আজ আমি খেলতে যাবই। কিন্তু আম্মু যে আজও খেলতে যেতে দিচ্ছে না। চারটা বাজতে আর মাত্র পনেরো মিনিট বাকি আছে। খেলা চারটা থেকে শুরু হবে। গতকাল খেলায় মিলুরা জিতেছিল। আজ ওদের হারাতেই হবে। ও বলেছিল, আগের দিন আমরা হেরেছি বলে আজ নাকি আমরা ভয়ে খেলতে বের হব না। এক দিন জিতে মিলুদের ঢং মনে হয় এক টন বেড়ে গিয়েছিল। আজ দেখাব খেলা! একটু আগেই নিবু, রাবু, আনু আর নিলুর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। ওরা সবাই আমার দলের। সবকিছু ঠিকঠাক, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে আম্মু। আম্মু আজ সকালেই বলেছিল যে খেলতে যাওয়া নিষেধ। এমনিতেই প্রতিদিন কত কাকুতি-মিনতি করে, কেঁদেকেটে খেলতে যাই, তার ওপর আজ আবার খবরের কাগজে বের হয়েছে যে রাস্তায় খেলতে গিয়ে একটা ছেলে দুর্ঘটনায় পড়েছে। আর আমিও তো রাস্তাতেই খেলি। ওই খবরটা পড়ার পর আম্মুর ভয় আরও ১০ কেজি বেড়ে গেল। এমনিতে রাস্তায় খেলি বলে কতই না দুশ্চিন্তা করে আম্মু!কিন্তু কী করব, আমাদের যে খেলার মাঠ নেই। কদিন আগে আমরা যে মাঠে খেলতাম, সেই মাঠ থেকে আমাদের নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ, ওখানে এখন বাড়ি করার কাজ শুরু করেছে। আব্বু আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কী চাই। আমি বলেছিলাম, একটা বড় সবুজ মাঠ চাই। আব্বু বলেছিল, যদি আমি পরীক্ষায় ফার্স্ট হই, তাহলে আমাকে একটা বড় সবুজ মাঠ দেবে। কিন্তু সেখান থেকেও যদি আমাদের তাড়িয়ে দেয়? যদি সেখানেও বাড়ি করার কাজ শুরু হয়? তখন আমরা কোথায় খেলব? কিন্তু আমার স্বপ্নে ইয়া বড় একটা সবুজ মাঠ আছে। প্রতিদিন আমি স্বপ্নে দেখি, নিবু, রাবু, আনু, নিলু, মিলু, বিনু, রিনু, ঝনু, দিলু, নিমু আর আমি ওই সবুজ মাঠে খেলছি। কিন্তু সে তো আশায় গুড়ে বালি। বড় সবুজ মাঠ তো দূরের কথা, একটা খেলার জায়গা পর্যন্ত নেই। শেষ পর্যন্ত রাস্তায় নামতে হলো। ভিখারিরাও তো রাস্তায় নামে। কিন্তু ভিখারিরা নামে ভিক্ষা করতে, আর আমরা নামি খেলতে। স্কুলে তো আরেক কাহিনি। আমাদের কিন্ডারগার্টেনেও মাঠ নেই। তাই বাধ্য হয়ে খেলার জন্য রাস্তাতেই নামি। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখটা ঘড়ির দিকে চলে যায়। আল্লাহ! চারটা তো বেজে গেছে। দেখি আম্মুর কাছে গিয়ে যেতে দেয় কি না।‘আম্মু।’‘কী, অন্তরা?’‘খেলতে যাই?’‘না, খেলতে যাওয়া লাগবে না। চুপ করে গিয়ে শুয়ে থাকো।’ ‘আম্মু, আজই শেষ। আর যাব না।’‘কী বলেছি, শুনতে পাও না? যাও, শুয়ে ঘুমাও।’‘আম্মু, প্লিজ, প্লিজ, প্লিজ। যাই না আজ।’আম্মুর আঁচল ধরে আমি ঘুরতে লাগলাম। তখন আম্মু বলল, ‘উফ্! তোর জ্বালায় আমি পুড়ে কয়লা হয়ে গেলাম। তোর বাবা আসুক। তোর নামে এবার নালিশ করেই ছাড়ব। যা, খেলতে যা। মাগরিবের আজানের আগে ঘরে আসবি।’‘ধন্যবাদ, আম্মু। কিন্তু তুমি তো পুড়ে গিয়ে কয়লার মতো কালো হওনি। আরও সুন্দর হয়ে গেছ।’ বলেই আমি ঝেড়ে দৌড় দিলাম। আজ অল্পেই আসতে দিল। কারণ, আমি আগেই বলেছিলাম যে খেলতে যাব। আমার আম্মু অনেক ভালো। আমি তো আম্মুর কাছে প্রতিদিনই বলি, আজই শেষ, আর খেলতে যাব না, কিন্তু প্রতিদিনই যাই। নিচে নেমে দেখি সবাই চলে এসেছে। সবাই একসঙ্গেই বলল, ‘কিরে জন্তু, দেরি হলো কেন?’ অমনিতেই আমার মেজাজটা গেল বিগড়ে। আমার নামটা কত সুন্দর, আর সেই অন্তরা থেকে অন্তু আর অন্তু থেকে ‘জন্তু’! আমাকে যখন ওরা জন্তু বলে ডাকে, তখন আমার অনেক খারাপ লাগে। আমিও তো ওদের শর্টকাট করেই ডাকি; যেমন, মিলানকে ডাকি মিলু, নিবিড়কে ডাকি নিবু, রাবিতাকে ডাকি রাবু, আনিকাকে ডাকি আনু, বিনতিকে ডাকি বিনু, ঝর্নাকে ডাকি ঝনু, নিলয়কে ডাকি নিলু, দিলীপকে ডাকি দিলু, রিয়ানাকে ডাকি রিনু আর আমার ছোট ভাই নিলমকে ডাকি নিমু বলে। কিন্তু এত খারাপ নাম ধরে তো ডাকি না কাউকে আমি! তাহলে ওরা কেন ডাকে?তখন আমি ওদের সঙ্গে রাগ করে বলি, ‘তোরা যদি এমন করিস, তাহলে তোদের সঙ্গে আমি খেলব না।’তখন মিলু বলল, ‘আচ্ছা, আমরা কেমন করি?’‘জন্তু বলে ডাকিস কেন আমাকে?’‘তাহলে কী বলে ডাকব, শুনি?’‘কেন, আমার কি নাম নেই?’এমন সময় বিনু বলে উঠল, ‘সাড়ে চারটা বেজে গেছে। তোরা খেলবি কি না, বল। আজ আমি আম্মুর সঙ্গে নানুর বাসায় যাইনি শুধু এই খেলার জন্য।’এমন সময় নিবু বলল, ‘ওরে বাবা, খেলে খেলে একেবারে খেলোয়াড় হয়ে গেছিস। তাই না?’তখন আমি নিবুকে থামিয়ে দিয়ে বললাম, ‘তুই তো বেশি জানতে জানতে জানোয়ার হয়ে গেছিস।’‘তুই তো জন্তু। তুই আবার আমাকে জানোয়ার বলিস!’তখন আমি বললাম, ‘জন্তুর বন্ধু তো জানোয়ারই হয়।’আমার কথাটা শুনে সবাই হি হি করে হেসে উঠল। নিবু মনে হয় একটু অপমান বোধ করছিল। থাক, ওকে পরে স্যরি বলে দিলেই হবে।এমন সময় আনু বলল, ‘নিমু আজ আসেনি কেন?’‘ঘুমাচ্ছে। গতকাল ও যে ব্যথাটা পেয়েছে, তাতে ওর খেলার শখ মিটে গেছে। আর একটু হলে তো ও রিকশার নিচেই পড়ে যেত। ভাগ্যিস, টান দিয়ে সরিয়ে নিয়েছিলাম। আম্মু তো সব বকা আমাকেই দিল। ও কেন ব্যথা পেল, ওকে কেন ভালোমতো দেখে রাখিনি, হেনতেন। আমি কী করব? ওই তো কাঁদতে কাঁদতে আমার পেছন পেছন এসেছিল খেলতে। ও ওর নিজের মতো ঘুরে বেড়ায়। আমার কথা যদি একটু শুনত ও!’রাবু বলল, ‘চল, খেলা শুরু করি।’আমি বললাম, ‘দাঁড়া না, একটা কাহিনি শোন।’সবাই একসঙ্গে বলল, ‘কী বলবি, বল তাড়াতাড়ি।’আমি বললাম, ‘নিমু আর আমি যখন দুপুরবেলা খেতে বসেছিলাম, তখন না ও ইলিশ মাছের ভাজা দিয়ে খাচ্ছিল। ও আমাকে জিজ্ঞেস করল, “আপু, এটা কী মাছ?” ওর তো সামনের কয়েকটা দাঁত কদিন আগে পড়ে গিয়েছিল, তাই ও মাছ বলতে গিয়ে মাস বলে ফেলেছিল। তখন আমি বললাম, এটা জানুয়ারি মাস। ও তখন বলে কী, জানিস? ও বলে, “আপু, জানুয়ারি মাছে না অনেক কাঁটা।”’কাহিনিটা শুনে হাসতে হাসতে সবার পেটে খিল লেগে গেল।তখন ঝনু বলল, ‘চল, আজ খেলা শুরু করি।’ আমরা প্রায় প্রতিদিন মাংস চুরি খেলি। কখনো বউচি খেলি। আবার কখনো বা কুতকুত খেলি। শীতের দিন ব্যাটমিন্টন খেলি। এখন তো শীতকাল, তাই ব্যাটমিন্টন খেলব। আজ বেশ শীত পড়েছে। আমি আর মিলু রাজা। সবাই দুজন দুজন করে ভাগ হয়ে গেল। একদল এসে বলল, ‘ডাক ডাক বেলি।’আমরা বললাম, ‘আমরা সবাই খেলি।’ ওরা বলল, কে নেবে মুক্তিযুদ্ধ, আর কে নেবে ভাষা আন্দোলন?মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলন—দুটোই তো সমান গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, যার নাম বাংলাদেশ। আর ভাষা আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে পেয়েছি মাতৃভাষা বাংলা।তখন আমি বললাম, ‘আমি নেব ভাষা আন্দোলন।’আর মিলু বলল, ‘আমি নেব মুক্তিযুদ্ধ।’নিবু বলল, ‘আমি ভাষা আন্দোলন আর ঝনু হলো মুক্তিযুদ্ধ। এখন আমি অন্তুর দলে আর ঝনু মিলুর দলে।’খেলা শুরু হয়ে গেল। পাঁচটা ১৫ মিনিট পর্যন্ত খেললাম। আজ আমরা জিতলাম। মাগরিবের আজান পড়ল। আমাদের খেলাও শেষ। বাসায় ফিরব এখন। আম্মু চিন্তা করছে। আজ নিমু কাঁদবে। ওকে যে খেলতে নিয়ে যাইনি, এ জন্য। বাসায় ফিরে হাতমুখ ধুয়ে পড়তে বসব। তারপর ঘুম, তারপর সকালে স্কুল। স্কুল থেকে এসে বাড়ির কাজ করব। তারপর আবার সেই কাকুতি-মিনতি খেলতে যাওয়ার জন্য। এই শহরের ঘরবন্দী আর কর্মব্যস্তময় জীবনের কর্মনাশা স্রোতে একটি সবুজ মাঠের প্রয়োজনীয়তা শিশুদের জন্য এতই দরকার যা তারাই বোঝে, যে শিশুগুলো ঝুঁকি নিয়ে রাস্তায় খেলাধুলা করে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আমরা সবাই মিলে বুদ্ধি করেছি যে বড় হয়ে আমরা অ-নে-ক বড় সবুজ মাঠ বানাব। শুধু খেলাধুলার জন্য। তখন আর কেউ আমাদের সেখান থেকে তাড়াতে পারবে না। কারণ, তখন আমরা অনেক বড় হয়ে যাব। মনিপুর উচ্চবিদ্যালয়, মিরপুর, ঢাকা।