শুধু একফোঁটা মধুর জন্য
এক কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটতে বের হয়েছিল। পথে হঠাৎ তার চোখে পড়ল একটা গাছের ডালে মৌচাক। মধুতে একেবারে টলটল করছে চাক। তাই লোভ সামলাতে পারল না কাঠুরে। খানিকটা চাক ভেঙে পাতায় মুড়ে নিয়ে বাড়ি ফিরে চলল। কাঠুরের পেছনে আসছিল তার পোষা কুকুর। পথের ধারেই এক মুদির দোকান, মধুর চাক দেখে দোকানি বলল, ‘বেচবে নাকি, কাঠুরে ভাই?’ ভেবেচিন্তে কাঠুরে রাজি হয়ে গেল। যদি এতে কিছু আয় হয়, তাতে ক্ষতি কী। দোকানি চাক থেকে মধু বের করে ওজন করছিল। এদিকে দোকানে ঢোকার সময় কীভাবে কাঠুরের হাত থেকে একফোঁটা মধু দোকানের বাইরে পড়ে গিয়েছিল। মধুর লোভে কোথা থেকে কয়েকটা ফড়িং এসে তা খেতে লাগল। দোকানের ছাদে ছিল একজোড়া শালিক, ফড়িং এসে তা খেতে লাগল। দোকানের মধ্যে এককোণে বসে ছিল দোকানির পোষা বিড়াল। পাখি দেখেই দিল এক লাফ, এতে পাখি উড়ে গেল। বিড়াল এসে পড়ল কাঠুরের কুকুরের ওপর। রাগে কাঠুরের কুকুর কামড় দিল বিড়ালটাকে। এক কামড়েই মারা গেল বিড়ালটা, পোষা বিড়ালকে মরতে দেখে দোকানি খুব চটে গেল। রাগ সামলাতে না পেরে এককোণ থেকে বাঁশ তুলে নিয়ে সোজা এক বাড়ি কষিয়ে দিলেন কুকুরের মাথায়। একবার ‘খেই’ করেই মাটিতে লুটিয়ে পড়ল কুকুরটা। বাড়ির চোটে মারাই গেল শেষ পর্যন্ত নিজের পেয়ারের কুকুরটি। রাগ সামলাতে পারল না কাঠুরে। কুড়াল তুলে দোকানির মাথায় দিল এক ঘা। সে ঘায়ে একবার আক করেই মাটিতে লুটিয়ে পড়ল সে, এ অবস্থা দেখে কাঠুরিয়া সোজা ছুট দিল নিজের গ্রামের দিকে।দুজনই ছিল পাশাপাশি গ্রামের লোক। বাতাসের আগে নানা রঙেঢঙে খবর ছড়িয়ে পড়ল সবখানে। সঙ্গে সঙ্গে দুই গ্রামের লোকই, যার হাতে যা ছিল, তা-ই নিয়ে বেরিয়ে পড়ল। শুরু হয়ে গেল দাঙ্গা-হাঙ্গামা। সেই দাঙ্গায় শুকনো মাটি রক্তে রাঙা হয়ে গেল। অনেকে মারা গেল। ধরা তলে লুটিয়ে পড়তে দেখা গেল অনেককে। রক্তে ভিজে গেল ময়দান। তাতে কত হাজার ফোঁটা রক্ত পড়েছিল, কে জানে। একফোঁটা মধুর জন্য কত হাজার ফোঁটা যে রক্ত ঝরল, তার খবর কেউ রাখল না। সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।