শুভ জন্মদিন হ্যারি পটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘তুমি নিরাপদ, কারণ তোমার আছে মানুষকে ভালোবাসার অসীম ক্ষমতা।’ আলবাস ডাম্বলডোর হ্যারি পটারকে বলেছিলেন এই কথা। জে কে রাওলিংয়ের লেখা বিখ্যাত বই হ্যারি পটার-এর নায়ক সে। আজ কিন্তু এই চরিত্রটির জন্য একটা বিশেষ দিন, জানো তো? আজকে হ্যারির জন্মদিন! কেকের ওপর মোমবাতিও কম জ্বলবে না, বয়স যে ৩৫ হলো এবার! হ্যারি পটারের বই পড়ে, ছবি দেখে মনে হতেই পারে হ্যারি আসলে গল্পের কোনো চরিত্র নয়, রক্ত-মাংসের মানুষ! হগওয়ার্টসের জাদুর স্কুলে গেলেই হয়তো গোল চশমা চোখে ছেলেটার খোঁজ মিলবে! কে জানে, ৪ হাজার ২২৬ পাতায় লেখা সেই জাদুকরি দুনিয়া হয়তো সত্যিই আছে, আমরা যার খোঁজ জানি না। তাই বলে হগওয়ার্টসের রাস্তা খুঁজতে গিয়ে আবার রেলস্টেশনের প্ল্যাটফর্মের দেয়ালে ঠুস খেয়ো না যেন! সবকিছুই জানতে হবে এমন কোনো কথা আছে নাকি! তাই গলা ফাটিয়ে চলো চিৎকার করে বলি, ‘শুভ জন্মদিন, হ্যারি ভাইয়া!’
সেই ১৯৯৭ সালে লেখা হয়েছে প্রথম বই, তবে জে কে রাওলিংয়ের মাথায় হ্যারি পটার লেখার পোকা ঢুকেছিল তারও সাত বছর আগে। রেলস্টেশনে চার ঘণ্টা দেরি হওয়া ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে। আমার মতো তুমিও নিশ্চয় ভাবছ, ভাগ্যিস ট্রেনটা দেরি করেছিল! প্রথমদিকে বইটি ছাপানোর জন্য রাওলিংকে অনেক প্রকাশকের কাছে ঘুরতে হয়েছে। কাহিনি অনেক লম্বা, ছেলেমানুষি গল্প—এসব অজুহাতে ফিরিয়ে দিয়েছিল সবাই। শেষে ব্লুমসবারি পাবলিশিং বইটি ছেপেছে।
হ্যারি পটারকে নিয়ে প্রথম ছবিটি বানানো হয় ২০০১ সালে। হ্যারি চরিত্রে নেওয়া হয় ড্যানিয়েল র্যাডক্লিফকে। অথচ মজার ব্যাপার কি জানো, এই চরিত্রে অভিনয়ের আগে ড্যানিয়েল কখনো হ্যারি পটার-এর কাহিনি পড়েনি! হ্যারি চরিত্রে কিন্তু আরও একজন অভিনয় করতে চেয়েছিল। টম ফেল্টন, যাকে পরে দেওয়া হয়েছিল ড্র্যাকো ম্যালফয়ের চরিত্রটি।

হ্যারির টুকিটাকি

.
.

* হ্যারি পটার আর হ্যারি পটার-এর স্রষ্টা জে কে রাওলিংয়ের জন্ম একই দিনে, ৩১ জুলাই। হ্যারির ১৯৮০ সালে, আর জে কে রাওলিংয়ের ১৯৬৬ সালে। হ্যারির বন্ধু নেভিল লংবটমের জন্মদিনও এই দিনে। কাকতালীয়, তাই না?
* হ্যারি পটার সিরিজের বইতে হ্যারির নাম কতবার আছে, আন্দাজ করতে পারো? ১৮ হাজার ৯৫৬ বার!
* ডিজনিল্যান্ড থিম পাকের্র মতো হ্যারি পটারের জাদুর জগৎ নিয়েও আছে থিমপার্ক, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
* রাওলিংয়ের প্রতিবেশীর নাম ছিল পটার।
* বইতে হ্যারির চোখের রং সবুজ, কিন্তু সিনেমায় হ্যারিকে দেখা যায় নীল চোখে। কারণ, চরিত্রটিতে অভিনয় করা ড্যানিয়েল র্যাডক্লিফের কন্টাক্ট লেন্সে এলার্জি ছিল।
* সাতটি বইয়ের প্রতিটিতেই হ্যারি চলাচলের একেকটা নতুন উপায় শিখেছে। যেমন প্রথম বইতে ঝাড়ু, দ্বিতীয়টায় ফ্লু পাউডার, শেষ বইতে ড্রাগন।
* হ্যারির নামে একটা গানের দলও আছে, ‘হ্যারি অ্যান্ড দ্য পটারস’ নামে!