সকালবেলার পাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় নজরুলের আরেকটি নাম ছিল দুখু মিয়া। জন্মেছিলেন অনেক দুঃখ আর দারিদ্র্যের মধ্যে। কিন্তু তাঁর ছিল এমনই শক্তি যে তাঁকে একটুও দমাতে পারেনি। সে জন্যই বোধহয় নজরুল বলতে পেরেছিলেন ‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি’। দুঃখের মধ্যে থেকেই দুঃখজয়ের মন্ত্র শিখে নিয়েছিলেন বলেই তিনি এমনটি বলতে পেরেছিলেন। তাঁর জন্ম হয়েছিল এমন এক সময়, যখন বাঙালি ছিল পরাধীন জাতি। ইংরেজরা তখন সারা ভারতবর্ষে পাকাপোক্ত শাসন গেড়ে বসে আছে। স্বাধীনতা কী রকম ব্যাপার, বাঙালিদের তা ছিল অজানা। হিন্দু আর মুসলমান বাংলাদেশে চিরকাল একসঙ্গে মিলেমিশে পাশাপাশি থেকেছে। কিন্তু ইংরেজরা চাইছিল ভারতবর্ষে, তথা বাংলাদেশে তেমনটি যেন না থাকতে পারে তারা। কিন্তু নজরুল তো তা মানবার মানুষ নন! তিনি হাঁকলেন, ‘কারার ঐ লৌহকপাট ভেঙে ফেল কররে লোপাট’। আরও একটা কথা তিনি বললেন, ‘মোরা একই বৃন্তে দুটি ফুল—হিন্দু-মুসলমান।/মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ!’কিন্তু সে-সময় বাংলাদেশের অবস্থাই ছিল ভিন্ন। একই বৃন্তের দুই ফুলের একটি যখন সুবাস ছড়াচ্ছে, অন্যটি তখন নির্জীব-নিষ্ক্রিয়। মানে, হিন্দু-সমাজে যখন জন্ম নিয়েছেন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা রবীন্দ্রনাথের মতো উজ্জ্বল প্রতিভার মানুষ, তখন মুসলমান সমাজে তেমন লোক কোথায়! বাংলার মাটির সেই হাহাকারের কান্না যেন শোনা গিয়েছিল দিকে দিকে। এমনি সময় যেন নজরুল এলেন হুংকার ছেড়ে! ‘বল বীর—বল উন্নত মম শির!/শির নেহারি’ আমারি নত শির ওই শিখর হিমাদ্রির!’শুধু তা-ই নয়, নজরুল তখন ছিলেন সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা এক টগবগে তরুণ। গরিবঘরে জন্ম বলেই বুঝি সাম্যের তৃষ্ণা তাঁর ছিল প্রবল। তাই বলেছেন ‘গাহি সাম্যের গান’। নারী তাঁর কাছে ছিল করুণাময়ী মা, তাই মনে হয়েছে ‘আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!’, ‘বিশ্বের যা-কিছু মহান চির-কল্যাণকর,/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’ কবিতার মধ্য দিয়ে এই যে কথাগুলো তিনি বললেন, এ রকম কথা তাঁর আগে বাংলার আর কোনো কবি এমন স্পষ্ট করে বলেননি। এক বৃন্তে দুটি ফুলের একটি যেন ছিল না-ফোটা এক ফুলকুঁড়ি। নজরুল সেই কুঁড়িটিকে যেন ফুটিয়ে দিলেন। মুসলমান সমাজে যেন জেগে উঠল আশার আলো। সেই আশায় জেগে ওঠা আরও কত লেখক-কবির আবির্ভাব ঘটল এই সমাজে! কত সাহসী মানুষ এলেন এখানে! যেন একটা ঘা মেরে জাগিয়ে তুললেন গোটা সমাজকেই। শুধু তা-ই নয়, সে সময় বাংলার আকাশে নজরুলের ভাষায়— ‘মাথার উপরে জ্বলিছেন রবি’, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। সে সময় বাংলা ভাষায় যাঁরা কবিতা লিখতেন, তাঁদের প্রায় সবার কবিতাতেই ফুটে উঠত রবীন্দ্রনাথেরই ভাব। নজরুল লিখতে শুরু করলেন সেই ভাবের ঘোর থেকে বের হয়ে! সেই সঙ্গে আরও কত কীই না করলেন তিনি! গান লিখলেন, গল্প লিখলেন, নাটক লিখলেন, নাটকে অভিনয় করলেন, জ্বালাময় প্রবন্ধ লিখলেন, পত্রিকা সম্পাদনা করলেন, করলেন আরও কত কী! অংশ নিলেন রাজনীতিতে। দুনিয়াতে সিনেমার তখন একেবারে শিশুকাল চলছে—সেই সময় তিনি সিনেমার কাহিনি লিখলেন, পরিচালনা করলেন, গান লিখলেন— হয়ে গেলেন পুরোদস্তুর সিনেমারই মানুষ! নির্বাক হয়ে পড়ার আগে তো তিনি ছিলেন শুধু গানেরই মানুষ; লিখলেন কত না গানের বাণী, আর করলেন সুর। সংখ্যায় তা রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেল! এই সব কাজের মধ্য দিয়ে যে দিকটি বড় হয়ে উঠল তা হলো, তিনি ছিলেন মানুষের কবি—একটু বেশি করে নিপীড়িত মানুষের কবি। সেই কবে, ১৯২৯ সালে ইংরেজদের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রামের এক মহান যোদ্ধা সুভাষচন্দ্র বসু বলেছিলেন, ‘আমরা যখন যুদ্ধে যাবো—তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে।’ কথাটা কী সত্যি হয়েই না উঠেছিল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়! মুক্তিযোদ্ধাদের রক্তে কী নাচনটাই না তুলেছিল তাঁর গান! বাংলাদেশের মানুষ তো একটা দেশ অর্জন করেছে যুদ্ধ করে! কিন্তু আরও কত যুদ্ধই না বাকি আছে তাদের! আরও অনেক অভাবের বিরুদ্ধে যুদ্ধ! সেই সব যুদ্ধেও নজরুলের জীবনসংগ্রাম তাদের দেখাবে পথের ইশারা। এই বাংলাদেশের মানুষের স্বপ্ন আর ভালোবাসার কবি ছিলেন বলেই তিনি তাদের পথ দেখিয়ে চলেন। এখন যারা বয়সে ছোট, তারা প্রতেকেই তো একেকজন নজরুলের সেই ‘সকালবেলার পাখি’। জাগবার মন্ত্রে তারা দীক্ষা নিয়েছে। বাংলাদেশের মানুষের যেসব মুক্তি এখনো আসেনি, তাকে যে তাদের আনতেই হবে!