সবচেয়ে খুদে ঘোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তার আইনস্টাইন। গালভরা নাম হলেও আকারে সে খুব ছোট। আর ছোট বলেই রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে সে। তাকে একনজর দেখতে ভিড় করছে হাজার হাজার মানুষ। আইনস্টাইন বিশ্বের সবচেয়ে খুদে ঘোড়া। গত বছর এপ্রিলে তার জন্ম। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের বার্নস্টিডে একটি খামারে বড় হচ্ছে সে। তার উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। ইংরেজিতে ‘স্ট্যালিয়ন’ বলে পরিচিত যে তাগড়া পুরুষ ঘোড়াকে বোঝায়, সে তুলনায় একেবারেই পিচ্চি আইনস্টাইন। বিশ্বখ্যাত ঘোড়দৌড় কেন্টাকি ডারবিতে হয়তো সে অংশ নিতে পারবে না, তাই বলে ওই প্রতিযোগিতার বিজয়ী ঘোড়ার চেয়ে কম নয় তার জনপ্রিয়তা। এর মধ্যে টক শো তারকা অপরাহ উইনফ্রের টিভি অনুষ্ঠানে হাজির হয়ে অগণিত দর্শকের নজর কেড়েছে আইনস্টাইন। নিউ হ্যাম্পশায়ারের গিলম্যানটনের বাসিন্দা চার্লি ক্যানট্রেল ও র‌্যাচেল ওয়াগনার এই খুদে ঘোড়ার মালিক। ক্যানট্রেল জানান, স্ত্রী র‌্যাচেলকে নিয়ে ছোটখাটো একটি খামার করেছেন তিনি। এই খামারের জন্য আইনস্টাইনকে কিনে এনেছেন। ঘোড়াটির প্রথম জন্মদিন ঘটা করে পালনের ইচ্ছা তাঁদের। ক্যানট্রেল বলেছেন, ‘আমাদের দুজনেরই ঘোড়া পোষার খুব শখ। ছোটখাটো একটি ঘোড়া এনে পালার কথা ভাবি। খুদে ঘোড়া জন্মানো ও লালনপালনে নিউ হ্যাম্পশায়ারের মিনিয়েচার হর্স ফার্মের সুনাম রয়েছে। ওই খামারে খুদে ঘোড়া লালনপালনে দারুণ সফল মালিক জুডি স্মিথ। খামারটিতে যেসব খুদে ঘোড়া জন্মায়, বড় হলে সেগুলোর গড় উচ্চতা হয় ২১ ইঞ্চি। ওজন হয় ১৮ পাউন্ড। সে অনুযায়ী আইনস্টাইনই ওই খামারে এ পর্যন্ত জন্ম নেওয়া সবচেয়ে বেঁটে ঘোড়া। শরিফুল ইসলাম ভূঁইয়া ওয়েবসাইট অবলম্বনে