সহজে ভয় পেতে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চর্যা দিন দিন যত বড় হচ্ছে, ওর চারদিকটাও কেমন যেন নিজের মতো করে বদলে যাচ্ছে। চর্যার বাবা-মা এটা টের পেলেও তারা চর্যার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে চায় না। এ কারণে চর্যার বয়সের সঙ্গে তার বুদ্ধি কতটা বাড়ল বা কমল এ নিয়ে পাশের বাসার অতি আগ্রহী অভিভাবকেরা জানতে এলেও চর্যার বাবা-মা এ নিয়ে কিছু বলে না। চর্যার জগৎটা কেমন যেন একটু আলাদা। বিশ্বের জীবজগৎ নিয়ে তার যেমন আগ্রহ, তেমনি জীবের প্রতি তার মায়া। এখনো তার প্রশ্ন শুনলে অবাক না হয়ে পারা যাবে না।চর্যা জিজ্ঞেস করে—বাবা, পাখিরা কি দাঁত মাজে?চর্যার বাবা-মা এর কী উত্তর দেবে? ছোটদের কাছে উল্টাপাল্টা ব্যাখ্যা দেওয়া কত বিপদ, তা তারা জানে। তাই বলে—দেখো মা, এ ব্যাপারে আমরা তো ভালো জানি না। জানলে তখন তোমাকে ঠিক বলব। তবে পাখিরা যেসব খাবার খায়, তার মধ্য দিয়ে বোধ হয় ওদের দাঁত মাজা হয়ে যায়। আর পাখিদের দাঁতের ভেতরে তো ফাঁকা নেই, তাই ময়লা জমারও কোনো পথ নেই।চর্যার তাতে মন মানে না। তার ভেতর পাখি সম্বন্ধে হাজার প্রশ্ন দানা বাঁধে।একা একা থাকলে চর্যা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে—বল তো দেখি, পাখিরা কাঁদে কখন? জানিস না? তুই একটা বোকা। আচ্ছা, এটা না হয় না-ই পারলি, বল তো, পাখিরা গান শেখে কার কাছে? তাদের ছড়া শোনায় কে? তুই পারিস না, তুই একটা বোকার হদ্দ। যা, খেয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়।আয়নায় নিজেকে এভাবে শাসন করে সে গল্প শোনায়।বাবা-মা অফিসে গেলে চর্যা বহু রকমের খেলা তৈরি করে খেলে। আয়নায় নিজের সঙ্গে নিজে কথা বলে। স্কুল থাকলে এত সময় হাতে থাকে না। কিন্তু ছুটির দিনে নিজের সঙ্গে নিজের গল্প দূর থেকে লুকিয়ে উপভোগ করার মতো। চর্যার এমন সব কাণ্ডকারখানা আছে, যা বলে শেষ করা যাবে না। তবু এর মধ্যে একটা বলেই ফেলি। চর্যাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়। বিশাল বাড়িতে অজস্র পশুপাখি। দেখে সে আপ্লুত হয়। বাড়ির মতো মজা কোথাও সে পায় না। ঢাকায় এসে তাই সব প্রাণীকে ডেকে সভা করে। চর্যা ছবি আঁকে আর ভাবে, কুকুরটা যদি বিড়াল হতো আর বিড়ালটা কুকুর, কী মজা হতো! শুয়ে শুয়ে সে গল্প বানায়, সে রং দিয়ে সবার চেহারা বদলে দেবে। যেই কথা, সেই কাজ। চর্যা কুকুরকে রং দিয়ে নেকড়ে বানাল। কুকুরটা নেকড়ের আচরণ শুরু করল ও বনে চলে গেল। এরপর বিড়ালকে বনবিড়ালের রং করল। এবার বনবিড়াল বনে চলে গেল। এ কী অবস্থা! রং করলেই বিড়াল-কুকুরের স্বভাব বদলে যাচ্ছে। এবার সে নিজের পোষা বিড়াল বিলুকে বাঘের রং করল। সঙ্গে সঙ্গে বিলু তাকে হালুম বলে খেতে চাইল। চর্যা জোরে চিৎকার করে উঠল। চর্যার বাবা-মা সেদিন ঘরেই ছিল। তারা দৌড়ে গিয়ে দেখল, চর্যা বিছানায় শুয়ে ভয়ে চিৎকার করছে।চর্যার বাবা-মা তাকে আদর করে কোলে নিয়ে সব শুনে বলল—বোকা, এতে ভয় পাওয়ার কী হলো। এই যে দেখো কোথাও কোনো বাঘ নেই। আর এত সহজে ভয় পেতে নেই। এবার ঘুরতে চলো।