শুধু ভূতের গল্প নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখকের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার নজরপুর গ্রামের নাজিরপাড়ায়। তাঁর এলাই দাদু তাঁর মাকে ‘মা’ বলে ডাকতেন। আর তাঁর বাবা তাঁকে বলতেন মামা। লেখকের মা মারা গেলে এলাই দাদু বললেন, তিনিই কবর খুঁড়বেন এই বলে, ‘ওরা ঠিকমতো নামাজ-রোজা করে না, ওরা কবর খুঁড়লে মায়ের রুহ্ কষ্ট পাবে।’ এলাই দাদু তাঁর কবর যেন মায়ের কাছাকাছি হয়, এই অনুরোধ করেন। লেখকের বাবা অনাত্মীয়কে পারিবারিক কবরে স্থান করে দেন।শিশুতোষ গল্পের জন্য আমরা দাদা-দাদি, ঠাকুরমা-নানা-নানির শরণাপন্ন হই। বাংলা ভাষায় ১৮১৮ সালে কলকাতা স্কুল-বুক সোসাইটি নীতিকথা নামে একটি শিশুপাঠ্য বই প্রকাশ করে। ওই বইয়ে উপদেশমূলক ১৬টি গল্প ছিল। বদিউদ্দিন নাজির আট-নয়টি শিশুতোষ গল্পের বই রচনা করেছেন। এলাই দাদুর এক বাক্স গল্প-এর জন্মস্থান উপরিউক্ত নজরপুর গ্রামের নাজিরপাড়ায়। গল্প শুনতে শুনতে মাঝেমধ্যে ‘হ’ বলে সায় না দিলে গল্পকথক গল্প বন্ধ করে দেবেন—এমন কথা শিশুরা জানে। এলাই দাদুর ক্ষেত্রে শর্তটি আরেকটু কঠিন, গল্প অবিশ্বাস করা চলবে না। ভূত-প্রেত-জিন—এসব আছে কি না, তা নিয়ে প্রশ্ন করা যাবে না। লেখকের বাবা বলতেন, ‘তুমি মুসলমান হলে তোমাকে অবশ্যই জিন বিশ্বাস করতে হবে।’ আর এলাই দাদুর কথা, যদি মুসলমানের জিন থাকে, তবে হিন্দুর ভূত থাকবে না কেন? আর হিন্দু ভূতের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে কি না, এমন জটিল প্রশ্নের সরল ফতোয়া দিলেন এলাই দাদু, ‘আল্লাহর কাছে আবার হিন্দু-মুসলমান আছে নাকি? এসবই তো হলো এই দুনিয়ার ব্যাপার।’আমরা অনেক সময় ভূত চোখে দেখতে চাই, বিশ্বাস হয় না, কানে শুনে তো বিশ্বাস হয়ই না। পচা তাঁতি বাড়ি বানিয়েছে। ভূতের হাসির চোটে সেখানে সে বাস করতে পারে না। এলাই দাদু তাকে সঙ্গ দিতে চাইলে তাঁতির বউ মূর্ছা যায়। ভুতুড়ে বাড়িতে রাত কাটাতে গিয়ে দাদু শোনেন ভূতের খলখল হাসি। যেখান থেকে আওয়াজ হচ্ছিল, সেখান থেকে একটা বাঁশ খসিয়ে এবং ফেড়ে দেখা গেল লাফালাফি-ঝাঁপাঝাঁপি করে অনেক কই মাছ বেরিয়ে আসছে। পচা ঘরের আড়া দেওয়ার জন্য যে বাঁশ পানিতে পচতে দিয়েছিল, তার মধ্যে ওই কই মাছ বাসা বেঁধেছিল। ভূত-জিনের রকমফের আছে। এলাই দাদু গড়গড় করে তাদের নাম, কাজ, স্বভাব-খাসলত সব বলতে পারতেন। বিজন মাঠে তালগাছ, জঙ্গলের ধারে হিজল বা শেওড়া, কে কোথায় থাকে, এলাই দাদুর নখদর্পণে। যেসব গরুর বাচ্চা মায়ের পেটে মারা যায়, তাদের ঠিকমতো যত্ন না নিয়ে মাটি দিলে কেউ কেউ গোমুখো ভূত হয়ে যায়। জিনদের মধ্যে জোঁকা হলো এক ধরনের জিন, যারা গভীর পানিতে একটা বিরাট লোহার সিন্দুকের ভেতর থাকে। সিন্দুকের কাছেই লোহার শিকল। কাউকে বাগে পেলে জোঁকা ওই শিকল দিয়ে তার পা জড়িয়ে ধরে। বেশির ভাগ ভূতের সঙ্গেই এলাই দাদুর সদ্ভাব ছিল, এক মেছোনি ভূত ছাড়া। সে তার মাছের বখরা নিয়ে ঝগড়া করত। তার দেখানো এলাই দাদু একটা বড় বোয়াল মাছ ধরলেন। পীরের দরগায় তা দেবে বলে দাদু কিন্তু আর মেছোনিকে তার ভাগ দিলেন না। ঝাঁপড়ি ভূত হলো ছোট ছোট উসকো-খুসকো ঝাঁকড়া চুলের মেয়ে ভূত। রাস্তার ধারে ঝোপওয়ালা গাছে লুকিয়ে থাকে। এদের মন ফিচলেমি দুষ্টুমিতে ভরা। তবে যারা ভালো মানুষ, তাদের এরা ঘাঁটায় না। মিথ্যাবাদী, চোর আর রাত করে যারা বাড়ি ফেরে, তাদের কাউকে পেলে এরা কিছু না কিছু করবেই। ভালো ভূত দুই ধরনের। শিবঠাকুরের চেলা ভূতেরা শ্মশানে নাচানাচি করে। ওদের চোখ ও মুখ দিয়ে আগুন বের হয়। বড় অহংকার এদের। কিচিরমিচির করে কথা বলে। এদের পাল্লায় পড়লে রক্ষে নেই! এলাই দাদুর সঙ্গে একবার রাতে ওলাই বিরির দেখা। ইজ্জত-সম্মানের প্রশ্ন তুলে তাকে তিনি তার গ্রামের পরিবর্তে অন্য গ্রামের দিকে পাঠিয়ে দেন, ‘ওগো মোয়ে, তুমি যাদের বাড়ির বউ হও, এত রাতে একলা বের হয়ে ভালো কাজ করোনি। তোমার রাস্তা ভুল হয়েছে।’এলাই দাদুর সাহসেরও বলিহারি। একবার নাজিরপুরের নাজিরদের বউ, গুমকবেড়ের খোনকারদের পালকিতে স্বামীর বাড়ি যাচ্ছে। সেই পালকিতে ডাকাত পড়ল। কাহারেরা গেল পালিয়ে। এলাই দাদু তাঁর কথার চোটে এবং প্রত্যেক ডাকাতকে রুপোর টাকা বখশিশ দেওয়ার কথা বলে সেই ডাকাতদের দিয়ে পালকি বইয়ে নিলেন।শুধু ভূতের কথা নয়, কালো কুকুর ও কালো বেড়ালের গল্পও রয়েছে এলাই দাদুর বাক্সে। সব কটি গল্প বলব না। ৬০ পৃষ্ঠার বইয়ে পৃষ্ঠাভর্তি ২৬টি ছবি রয়েছে। শিশুদের বইটি ভালোই লাগবে।