সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা ঘুম থেকে ওঠেন সকাল সকাল। নামাজ পড়েন, ঘরবাড়ি ঝাড়ু দেন, দাদুর জন্য রুটি তৈরি করেন। বড় আপু ওঠে একটু পরে। উঠেই মক্তবে চলে যায়। আমি উঠি আরও এক ঘণ্টা পর। উঠেই আমার প্রথম কাজ মুরগির আধফোটা, ফুটতে থাকা, সদ্যফোটা বাচ্চাগুলো দেখে আসা। মাচানের ওপর বাচ্চাগুলো দেখতে এসে প্রতিদিন খুব কষ্ট হয়। মুরগিটা পালক ফুলিয়ে শব্দ করে। ছোঁ মারতে চায়। ওই দিন তো ছোঁ মেরে হাত থেকে রক্তও বের করে দিয়েছিল।একি! মুরগির ডিম থেকে অর্ধেক মাথা বের করে আছে একটা হাঁসের বাচ্চা। এটা কীভাবে সম্ভব! বাচ্চাটার অর্ধেক ডিমের ভেতর, অর্ধেক বাইরে। এক ধরনের কিচকিচ শব্দ করছে। আমি মাকে ডাক দিলাম। এত জোরে ডাক দিলাম, মা ভাবলেন হয়তো ওদিনের মতো ছোঁ মেরে রক্ত বের করে দিয়েছে।‘কিরে, কী হয়েছে?’‘দেখো, মা, মুরগির ডিম থেকে হাঁসের বাচ্চা বেরিয়েছে।’মা খিলখিল করে হেসে উঠলেন। বললেন, ‘এটা হাঁসের ডিম ছিল; হাঁসের বাচ্চা মুরগির ওম দিয়ে ফোটাতে হয়। বুঝেছ?’ কিছু না বুঝেও আমি হ্যাঁ-সূচক মাথা নাড়লাম। মুরগির অনেক বাচ্চার ভেতর এ একটাই হাঁসের বাচ্চা। দস্যি মুরগিটা হাঁসের বাচ্চাটাকে এক্কেবারেই সহ্য করতে পারে না। শুধু শুধুই ছোঁ মারে। আর তাই আমি আর আপু ওকে খুব আদর করি। আমরা ওর একটা নামও দিয়েছি—‘প্যাঁকু’। সারা দিন প্যাঁকপ্যাঁক করে তো, তাই। ওর জন্য বিস্কুটের প্যাকেট কেটে একটা বাসাও বানিয়েছি। এখন বর্ষাকাল। সারাক্ষণ বৃষ্টি হয়। আমাদের উঠানটায় পানি জমে পুকুরের মতো হয়ে গেলে মা প্যাঁকুকে সেখানে ছেড়ে দেন। প্যাঁকু খলখল শব্দে সাঁতার কাটে, খুটখুট শব্দে খাবার খায়।আপু স্কুল থেকে ফিরলে আমরা শামুক কুড়াতে পেছনের ধানের খেতে চলে যাই। প্যাঁকু এখনো শক্ত খাবার খেতে পারে না। মা বলেছেন, শামুকের ভেতরের নরম শাসটা প্যাঁকুকে খাওয়ালে সে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, ডিম পাড়বে। আমি আর আপু ধানখেতের ভেতর শামুক খুঁজি। দু-চারটার বেশি অবশ্য পাওয়া যায় না। নতুন বাড়িওয়ালাদের অনেক হাঁস। ওরা সকাল সকাল এসে সব শামুক কুড়িয়ে নিয়ে যায়।প্যাঁকু থাকে আমাদের খাটের নিচে। সারা রাত ও বোধহয় ঘুমায়নি। কাঁথা থেকে বেরিয়ে মাঝেমধ্যে হারিকেনটা এগিয়ে আমি প্যাকেটের মুখ খুলি। প্যাঁকু চোখ দুটো বড় করে তাকিয়ে থাকে। প্যাকেটের মুখ বন্ধ করে দিলে প্যাঁকপ্যাঁক শব্দ করে।রাতে ভাত খাওয়ার পর মা ওকে রান্নাঘরে ছেড়ে দেন। প্যাঁকু সারা ঘর পায়চারি করে। আমাদের প্লেট থেকে পড়ে যাওয়া ভাত, তরকারি চেটেচুটে খেয়ে নেয়।প্যাঁকুটা ধীরে ধীরে বড় হচ্ছে। গায়ের নরম পালকগুলো ঝরে পড়ে শক্ত পালক গজিয়েছে। অন্য হাঁসগুলোর সঙ্গে ও যখন ঘুরতে বের হয়, হঠাৎ দেখলে প্যাঁকুকে চেনা যায় না। প্যাঁকুর সঙ্গে আমাদের কেমন জানি একটা দূরত্বও তৈরি হয়েছে। সে এখন আমার বানানো বিস্কুটের বাক্সে থাকে না, অন্য হাঁসগুলোর সঙ্গে খোঁয়াড়ে ঘুমায়। ওকে এখন খাইয়ে দেওয়া লাগে না; নিজে নিজেই বাইরে থেকে খেয়ে আসে। আমি যেমন ওকে চিনি না, প্যাঁকুও বোধহয় আমাকে চেনে না। নইলে আমি ওই দিন বিলের ধারে ‘ও প্যাঁকু, প্যাঁকু...’ বলে ডাক দেওয়ার পরও সে আমার দিকে তাকায়নি কেন! সন্দ্বীপ পাবলিক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম