এক যে ছিল ভালুক আর এক যে ছিল শেয়াল। ভালুকের এক পিঁপে মধু ছিল। সেটা ছিল চালের ওপর রাখা। শীতের জন্য সে মধু জমিয়ে রেখেছে।শেয়াল তা জানতে পেরে ভাবতে থাকল কী করে খাওয়া যায়। শেয়াল ভালুকের বাসায় গিয়ে জানালার নিচে দাঁড়াল।‘ভালুক ভাই, আমি খুবই অসুবিধায় পড়েছি। তুমি কি আমায় সাহায্য করতে পারবে?’‘তোমার আবার কী অসুবিধা হলো?’আমার ঘরটা একেবারে পুরোনো হয়ে গেছে। টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। আমার কোনো আগুন নেই। ঠান্ডায় কষ্ট পাচ্ছি। রাত কাটানোর জন্য দয়া করে তোমার ঘরে আমায় একটু থাকতে দেবে?’ভালুকের মন গলে গেল। বলল, ‘ভেতরে এসো।’তারা ঘুমানোর জন্য আগুনের কাছাকাছি শুয়ে পড়ল। কিন্তু শেয়ালটা সারাক্ষণই ভাবছে মধুর কথা। সে তার লেজটি মেঝেতে আছড়াতে লাগল। ফলে ছপছপ শব্দ হতে লাগল। শিগগিরই সে আওয়াজে ভালুকের ঘুম ভেঙে গেল।‘বোন শেয়াল, দেখো তো কে যেন দরজায় শব্দ করছে?’‘মনে হয় কেউ আমার কাছে এসেছে। ওখানে একটা বাচ্চা হতে দেখলাম।’ বলল শেয়াল।ভালুক বলল, ‘তোমার যাওয়াই মনে হয় ভালো হবে।’শেয়াল তৎক্ষণাৎ বেরিয়ে গেল। সে তো আর নতুন বাচ্চা দেখতে বের হয়নি, সে আছে মধু খাওয়ার তালে। সে দ্রুতগতিতে মই বেয়ে চালের উপর উঠে গেল। পিঁপে থেকে বেশ খানিক মধু খেয়েই তাড়াতাড়ি ঘরে গিয়ে আবার শুয়ে পড়ল।‘বোন শেয়াল,’ ভালুক জিজ্ঞেস করল, ‘বাচ্চাটার কী নাম দেয়া হয়েছে?’‘সবে শুরু,’ বলল শেয়াল।‘খুব সুন্দর নাম।’পরের রাতে আবার শেয়াল ও ভালুক শুয়ে পড়ল। শেয়াল আবার তার লেজ দিয়ে ছপছপ শব্দ করছে। ‘ভালুক ভাই, ওরা মনে হয় আবার আমাকে দেখতে চাইছে, বোধহয় নতুন কোনো বাচ্চা...।’‘বোন শেয়াল, তোমার যাওয়াই ভালো।’ বলল ভালুক।তখনই শেয়াল বের হয়ে আগের দিনের মতো মধু খেয়ে নিল। মধু পিঁপের অর্ধেক রইল। সে গিয়ে আবার বিছানায় শুয়ে পড়লে ভালুক বলল, ‘বাচ্চাটি কে? তারা কী নামে ডাকে?’শেয়াল বলল, ‘আধাআধি’।ভালুক বলল, ‘এটিও সুন্দর নাম।’এরপর তৃতীয় রাতেও শেয়াল তার লেজ দিয়ে ছপছপ শব্দ করল।শেয়াল বলল, ‘অন্য একটি বাচ্চা আমায় দেখতে এসেছে।’‘ঠিক আছে,’ বলল ভালুক, ‘কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি সকালের নাশতার জন্য পিঠা বানাতে বসব।’‘আমি দেরি করব না।’শেয়াল সোজা দৌড়ে চালের ওপর উঠে পড়ল এবং বাকি অর্ধেক মধু খেয়ে একেবারে তলানিও চেটেপুটে নিল। যখন সে ফিরল ততক্ষণে ভালুক উঠে পড়েছে।‘বোন শেয়াল, ভালো করেছ, আজকে যে বাচ্চাটাকে দেখলে তার নাম কী? ‘সব শেষ।’‘এটাই সবচাইতে সুন্দর নাম,’ বলল ভালুক, ‘চলো, আমরা এবার পিঠা বানাতে যাই।’যখন ভালুক পিঠা বানাতে ব্যস্ত হয়ে গেল তখন শেয়াল ভালুককে জিজ্ঞেস করল, ‘এই পিঠাগুলো বানানোর মধু কোথায়?’‘চালের ওপর।’ বলেই ভালুক চালের ওপর উঠে গেল। সেখানে গিয়ে দেখে পিঁপে ফাঁকা।‘কে মধু খেয়েছে? এটা তুমিই করেছ, বোন শেয়াল। তুমি ছাড়া এ কাজ কেউ করতে পারে না।’‘কেন? আমি তোমার মধু দেখিইনি। তুমি নিজে খেয়ে আমার ওপর দোষ চাপাচ্ছ।’অসহায় ভালুক ভাবছে তো ভাবছেই।ভাবতেভাবতেভাবতে বলল, ‘এটা কে খেয়েছে আমি তা খুঁজে বের করতে পারব।’ অবশেষে ভালুক বলল, ‘আমরা রোদের দিকে পিঠ দিয়ে শোব। আমাদের মধ্যে যে মধু খেয়েছে, সূর্যের আলোয় তার গায়ে চকচকে একটা ভাব এসে যাবে। আমরা তা বের করতে পারব।’সে মতেই তারা রোদে পিঠ দিয়ে শুয়ে পড়ল। শিগগিরই ভালুকের চোখে ঘুম নেমে এল। কিন্তু ধূর্ত শেয়াল ঘুমাতে ভয় পাচ্ছিল। সে কেবলই ভাবতে লাগল, মধুর দাগ এই বুঝি পেটের চামড়া দিয়ে দেখা যায়। সে তার পেটের চামড়ায় মধুর ছোপ ছোপ দাগ দেখতে পেল। সে তাড়াতাড়ি তার পেট থেকে মুছে ভালুকের পেটে লাগিয়ে দিল মধু। তারপর ভালুককে ডেকে তুলে বলল, ‘ভালুক ভায়া, ওঠো! দেখো কে মধু খেয়েছে।’অসহায় ভালুক একটা দীর্ঘশ্বাস ফেলল।