সাহসী ইগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

এক বনে বাস করত অনেক পাখি। লাল, নীল, সাদা, কালো অনেক রঙের পাখি। সেই বনে একটা ইগলও থাকত।

ইগলটা ছিল খুব সাহসী আর বুদ্ধিমান। বনের অন্য পাখিদের দেখেশুনে রাখত। কোনো পাখি বিপদে পড়লে বা শিকারির খপ্পরে পড়লে সে গিয়ে উদ্ধার করত।

একদিন বনে কয়েকজন শিকারি এল। পাখি শিকার করবে তারা। ইগল ভাবল, এই শিকারিদের থামাতে হবে। এর আগেও এই শিকারিরা এসে অনেক পাখি শিকার করেছে। সেবার চেষ্টাচরিত্র করে অনেক পাখির প্রাণ বাঁচিয়েছিল ইগল। কিন্তু ওই শিকারিরা এবার চালাক হয়ে গেছে। তাই ইগলটা বেরিয়ে পড়ল তার বন্ধু প্যাঁচার খোঁজে। প্যাঁচাটা থাকে অনেক দূরে। জ্ঞানী পাখি হিসেবে তার বেশ সুনাম।

ইগল পাহাড় পেরিয়ে গেল, বড় বড় নদী পেরিয়ে গেল, পেরিয়ে গেল কত কত জঙ্গল! তারপর একটা বড় গাছের ওপরে গিয়ে বসল সে।

ইগল ডাকল, ‘বন্ধু প্যাঁচা, দরজাটা খোলো।’

প্যাঁচা দরজা খুলে বলল, ‘ভেতরে এসো, ইগল বন্ধু।’

কুঁড়েঘরের ভেতরে ঢুকল ইগল।

প্যাঁচা বলল, ‘কেমন আছ, বন্ধু?’

‘খুব বেশি ভালো নেই, বন্ধু,’ ইগল বলল, ‘আমার বনের পাখি বন্ধুরা খুব বিপদে আছে।’

‘কেমন বিপদ?’

‘বনে আবার শিকারিরা এসেছে। আমার বন্ধুদের ওরা মেরে ফেলবে। আমি গত কয়েকবার পাখিদের বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু এবার ওদের হাতে অনেক অস্ত্র আর বুদ্ধি।

তোমারও তো অনেক বুদ্ধি। আমাকে বলো, কী করে শিকারিদের আটকাব।’

প্যাঁচা একটু ভেবে বলল, ‘তুমি কেন দুশ্চিন্তা করছ? তুমি না ইগল? তোমারই তো ছোট পাখি শিকারের কথা! তুমি বরং মানুষদের সঙ্গে শিকারে নেমে পড়ো। তাহলে তুমি নিজেও বেঁচে যাবে, শিকারিরাও খুশি হবে।’

ইগল সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ‘আমার শক্তি বেশি বলে বন্ধুদের মেরে ফেলব? এটা কখনোই হতে পারে না! যদি আমি আমার শক্তি দিয়ে ছোটদের মেরে ফেলি, তাহলে আমারও ভালো হবে না। আমি একটা পাখি, নিজেকে রক্ষা করার লোভে বাকি পাখিদের ধ্বংস হতে দিতে পারি না।’

ইগলের কথা শুনে প্যাঁচা বলল, ‘তুমি আসলেই একটা সৎ পাখি, ইগল বন্ধু! শোনো বলছি কী করবে।’ ইগলের কানে কানে বুদ্ধি দিল প্যাঁচা।

বুদ্ধি–পরামর্শ নিয়ে বনের দিকে উড়ে গেল ইগল। তিন দিন পর বনে পৌঁছাল ইগল।

বড় একটা গাছে সবাইকে ডেকে শোনাল প্যাঁচার পরামর্শ। তারপর পাখিশিকারিদের জন্য পাতল বড় একটা ফাঁদ।

সেদিন শিকারিরা এল চুপি চুপি। পাখিরাও ছিল তৈরি। কুহু কুহু ডাক শুনে শিকারির এগোল সামনে, যেদিকে কোকিলটা ডাকছিল। হঠাৎ সেখানে ধুপধাপ করে ছুটে এল কিছু হাতি। লম্বা শুঁড় দিয়ে শিকারিদের পেঁচিয়ে ধরল ওরা। তারপর ধপাস ধপাস করে আছাড় মারতে লাগল। গাছে ছিল বানর।

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

শিকারিদের মাথায় চাটি মারতে শুরু করল ওরা। মাটিতে গড়াগড়ি খেতে লাগল শিকারিরা। এবার ঝাঁকে ঝাঁকে ছুটে এল সব পাখি। ঠোকর দিতে লাগল শিকারিদের মাথায়। শিকারিরা বলে উঠল, ‘এই হাতি-বানর এল কোথা থেকে!’

পাখিরা বলল, ‘ওরা আমাদের বন্ধু। আগে তোমরা ওদের দেখোনি। কারণ, অন্য বন থেকে আমাদের সাহায্য করতে এসেছে ওরা।’

পাখিদের ঠোকর শেষ হলে শিকারিদের আবার শুঁড়ে পেঁচিয়ে নদীতে ফেলে দিয়ে এল হাতি।

আর এভাবেই সাহসী ইগলের কারণে বেঁচে গেল বনের সব পাখি।