শীতের রূপকথা
মায়ের ছিল ছয়টি ছেলে। তারা দেখতে যেমন সুন্দর, তাদের নামগুলোও তেমনি সুন্দর। বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরত্, হেমন্ত ও শীত। ছয় ভাইয়ে খুব ভাব। কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই।ছয় ভাইয়ের ছিল বিভিন্ন গুণ। তারা তাদের নিজ নিজ নামের মতোই গুণধর আর শক্তিশালী। ছেলেরা যখন বড় হলো, তখন ওদের মা ডেকে বললেন, বাছারা, তোমরা এখন বড় হয়েছ। এখন তোমাদের কাজে যেতে হবে।কী কাজ মা? ছয় ভাই একসঙ্গে জানতে চায়।তোমাদের জন্মই হয়েছে বিশেষ কিছু কাজের জন্য। মা বলে চলেন, তোমরা প্রত্যেকে দুই মাস পর পর পৃথিবীতে যাবে এবং নিজ নিজ ক্ষমতা আর গুণ অনুযায়ী পৃথিবীকে সাজিয়ে তুলবে।শুনে ছয় ভাই মহাখুশি। প্রথমে পৃথিবীতে গেল বসন্ত। দুই মাস পর সে যখন বাড়ি ফিরে এল, তখন বাকিরা তাকে ঘিরে ধরল পৃথিবীর গল্প শোনার জন্য। বসন্ত বলল, আমি পৃথিবীকে নানা রঙে ভরিয়ে দিলাম। ফুলের বাগানে শোনালাম পাখির গান। নদীর কলতানে, ভ্রমরের গুঞ্জনে মুগ্ধ মানুষজন আমাকে কাছে টেনে নিল। তারা আমাকে আর ছাড়তেই চায় না।এরপর পৃথিবীতে গেল গ্রীষ্ম। ফিরে এল দুই মাস পর তার গরম গরম গল্প নিয়ে। বর্ষা ফিরল সবুজ প্রকৃতি আর বৃষ্টির গল্প নিয়ে। শরত্ শোনাল নীল আকাশ আর ভেলার মতো সাদা মেঘের কথা। হেমন্ত নবান্নের উত্সবের মজা নিয়ে ফিরল ভাইদের কাছে। এবার শীতের যাওয়ার পালা পৃথিবীতে।পৃথিবীতে শীতের আগমনবার্তা ঘোষণা করল একটা কনকনে ঠান্ডা হাওয়ার স্রোত। মানুষ নিজ নিজ বাড়িতে ঢুকে দরজা-জানালা সব বন্ধ করে দিল। যাদের ঘর-বাড়ি নেই, তারা খানিকটা আগুন জোগাড় করে তার পাশে বসে রইল। গাছের ডালে বসে একজোড়া পথভোলা চড়ুই পাখি ঠকঠক করে কাঁপতে থাকল।কেউ তাকে স্বাগত জানাচ্ছে না দেখে শীতের মন খারাপ হয়ে গেল। তার চোখ থেকে টপটপ করে তুষারকণা পড়তে লাগল, আর দীর্ঘশ্বাস থেকে কুয়াশা ছড়াতে থাকল। এতে মানুষের কষ্ট আরও বেড়ে গেল। তারা শীতকে গালি দিল।কিন্তু শীতের তো কোনো দোষ নেই। সে তো ইচ্ছে করে কাউকে কষ্ট দিতে চায় না। সে মনে মনে ঠিক করল, এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আর কোনো দিন ফিরবে না।শীত ইচ্ছে করলেই মানুষকে আরও কষ্ট দিতে পারত। কিন্তু তা সে করবে না। কারণ তার মনটা খুব ভালো। শীত মনের দুঃখে ফিরে চলল নিজের বাড়ি। এ সময় কে যেন তাকে ডাকল। মুখ তুলে শীত দেখল, একটা খেজুরগাছ দাঁড়িয়ে আছে। তাতে আবার মিষ্টি রস টলমল করছে।খেজুরগাছ বলল, শীত, তুমি কোথায় যাচ্ছ?চোখের তুষারকণা মুছে নিয়ে শীত বলল, কেউ আমাকে পছন্দ করে না। তাই আমি চলে যাচ্ছি চিরদিনের জন্য। শুনে খেজুরগাছ হায় হায় করে উঠে বলল, তুমি চলে গেলে আমার শরীরে আর মিষ্টি রসের বন্যা থাকবে না। মিষ্টি পিঠা আর গুড়ও তৈরি হবে না। খেজুরেরাও রাগ করে ঝুলবে না আমার গায়ে। তুমি যেয়ো না শীত।শীত জড়ানো কণ্ঠে বলল, না, আমাকে যেতেই হবে।তাহলে আমাকেও সঙ্গে নাও, বলে খেজুরগাছ শীতের পিছু নেয়।ওরা দুজন যখন বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, তখন টাটকা শাকসবজিরা বলল, তোমরা কোথায় যাচ্ছ?শীতের হয়ে খেজুরগাছ উত্তর দিল, শীতের ধারণা, কেউ তাকে ভালো বাসে না, তাই সে চিরদিনের জন্য চলে যাচ্ছে। সঙ্গে আমিও।শুনে শাকসবজিরা বলে উঠল, শীতল আবহাওয়া ছাড়া তো আমরা জন্মাতে পারব না। কেউ তখন টাটকা শাকসবজি খেতে পারবে না। শীত চলে গেলে আমরাও যাব।তখন শাকসবজিরা একসঙ্গে শীত আর খেজুরগাছের পেছনে পেছনে চলল। ব্যাপারস্যাপার দেখে চকচকে শিশির আর কুয়াশারাও ওদের পিছু নিল। যেখানে যত শীতল বাতাস ছিল, সবাই চলে আসতেই পৃথিবীর আবহাওয়া গরম হয়ে উঠল। গরম থেকে আরও গরম হতে হতে সহ্যের সীমানা ছাড়িয়ে যেতে থাকল। তখন তাপের ধাক্কায় পৃথিবীর মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল।খানিকক্ষণ পর শীতের পিঠারা যে যেখানে ছিল, সবাই চলে এল। তারা বলল, শীতই যদি না থাকল, তবে শীতের পিঠার আর কী দাম থাকল। কবি বলল, পৃথিবীর এত এত সৌন্দর্য চলে গেলে আমরাই বা থেকে কী করব। আমরাও চলে যাব শীতের সঙ্গে। শীতের এভাবে চলে যাওয়া দেখে পৃথিবীর সব বড় বড় মানুষ তাকে বাধা দিল, যেতে বারণ করল। কিন্তু শীত বড়ই অভিমানী। সে যাবেই। তখন ফুলের মতো ছোট শিশুরা এসে শীতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। শীতও কাঁদতে কাঁদতে বলল, আমি থাকলে তোমাদের কষ্ট শুধু বাড়বেই।শিশুরা বলল, তবুও তুমি থাকো।শীত বলল, সবাই আমাকে ঘৃণা করে।শিশুরা বলল, আমরা তোমাকে ভালোবাসি। তুমি যতখানি কষ্ট দাও, তার চেয়ে বেশি তোমার প্রয়োজন আছে। তুমি যথেষ্ট উপকারী। আমাদের একটু কষ্ট হলেও তোমাকে আমরা চাই। প্রতিবছর চাই।পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল রূপ নিয়ে বাড়ি ফিরল শীত। সাফল্যের গল্প নয়, সে তার ভাইদের আর মাকে শোনাল পৃথিবীতে তার ভালোবাসার গল্প।