শেষ দিনের ইশকুল
দিতিরা থাকত আদমজী জুট মিলের বিশাল কলোনিতে। হাজার হাজার ছেলেমেয়ে, শ্রমিক-কর্মচারীর কলরবে সব সময় মেতে থাকত কলোনিটা। আজ এই অনুষ্ঠান তো কাল ওটা। বিশেষ কোনো দিবসের অনুষ্ঠান ছাড়াও ধর্মীয় অনুষ্ঠান হতো। ঈদে মিলাদুন্নবী, শরতে দুর্গাপূজা, ঈদুল আজহা, সরস্বতী পূজা, বুদ্ধপূর্ণিমা, বড়দিন। হাজার লোকের কলোনি যেন একটাই পরিবার।দিতির সবচেয়ে ভালো লাগত স্কুলে যেতে। সবাই একসঙ্গে স্কুলে যেত ওরা। দিতি, টরি, টুম্পা, নাতাশা, মেঘবতী ও রীনা।জুট মিলে মোট চারবার সাইরেন বাজত। ভোরে আজানের ঠিক পরপর, তারপর সকাল আটটায় মিল চালু করার, দুপুরে মধ্যাহ্নভোজ আর বিকেলে ছুটির সাইরেন। দিতির বাবা-মা আজানের সঙ্গে সঙ্গেই উঠতেন ঘুম থেকে; নামাজ পড়তেন নিয়মিত। তারপর দিতি আর সাগরকে ডেকে তুলতেন।একদিন স্কুুলে সবাই জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান জানানোর পর হেডস্যার কান্নামাখা কণ্ঠে সবার উদ্দেশে বললেন, ‘প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আমার, আমাদের এই প্রাণের স্কুলটা আর থাকছে না।’ স্যারের এ কথায় সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাতে লাগল। কান্না চাপা দিয়ে স্যার আবার বলতে শুরু করলেন, ‘সরকার আমাদের নোটিশ পাঠিয়েছে। খুব শিগগির এই জুট মিল বন্ধ হয়ে যাবে...।’ স্যারের কথা শেষ হতে না হতেই সবাই ঝরঝর করে কেঁদে ফেলল, এমনকি খুব ছোট যারা তারাও। এরপর শুরু হলো ক্লাস। রেবেকা আপা ক্লাসে ঢুকলেন। প্রতিদিনের মতো খাতা খুলে ‘রোল কল’ করলেন না। দীর্ঘক্ষণ কান্নার ফলে আপার চোখ দুটো ফুলে গেছে। বললেন, ‘আজ আর ক্লাস নিতে ইচ্ছে করছে না। জানোই তো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে; তবে তোমরা পড়ালেখা চালিয়ে যাবে। জানি, সামনে বার্ষিক পরীক্ষাও তোমাদের দেওয়া হবে না। মন শক্ত রাখো। তোমাদের বাবা-মা যাঁরা এই মিলে কাজ করেন, তাঁদের মনের অবস্থা যে কত খারাপ বুঝে নাও। আমরা কে কোথায় যাই, জানি না। যে যেখানেই যাও, শত কষ্টেও পড়ালেখা চালিয়ে যাবে। তোমাদের ইচ্ছাশক্তিই এর জন্য যথেষ্ট।’ একে একে সবাইকে জড়িয়ে ধরে কাঁদলেন তিনি। শিক্ষিকা আর ছাত্রছাত্রীর চোখের জল অঝোরধারার বৃষ্টিকেও হার মানিয়ে ছাড়ল যেন!কলোনিতে আজ কারও বাসায় রান্না চড়েনি। যেন বোবা হয়ে গেছে সব মানুষ। পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবে তারা! এগিয়ে আসছে গাঢ় অন্ধকার দিন। দিতি ঘরের সামনের সিঁড়িতে চুপচাপ বসে আছে; এবার আর ক্লাস সেভেনে ওঠা হলো না তার।মিলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পাওনা সব বুঝিয়ে দেওয়া হলো। পরিমাণে যা পাওয়া গেল, তা দিয়ে তিন মাসও চলবে না। এদিকে খুব অল্প সময়ের মধ্যেই সবাইকে কলোনি ছেড়ে দিতে বলা হয়েছে কর্তৃপক্ষ থেকে। বেশির ভাগ লোকজনেরই জায়গাজমি নেই, রাস্তার ভিখিরি হয়ে জীবন কাটাতে হবে তাদের।বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘কোনো পথই তো খোলা দেখছি না, দিতির মা।’ দিতির মা মিছেই সান্ত্বনা দিলেন, ‘অত ভেঙে পড়ছ কেন? গ্রামেই চলে যাব। জায়গাজমি যেটুকু আছে, চারজনের সংসার চালিয়ে নিতে অসুবিধা হবে না।’আজ সকাল থেকেই আকাশটা মেঘলা। সূর্যের দেখা মিলবে বলে মনে হয় না। ওরা ছয়জন—দিতি, টরি, টুম্পা, নাতাশা, মেঘবতী, রীনা—আগে কত মজা করে হেলেদুলে গানের সুর তুলে স্কুলে যেত, আজ যেন পা-ই চলছে না, অসাড় হয়ে আছে।স্কুলের অ্যাসেম্বলির পর সবাই যে যার ক্লাসে ঢুকল। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকল। কত মান-অভিমান, ঝগড়াঝাঁটি, বন্ধ কথা বলা, মারামারি—আজ নিমেষেই সব যেন উধাও হয়ে গেছে সবার মন থেকে। কান্নাই আজ তাদের একমাত্র ভাষা। পত্রিকার সাংবাদিক, ফটোগ্রাফার, টিভি চ্যানেলের লোকজন ছবি তুলছে, ওদিকে কারোরই খেয়াল নেই। আজ স্কুলের শেষ দিন; অনিশ্চিতের পথে যাত্রা শুরু।এত মালপত্র নিয়ে তো আর গ্রামে যাওয়া যাবে না; তাই খাট, আলমারি, পড়ার টেবিল, চেয়ার নামমাত্র দামে বিক্রি করলেন দিতির বাবা। বাড়ি বাড়ি গিয়ে সব দুঃখ-ব্যথা ভুলে সবাই বুকে বুক মেলাচ্ছে। আজ আর কেউ কারও শত্রু না; কারণ সবাই ও-এর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজও বিকেলের সাইরেন বাজছে, শেষ সাইরেন!বাসের জানালার পাশে বসে বাবা, মা, দিতি, সাগর তাকিয়ে আছে জুট মিলের দিকে। মিলের চিমনি থেকে আজ আর ধোঁয়া বেরোবে না। বাস যত এগোচ্ছে, আস্তে আস্তে আদমজী জুট মিল চোখের আড়ালে মিলিয়ে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেললেন বাবা, আঁচলে মুখ ঢাকলেন মা, দিতি হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। ছোট ভাই সাগর অবাক চোখে একবার মা-বাবা, আরেকবার দিদির দিকে তাকাচ্ছে।একটা বাসস্টপে গাড়ি থামল। পানি, কলা, ডিম নিয়ে ফেরিওলার হাঁক, হকার উঠে যাত্রীদের উদ্দেশে বলেই যাচ্ছে—খবর পড়ুন, তাজা খবর। একটা পত্রিকা কিনলেন বাবা। দেখেই তার চোখজোড়া স্থির, বেশ বড় করে ছাপা ছবিটা থেকে চোখ ফেরাতে পারছেন না তিনি। দিতিকে দেখিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, ‘দেখ, মা।’ছবিটা দেখেই দিতি আঁতকে উঠল! ওর আর মেঘবতীর ছবি; দুজনই একে-অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। নিচের ক্যাপশন আর পড়া হলো না—তার আগেই চোখ দুটো ঝাপসা হয়ে গেছে ওর।পরম যত্নে পত্রিকার সেই ছবিটা কেটে গ্লাস দিয়ে সুন্দর ফ্রেমে বাঁধিয়ে রেখেছে দিতি। তবে ছবিটা দেয়ালে টাঙায়নি, রেখেছে তার ব্যক্তিগত মালপত্তরে ঠাসা ট্রাংকের ভেতর। আদমজী জুট মিল, স্কুল, সাইরেন, কানামাছি, এক্কাদোক্কা, পড়া শিখে না গেলে ক্লাসে সবার সামনে রেবেকা আপা কান ধরিয়ে বেঞ্চে দাঁড় করানো শাস্তির কথা মনে হলেই সে ছবিটা দেখে।পড়ালেখা করে অনেক বড় হওয়ার ইচ্ছে ছিল জীবনে, কিন্তু তার আর পড়ালেখাই হয়নি। বিয়ে হয়ে গেছে। ছেলে হয়েছে। পত্রিকার ছবিটা যখন লুকিয়ে দেখে, তখন ভাবে—তার ছেলে লেখাপড়া করে অনেক বড় হবে। আদমজীর মতো একটা জুট মিলের মালিক হবে। একটা বড় স্কুুল থাকবে সেই মিলে। সেই স্কুুল কোনোদিনই কারোর শেষ দিনের স্কুুল হবে না।