায় এসে মধু খেতে গিয়ে ফাঁদে আটকা পড়ে। ভেতরে কলসের গা থাকে রোমশ ও পিচ্ছিল। এতে ভেতরে কোনো পোকা পড়ে গেলে আর উঠতে পারে না। ফাঁদে আটকা পড়া অতি খুদে পোকা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হজম করে ফেলে কলসগাছ। তবে মাছি বা এর চেয়ে বড় কোনো পোকা হজম করতে গাছটির কয়েক দিন লেগে যেতে পারে।কিছু কলসগাছের কলস এত বড় হয় যে বৃষ্টি পড়লে এতে অনায়াসে দুই গ্যালন (সাড়ে সাত লিটার) পানি ধরে। এই পানি পান করতে গিয়ে অনেক সময় খুদে পাখি, ব্যাঙ বা গিরগিটির মতো প্রাণী গাছটির শিকারে পরিণত হয়।মাংসাশী গাছ বেশির ভাগই স্যাঁতসেঁতে এলাকায় জন্মে। সাগরপৃষ্ঠ থেকে পাহাড়ি এলাকা পর্যন্ত ওদের বিস্তৃতি। অন্যান্য মহাদেশের চেয়ে উত্তর আমেরিকায় ফাঁদ পাতা গাছের প্রাচুর্য বেশি।ওয়েবসাইট অবলম্বনে শরিফুল ইসলাম ভূঁইয়া