শিশু চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে না সিনেমা দেখতে ভালোবাসে! ছোটরা তো ভালো সিনেমা দেখার সুযোগ পেলে আর কিছু চায় না। পড়াশোনার যে চাপ বেড়েছে, তাতে একটু যদি অবকাশ মেলে, তাহলে ভালো ছায়াছবি দেখেই তো পার করে দেওয়া যায় সময়টা। তোমাদের জন্যই জানাচ্ছি সুখবরটা। আবার বসছে তোমাদের নিয়ে চলচ্চিত্র উৎসব। তোমাদের ভালো লাগবে, এ রকম প্রায় ২০০ ছবি তোমরা দেখতে পাবে পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে। ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।তোমাদের জন্য এ উৎসবটির আয়োজন করেছে চিলড্রেনস ফিল্মস সোসাইটি বাংলাদেশ। এত দিন তো কেবল রাজধানীতেই উৎসবের ছবিগুলো দেখার সুযোগ মিলত। এবার চলচ্চিত্র উৎসবটি হবে দেশব্যাপী। ঢাকায় নয়টি, চট্টগ্রামে ছয়টি এবং সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে একটি করে মোট ২০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের উৎসব।মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহূত হবে ঢাকার শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরটি। উৎসবে মোট ৪০টি দেশের দুই শতাধিক শিশুতোষ কাহিনিচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, অ্যানিমেশন চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।এবারও উৎসবের স্লোগান বরাবরের মতোই—ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন বা Future in Frames।উৎসবে এবারেও থাকছে ছোটদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ। এবারের উৎসবেও সারা দেশ থেকে ১২৫ জন শিশুকে ঢাকায় আমন্ত্রণ জানানো হচ্ছে শিশু প্রতিনিধি হিসেবে। শিশু প্রতিনিধিদের মধ্যে ১০ জন সুবিধাবঞ্চিত ও ১০ জন Physically Challenged শিশুও রয়েছে।শিশু প্রতিনিধিদের জন্য ছবি দেখা ছাড়াও উৎসবের সাত দিনই থাকবে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে দিনব্যাপী চলচ্চিত্রবিষয়ক কর্মশালা, দিনব্যাপী চলচ্চিত্রবিষয়ক সেমিনার এবং তিনজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে অন্তরঙ্গ আড্ডার সুযোগ।উৎসবের ছবিগুলো দেখার জন্য সংশ্লিষ্ট শহরগুলোর সব স্কুলের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হবে। ঢাকার যেসব স্কুলের নিজস্ব যানবাহনের ব্যবস্থা করার সামর্থ্য নেই, সেসব স্কুলের জন্য বাসের ব্যবস্থা করবে উৎসব কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই উৎসবের সব প্রদর্শনী শিশু-কিশোরদের জন্য একজন অভিভাবকসহ উন্মুক্ত।২১ জানুয়ারি শনিবার বিকেল চারটায় ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ার।তোমরা যারা সিনেমাগুলো দেখার জন্য এখনই প্রস্তুত হয়ে আছো, তারা ভেন্যুগুলো জেনে নাও—মূল উৎসব কেন্দ্র: কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকা। অন্যান্য ভেন্যু: সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা; ব্রিটিশ কাউন্সিল, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র, আলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি, ঢাকা; আলিয়ঁস ফ্রঁসেজ, উত্তরা, ঢাকা; আল নাহিয়ান কমপ্লেক্স, মিরপুর, ঢাকা; ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, সোবহানবাগ, ঢাকা এবং কলেজ অব লেদার টেকনোলজি, হাজারীবাগ, ঢাকা। চট্টগ্রামে আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম (২১ জানুয়ারি, উদ্বোধনী), থিয়েটার ইনস্টিটিউট (২২ও ২৩ জানুয়ারি), ফুলকি (২৩, ২৪ও ২৫ জানুয়ারি), হলি ফ্যামিলি টিউটোরিয়াল (২৫ জানুয়ারি), সবুজ সংঘ মাঠ, বন্দর আবাসিক এলাকা (২৬ জানুয়ারি), দুর্বার স্কাউট মাঠ, পোর্ট কলোনি (২৭ জানুয়ারি), সিলেটে সিলেট মিলনায়তন, খুলনায় খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তন, রাজশাহীতে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তন, রংপুরে রংপুর জিলা স্কুল মিলনায়তন, বরিশালে অশ্বিনীকুমার টাউন হল, বরিশাল।উৎসবে তোমরা বাংলাদেশের শিশু চলচ্চিত্র তো দেখতে পাবেই, এ ছাড়া এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকাও উত্তর আমেরিকার ছবিও দেখতে পাবে।আজই মা-বাবার সঙ্গে কথা বলে ঠিক করে নাও—কবে, কখন, কোন সিনেমাটা দেখতে যাচ্ছো। সাত দিনে সিনেমার মাধ্যমে পুরো দুনিয়া ঘুরে বেড়ানোর সুযোগ কি সব সময় পাওয়া যায়? তাই এ সুযোগটি কাজে লাগাও।