সাকিব যখন ছোট্ট ছিল
এই যে তোমাকে বলছি। লাল, সবুজ আর হলুদ রঙের যে জার্সিটি তুমি গায়ে চাপিয়েছ, সেটির নম্বর কত? কী বললে? ৭৫। ও আচ্ছা, এই জার্সিটি কার জানো তো? কী বললে, তোমার? উহু, আমি যদি বলি জার্সিটি সাকিব আল হাসানের! বিশ্বাস না হলে ভালো করে বানান করে দেখো, পেছনে লেখা আছে—এস এইচ এ কে আই বি, মানে সাকিব! তুমি অবশ্য একগাল হেসে এ কথাটা উড়িয়ে দিতে পারো। বলতে পারো, ধুৎ, এতটুকুন একটা জার্সি আবার সাকিবের গায়ে লাগে নাকি!তা অবশ্য ভুল বলোনি। সাকিব আল হাসান তো অনেক বড়। লম্বায় এবং ক্রিকেটার হিসেবেও। তাই তো এখন আমরা সবাই তাঁকে ‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ’ বলে ডাকি! কিন্তু এই ‘বড়’ সাকিব যে একদিন তোমার মতোই পিচ্চি ছিল, এটা জানো কি? তো ওই পিচ্চি সাকিব যদি তোমার জার্সিটি গায়ে চাপাত, কেমন হতো বলো তো? তবে এটা তো শুধু কল্পনায় হতে পারে। ছেলেবেলায় সাকিব নিজেই তো জানত না সে একদিন ক্রিকেটার হবে। তবে ছেলেবেলা থেকেই কিন্তু তার ক্রিকেটজ্ঞান ছিল টনটনে। সারা দিন মেতে থাকত ব্যাট-বল নিয়ে, পড়াশোনায় অবশ্য ফাঁকি দিত না। সাকিব আল হাসানের মা শিরিন আক্তার আমাদের শুনিয়েছিলেন তাঁর ছেলের ছেলেবেলার কথা। তখন আমরা জেনেছিলাম, সাকিব নাকি নিজের হাতে ভাত খেতে চাইত না। মা-ই খাইয়ে দিতেন। ভাত খাওয়ার সময় সাকিব কী করত জানো? বল নাচাত! ঘুমাতে গেলেও তার পাশে থাকত ব্যাট-বল, তোমরা যেমন পাশে রাখো একটা ভোটকামতো পুতুল! তাহলেই বোঝো, ক্রিকেট কেমন ভালোবাসত পিচ্চি সাকিব।সাকিব যখন ধুমাধুম ছক্কা হাঁকায় কিংবা বল হাতে তুলে নেয় উইকেট, তখন তাকে বাঘের মতোই মনে হয়, তাই না? কিন্তু একটা গোপন কথা বলে রাখি শোনো, সাকিব কিন্তু খানিকটা ভিতুড্ডিম! বাচ্চাঅলা মুরগি, গরু, কুকুর আর বিড়ালের মতো প্রাণী থেকে সে নাকি ১০০ হাত দূরে থাকে! আমাদের প্রিয় সাকিব আল হাসানের জন্ম মাগুরা শহরে। আর মাত্র কদিন পরেই তার জন্মদিন—২৪ মার্চে। ছোট একটা বোন আছে আমাদের অধিনায়কের। সাকিবের পড়াশোনার হাতেখড়ি মাগুরা শহরে। তারপর সে ভর্তি হয়েছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান—বিকেএসপিতে। তারপর ২০০৬ সালে বাংলাদেশ দলের ৭৫ নম্বর জার্সিটি গায়ে চাপাল সে। তারপর থেকেই সাকিব হয়ে গেল আমাদের জান, আমাদের প্রাণ! এবারের বিশ্বকাপেও আমাদের প্রিয় সাকিব ভালো করুক, ভালো করুক বাংলাদেশ দল—এটাই আমাদের চাওয়া। কী বললে? তোমারও! মাহফুজ রহমান