সন্দেশের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর যে বছর নোবেল পেলেন, ঠিক সে বছরই ভারতবর্ষে ঘটেছিল আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওই বছরই বাংলায় আত্মপ্রকাশ করে সন্দেশ। নাম শুনে অনেকের জিবে পানি এলেও এটি আসলে একটি পত্রিকার নাম। সংস্কৃতে সন্দেশ অর্থ খবর। আর বাংলায় এক প্রকার মিষ্টান্ন। এ দুই অর্থ মিলেমিশে নতুন অর্থ প্রকাশ করেছিল মাসিক সন্দেশ পত্রিকাটি। সে এক আজব সন্দেশ। ক্ষীর কিংবা ছানা নয়, নিদেনপক্ষে একটু চিনিও ছিল না তাতে। স্রেফ দুই মলাটে বন্দী মাত্র কয়েক পৃষ্ঠা কাগজ। কিন্তু তাই হাতে পেতে সে সময় হুমড়ি খেত ছেলে-বুড়োরা। লোভনীয় সেই সন্দেশ দেখে যেমন চোখ জুড়াত, পড়েও আনন্দ আর খুশিতে ভরত মন। কারণ, এর পাতায় পাতায় থাকত রঙিন মজার মজার ছবি, আঁকা আর লেখা।সে সময় বাংলা সাহিত্য সবে ডানা মেলে প্রজাপতির মতো উড়তে শুরু করেছে। কিন্তু তখনো ছোটদের উপযোগী বই-পত্রিকা বা লেখার খুব অভাব। তাদের কথা ভাবারও তেমন কেউ ছিল না। তবে একটু ব্যতিক্রমী ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পাগলাটেও বলতে পারো! নইলে শুধু শিশুদের মন ভোলানোর জন্য কেউ জীবন সঁপে দেন। তাঁর উদ্যোগেই প্রায় সোয়া এক শ বছর আগে ছোটদের প্রথম বাংলা পত্রিকা সখা ও সাথী বের হয়। এরপর আসে মুকুল নামের আরেক পত্রিকা। তবে নানা অসুবিধায় সেগুলো বন্ধ হয়ে যায়। উপেন্দ্রকিশোর শুধু ছোটদের জন্যই লিখতেন। তাঁর লেখা গুপি গাইন বাঘা বাইন, টুনটুনির গল্প এখনো জনপ্রিয়। তিনি বুঝতে পারলেন, শুধু ভালো লিখলে হবে না, ছোটদের মন জয় করতে চাই ভালো ছবি আর ছাপা। তাই গাঁটের পয়সা খরচ করে নিজেই ছাপাখানা বসালেন, সব কলাকৌশল শিখলেন। ছেলে সুকুমার রায়কে ফটোগ্রাফি ও প্রিন্টিংয়ে উচ্চশিক্ষা নিতে পাঠালেন বিলেতে। ১৯১৩ সালে (বাংলা ১৩২০ সন) তাঁর সম্পাদনায় জন্ম নিল সন্দেশ নামের পত্রিকাটি। দাম তিন আনা। এতে তিনি লিখতেন, ছবি আঁকতেন। লিখতেন নামকরা আরও অনেকে। সে সময়ের তুলনায় পত্রিকাটিতে ছাপা হতো মানসম্পন্ন লেখা, রঙিন ছবি। এর কাগজ ও ছাপার মানও ছিল উন্নত। তাই হাতে নিয়ে মিষ্টির মতোই ছোটরা চেটেপুটে খেত সন্দেশ। বাদ যেত না বয়স্করাও।এর প্রায় তিন বছর পর মারা গেলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পত্রিকার হাল ধরলেন বিলেতফেরত সুকুমার রায়। খেয়ালখুশির রাজা নামে সবাই তাঁকে এক নামে চেনে। তিনিও সন্দেশ-এ মজার মজার লেখা লিখতেন, ছবি আঁকতেন। সুকুমারের ছড়া-গল্পে আর ছবির রেখায় রেখায় ঠাসা থাকত ছোটদের মন ভোলানোর সব উপাদান। পত্রিকাটিতে লিখতেন রবীন্দ্রনাথ, শিবরাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতো নামকরা লেখকেরাও। তাই তুঙ্গস্পর্শী জনপ্রিয় পত্রিকাটি হয়েছিল শিশু-কিশোরদের হাসি-আনন্দের উৎস। কিন্তু আট বছর না যেতেই সে হাসির উৎসও বন্ধ হলো। অসুখে ভুগে ১৯২৩ সালে অকালে সুকুমার রায় মারা গেলেন। দায়িত্ব নিলেন তাঁর ভাই সুবিনয় রায়। তাঁর সম্পাদনায় দুই বছর চলল সন্দেশ। নানা অসুবিধায় পরের চার বছর বন্ধ থাকে পত্রিকাটি। মালিকানা পরিবর্তনের পর আবার প্রকাশিত হয় সন্দেশ। এবারও সম্পাদক সুবিনয়। কঠিন অসুখে তিনিও মারা গেলেন। আবারও চার বছর বিরতি। এরপর কিছুদিন ধুঁকে ধুঁকে পথ চলে ১৯৩৪ সালে একেবারে বন্ধ হয়ে যায় সন্দেশ।এরপর দীর্ঘ ২৬ বছর বিস্মৃতির অতলে চাপা পড়ে একসময়ের জনপ্রিয় সন্দেশ। তখন অনেকটা কিংবদন্তির মতো বড়দের মুখে শোনা যেত এককালের সন্দেশ-এর কথা। তত দিনে পত্রিকাটির শিশু-কিশোর পাঠক আর লেখকেরাও অনেক বড় হয়ে গেছেন। এঁদের একজন সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়। এত দিন পর তিনি পত্রিকাটি বাঁচিয়ে তুলতে মাঠে নামলেন। পাশে দাঁড়ালেন কবি সুভাষ মুখোপ্যাধায়, শিশুসাহিত্যিক লীলা মজুমদারসহ অনেকে। নতুন সন্দেশও শিশু-কিশোর পাঠকেরা আনন্দের সঙ্গে গ্রহণ করল। রাতারাতি জনপ্রিয়তার চূড়া স্পর্শ করল পত্রিকাটি। সত্যজিতের পর এর দায়িত্ব নেন তাঁর খুড়তুতো বোন নলিনী দাস এবং ছেলে সন্দ্বীপ রায়। তবে অলাভজনক হওয়ায় পত্রিকাটি এরপর আর্থিকভাবে বারবার হোঁচট খেয়েছে। কিন্তু এত সব সংকটেও এর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এভাবেই চলতি বছর সন্দেশ ১০০ বছর পার করল। সন্দেশ-এর প্রথম সংখ্যায় সম্পাদকের ভূমিকায় উপেন্দ্রকিশোর লিখেছিলেন: ‘...ইহা পড়িয়া যদি সকলের ভাল লাগে আর কিছু উপকার হয়, তবেই ইহার সন্দেশ নাম সার্থক হইবে।’ সন্দেশের ১০০ বছর পূর্তিতে আজ এ কথা নিশ্চিতভাবেই বলা যায়, উপেন্দ্রকিশোরের সেই চাওয়া সার্থক হয়েছে। ছেলে-বুড়োর কাছে এর জনপ্রিয়তাই এর জলজ্যান্ত প্রমাণ।