আমাদের বাড়ির একটা ঘর পুড়ে গেছে। একটা টিকে আছে। ওই ঘরের খাটের নিচ থেকে একটা শার্ট নিয়েই দৌড়াতে শুরু করলাম। সূর্য ওঠার আগেই আমাকে পৌঁছাতে হবে গ্রামের শেষ সীমান্তে। ধীরে ধীরে আলোকিত হয়ে উঠছে আকাশ। আরও জোরে দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু হাঁটু যেন ভেঙে আসছে! আর তো বেশি দূরে নয়, আমাকে পৌঁছাতেই হবে!
আলো যত বাড়ছে, ততই পোড়া গন্ধ ভেসে আসছে আর স্পষ্ট হচ্ছে কালো ধোঁয়া। গত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছে। ভাগ্যিস, মা আর ভাইকে নিয়ে কোনোরকমে বেরিয়ে আসতে পেরেছিলাম। গোয়ালের দুটো গরু আর বিড়ালছানাটা পর্যন্ত সঙ্গে নিতে পারিনি। মা আঁচলের নিচে আমার ছোট্ট ভাইকে নিয়ে পাগলের মতো ছুটেছেন।
লোকেরা যেদিকে ছুটেছে, আমরাও সেদিকেই ছুটেছি। শুনেছি, পাশের বাড়ির রহিম কাকাকে তার ছেলে বাড়িতে রেখেই বের হয়ে গেছে। কাকার বয়স হয়েছে অনেক, দৌড়ে পালানোর মতো শক্তি ছিল না শরীরে। তার যে কী হলো, জানি না!
এক পা এক পা করে আরও খানিকটা এগিয়ে গেলাম। রান্নাঘরের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম চাচিকে। দুই বছরের মেয়েকে বুকে চেপে ধরে মাটিতে পড়ে আছেন, তাঁর বুকের রক্তে ভেসে গেছে মাটি।
আকাশটা আরও ফর্সা হয়ে উঠছে। গ্রামের কেউ বুঝি বেঁচে নেই! মুখে ওড়না চেপে পা চালাচ্ছি দ্রুত। আর কিছুটা পথ পরই রহমতদের বাড়ি। একবার কি দেখে আসব, কেউ আছে কি না? নাহ্, দেরি করার সময় নেই। আমার বাবা মুক্তিযুদ্ধে যাওয়ার আগের রাতে বলেছিলেন, দেশকে স্বাধীন করেই ছাড়বেন। প্রতি রাতে ঘরের দরজায় বসে বাবার জন্য অপেক্ষা করেন মা।
ধোঁয়ার মধ্য দিয়ে রহমতদের বাড়িটা দেখা যাচ্ছে। একবার দেখে আসব কি? ভয়ে ভয়ে পা ফেলতে শুরু করলাম। দরজাটা ভেতর থেকে আটকানো দেখে হাঁপ ছাড়লাম। হয়তো ওরা বেঁচে গেছে। তবে ঘরে কোনো শব্দ নেই। আবারও কড়া নাড়লাম। এবারও কোনো আওয়াজ এল না। শুনেছি, ওদের বাড়ির পেছনে নাকি আরেকটা দরজা আছে। সেদিকেই ছুটলাম। খোলা দরজা হাওয়ায় দুলছে। নিশ্বাস চেপে রেখে ঢুকে গেলাম ভেতরে।
চাপা গলায় ডাকলাম, ‘আসমা চাচি! আছেন?’ কোনো সাড়া নেই। কান্না চেপে রেখে আবার ডাকলাম। এক পা এক পা করে আরও খানিকটা এগিয়ে গেলাম। রান্নাঘরের দিকে চোখ পড়তেই দেখতে পেলাম চাচিকে। দুই বছরের মেয়েকে বুকে চেপে ধরে মাটিতে পড়ে আছেন, তাঁর বুকের রক্তে ভেসে গেছে মাটি। ছোট্ট মেয়েটাকেও ওরা ছাড়েনি। এক পা দু পা করে পিছিয়ে এলাম। আমি কাঁপছি, ভয়ে কিংবা ঘৃণায় অথবা দুঃখে। আমার বাবার মতো রহমতও যুদ্ধে গেছে। ফিরে এসে মাকে যে আর সে কখনো পাবে না, সে কি তা জানে? কেই–বা জানে, রহমত বেঁচে আছে কি না!
মুখে ওড়না চেপে ধরলাম। চোখের পানি আটকাতেই হবে। হাতে সময় নেই। মা আর ভাইকে বাঁচাতে হবে। আকাশে তখন আলোর ছড়াছড়ি। মা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন, ‘পোলাটার জ্বর, আসার সময় একটা জামাও লইয়া আইতে পারলাম না! একটা জামা লইয়া আয় রে মা!’ সেই জামা হাতে নিয়েই ছুটে যাচ্ছি। কিন্তু জানি না, গ্রামের শেষ সীমান্তে পৌঁছাতে পারব কি না! তবে পৌঁছাতে হবেই।