সাবধান, ছুঁতে মানা!
এসব মাছ খাওয়া তো দূরের কথা, ছুঁতেও মানা। ছুঁয়েছ তো চিতপটাং। ইলেকট্রিক ইল, ইলেকট্রিক স্টিংরে, ইলেকট্রিক ক্যাটফিশের মতো মাছগুলো জন্মে জীবন্ত জেনারেটর হয়ে। জীবনভর বিদ্যুৎ উৎপাদন করে। আমরা বিদ্যুতের অভাবে কত হা-পিত্যেশ করি। এসব মাছের বিদ্যুৎ যদি কাজে লাগানো যেত, প্রচণ্ড গরমে ফ্যানের বাতাস থেকে বঞ্চিত হতাম না আমরা।ইল হচ্ছে বাইন মাছ। ইলেকট্রিক ইল বা বৈদ্যুতিক বাইন দেখতে বড় বিদঘুটে। লম্বায় ওরা ছয় ফুট থেকে আট ফুট (১ দশমিক ৮ থেকে আড়াই মিটার) পর্যন্ত হতে পারে। এদের শরীরটা দেখতে সাপের মতো লাগে। শরীরজুড়ে রয়েছে একগাদা খুদে গর্ত। ওজনে হয় ২০ কেজি পর্যন্ত। গড় আয়ু ১৫ বছর। দক্ষিণ আমেরিকার ওরিনোকো অববাহিকা ও আমাজন এলাকার বিভিন্ন জলাশয়ের ঘোলাজলে মাছটির বসবাস।অন্যান্য মাছই বৈদ্যুতিক বাইনের খাদ্য। শিকার ধরতে এবং শিকারির কবল থেকে রক্ষা পেতে শরীরে বিদ্যুৎ ব্যবহার করে ওরা। প্রমাণ আকারের একটা বৈদ্যুতিক বাইন মাছ তাৎক্ষণিকভাবে কমপক্ষে ৬০০ ভোল্টের বিদ্যুৎ সৃষ্টিতে সক্ষম। বৈদ্যুতিক বাইন নিঃসন্দেহে একটি বিপজ্জনক মাছ। এর পরও এই মাছের সংস্পর্শে মানুষের মৃত্যুর ঘটনা বিরল।প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের বিভিন্ন অঞ্চলে রয়েছে বৈদ্যুতিক স্টিংরে। ইলেকট্রিক ইলের মতো এটিও শিকার ধরতে ও শত্রুকে কাবু করতে বিদ্যুৎ ব্যবহার করে থাকে। একটি বড়সড় ইলেকট্রিক স্টিংরে ওজনে ৪০ কেজির বেশি হয়। প্রথম দফা আক্রমণে এটি ৪৫ ভোল্ট পরিমাণ বিদ্যুতের শক দিতে পারে। এরপর খুব ঘন ঘন শক দিয়ে থাকে। এক সেকেন্ডে এই পালস হতে পারে ৩০০-এর বেশি।ইলেকট্রিক ক্যাটফিশ বা বৈদ্যুতিক মাগুর মাছ আফ্রিকার বাসিন্দা। নীল নদসহ অন্যান্য নদীতে এসব মাছের বিচরণ। ওরা খুব আক্রমণাত্মক। এই মাছ তাৎক্ষণিকভাবে ৩৫০ ভোল্ট পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারে।অন্যান্য মাছের মধ্যে এলিফ্যান্ট নোজ ফিশ, বনিটাং ও স্টারগেজারের বিভিন্ন মাত্রার বিদ্যুৎ তৈরির ক্ষমতা রয়েছে। সব মিলিয়ে পাঁচ শতাধিক বিভিন্ন ধরনের প্রাণী নিজ শরীরে বিদ্যুৎ তৈরি করতে পারে বলে জানা গেছে। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক অনলাইনসহ বিভিন্ন ওয়েবসাইট