শুভ জন্মদিন মীনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মীনা। ব্যস, আর কিছু বলতে হবে? শুধু তুমিই না, গোটা বাংলাদেশের শিশু-কিশোরেরা পিচ্চি এই মেয়েটার দারুণ ভক্ত! তবে শুধু বাংলাদেশ বললে ভুল হয়। কারণ, দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায়ও তার অগুনতি ভক্ত আছে ছড়িয়ে-ছিটিয়ে।প্রিয় কার্টুন চরিত্র মীনার জন্মদিনটির কথা মনে আছে তো তোমার? না জানলে এ বেলা জেনে নাও। আজ ২৪ সেপ্টেম্বর, মীনা কার্টুনের ১৮তম জন্মদিন! দেরি না করে বলো—শুভ জন্মদিন মীনা! আর চুপি চুপি বলে রাখি শোনো, মীনার সঙ্গে সঙ্গে ওর ছোট ভাই রাজু, ছোট বোন রানী এবং ওর পোষা টিয়া মিঠুকেও শুভ জন্মদিন জানিয়ো। নইলে হয়তো ওরা আড়িই নেবে তোমার সঙ্গে!মীনাকে প্রথম দেখা গিয়েছিল ১৯৯৩ সালে। মুরগীগুলো গুনে রাখো নামের একটি কার্টুন ছবি প্রথমবারের মতো প্রচারিত হয়েছিল টিভিতে। সেই শুরু। তারপর ওই কার্টুনটি নিয়েই প্রকাশিত হয় একটি কমিক বই। এ পর্যন্ত মীনা সিরিজের মোটমাট কমিক ও তথ্যসংক্রান্ত বইয়ের সংখ্যা ৩৩টি। আর টিভিতে এ পর্যন্ত দেখানো হয়েছে মজাদার ও দরকারি তথ্যে সাজানো ১৯ পর্বের কার্টুন। সেসব নিশ্চয়ই দেখে ফেলেছ তোমরা। নামও হয়তো বলে দিতে পারবে গড়গড় করে। এ ছাড়া রেডিওতেও মীনার গল্প প্রচারিত হয়ে আসছে অনেক দিন ধরেই।ইউনিসেফের নাম তোমরা জানো নিশ্চয়ই। ইউনিসেফ হলো জাতিসংঘের একটি সহযোগী সংস্থা। বিশ্বের শিশুদের জন্যই এই সংস্থাটি কাজ করে থাকে। তো সেই ইউনিসেফ ১৯৯০ থেকে ২০০০ সাল—এই দশ বছরকে পৃথিবীর কন্যাশিশুদের দশক ঘোষণা করেছিল। তখন তারা চেয়েছিল, দক্ষিণ এশিয়ার কন্যাশিশুদের জন্য উৎসর্গ করা এই দশক উপলক্ষে মজাদার ও উৎসাহব্যঞ্জক একটি কার্টুন প্রচার করতে। যাতে থাকবে কন্যাশিশুদের অধিকারের কথা, সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয়-আশয়। এ ছাড়া শিক্ষা, বাল্যবিবাহ, মেয়ে-ছেলের বৈষম্য, এইচআইভি ভাইরাস এবং শিশুশ্রমের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিশুদের সচেতন করতে একটি পরিকল্পনা করেছিল তারা। সেই পরিকল্পনা থেকেই বেরিয়ে আসে মীনা। ১৯৯৮ সালে মীনা কমিউনিকেশন ইনিশিয়েটিভ নামের একটি কার্যক্রমও শুরু করে ইউনিসেফ। যেখানে মীনার মাধ্যমে শিশুদের সচেতন করা হয় বিভিন্ন মৌলিক অধিকার ও সামাজিক সমস্যা সমাধানে। আর তাই বাংলাদেশের ক্যালেন্ডারে ২৪ সেপ্টেম্বর তারিখটি ‘মীনা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে ১৯৯৮ সাল থেকে। ২০০৫ থেকে চালু হয়েছে ‘মীনা মিডিয়া অ্যাওয়ার্ড’।তোমরা যে মীনা কার্টুন দেখো, তা তৈরি করেছিলেন দক্ষিণ এশিয়ার চারটি দেশের প্রায় ২০০ জন শিল্পী, লেখক ও কুশলী। তাঁদের যাবতীয় কাজের দেখভাল করেছিল নরওয়ের হানা-বারবারা কার্টুন নামের একটি বিখ্যাত প্রতিষ্ঠান। আর মীনা কার্টুন প্রচারের আগে তা নিয়ে গবেষণাই করেছিল প্রায় ১০ হাজার মানুষ। তাদের মধ্যে শিশু-কিশোরও ছিল অনেক!তো চলো আজ এই খুশির দিনে আরও একবার বলি, শুভ জন্মদিন মীনা! মাহফুজ রহমান