সাদাবের ইচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদাব অভিনীত বিজ্ঞাপনচিত্রের দৃশ্য
সাদাব অভিনীত বিজ্ঞাপনচিত্রের দৃশ্য
পুরো এক লাখ টাকা নিয়ে এক দুপুরে প্রথম আলো কার্যালয়ে হাজির পঞ্চম শ্রেণির ছাত্র সাদাব জিয়া। কেন? সেটা নাহয় সাদাবের কথা থেকেই জেনে নাও!

গাড়ি—সাদাব জিয়ার সবচেয়ে পছন্দ। দেশ-বিদেশে বেড়াতে গেলে সাদাবের প্রথম কাজ কয়েক শ খেলনা গাড়ি কিনে ফেলা৷ আগ্রহের কারণে গাড়ি নিয়ে প্রকাশিত বিদেশি ম্যাগাজিন পড়ে নিয়মিত৷ ভবিষ্যতে সে হতে চায় একজন অটোমোবাইল প্রকৌশলী৷ প্রথম আলো কার্যালয়ে বসে সেসব জানতে জানতেই বন্ধুত্ব জমে উঠল মিরপুরের স্কলাস্টিকা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সাদাবের সঙ্গে৷ তার সঙ্গে পরিচয়ের গল্পটাই তোমাদের বলব।

সাদাব জিয়া ছবি: সাজিদ হোসেন
সাদাব জিয়া ছবি: সাজিদ হোসেন

১২ বছরের এই ছোট্ট ছেলেটাই বিশাল এক কাণ্ড ঘটিয়ে বসেছে৷ ২০ জানুয়ারি অনেকগুলো টাকা নিয়ে সে হাজির হয়েছিল প্রথম আলোর কার্যালয়ে, সম্পাদক মতিউর রহমানের কাছে৷ কী ব্যাপার? জানা গেল, পুরো এক লাখ টাকা সে দিতে চায় প্রথম আলো ট্রাস্টে৷ সাদাব জানাল, এই এক লাখ টাকার আশি হাজারই তার নিজের আয়ের৷ বাকি বিশ হাজার টাকা সে নিয়েছে বাবা-মায়ের কাছ থেকে৷ এইটুকুন ছেলে, আয় করেছে আশি হাজার টাকা! কৌতূহল বাড়ল সাদাবকে নিয়ে৷
সাদাবের ছবি দেখে এতক্ষণে নিশ্চয়ই তোমাদেরও একটু চেনা চেনা লাগছে! কেউ হয়তো ধরেই ফেলেছ ব্যাপারটা৷ সাদাব একজন মডেল৷ টেলিভিশনের অনেক বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ সে৷ কতগুলো বিজ্ঞাপন যে সে করেছে, তা আঙুল গুনেও মেলাতে পারল না৷ শেষমেশ সাহায্য করলেন বাবা জিয়াউল ইসলাম৷ জানালেন, ‘সব মিলিয়ে সাদাব এ পর্যন্ত ২৪টি টিভি বিজ্ঞাপনে কাজ করেছে৷ এর মধ্যে আছে গ্রামীণফোন, বাংলালিংক, প্রাণ জুনিয়র জুস, প্রাণ মিল্ক, আরএফএল, প্রাণ ক্যান্ডিসহ নানা পণ্য৷’ বাংলালিংকের একটি বিজ্ঞাপনে সে কাজ করেছে সাকিব আল হাসানের সঙ্গে৷
এবার জানতে চাইলাম সাদাবের কাছে—গাড়ি তোমার এত পছন্দ, তাহলে এই টাকা দিয়ে তো অনেক খেলনা গাড়ি কিনতে পারতে৷ হঠাৎ প্রথম আলোকে দেওয়ার কথা ভাবলে কেন? এবার সাদাব খানিকটা চুপচাপ৷ তারপর বলল, ‘শখের জিনিস তো বাবাই কিনে দেয়৷ বাসায় প্রথম আলো পড়ি৷ সেখানে দেখেছি অনেক মানুষকে কম্বল, পোশাক, ঘরবাড়ি দেয় প্রথম আলো৷ আমি তাই টাকাটা এখানেই দিতে চেয়েছি৷ নিজের আয়ের এক লাখ টাকা থেকে কিছু কম ছিল, তাই বাবা-মায়ের কাছ থেকে বাকিটা নিয়েছি৷ শিশুদের পড়াশোনা বা জামা কেনায় টাকাটা ব্যয় হোক—এটাই আমার ইচ্ছে৷’ গাড়িপ্রিয় সাদাব জিয়া ফুটবল খেলতে ও দেখতে ভালোবাসে৷ জার্মানি বা বায়ার্ন মিউনিখের খেলা হলেই সে টিভির সামনে বসে৷ এ ছাড়া বোন ও মায়ের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে৷ ছোটরা আর কীভাবে টাকা জমিয়ে সমাজের কাজে আসতে পারে তেমন কিছু বুদ্ধিও আছে সাদাবের মাথায়৷ এই যেমন শখের জিনিস কম কিনে টাকা জমানো যায়৷ টিফিনের টাকা থেকেও অল্প করে সংরক্ষণ করা যায়৷ তবে সবকিছুর ওপরে হচ্ছে ‘ভালো কাজের ইচ্ছা থাকা’—এমনটাই মনে করে সাদাব জিয়া৷