সিসিমপুরে শিশুদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলার মূল ফটক দিয়ে ঢুকতেই চক্ষু ছানাবড়া। ফটকের দুপাশে হালুম ও টুকটুকির দুটি বিরাট ছবি। মেলায় স্টলগুলোর নামও ছিল অন্য ধরনের। ইনি সিনি মিনি স্টলে দেখা গেল জাদু দেখাচ্ছেন দুজন। ক্লিক ক্লিক স্টলে হালুম-টুকটুকিদের বড় বড় ছবির সঙ্গে ছবি তুলে মুহূর্তটি ক্যামেরায় বন্দী করে রাখছিল অনেকেই। স্বাস্থ্য লুডু স্টলে গিয়ে দেখা গেল শিশুদের প্রাণোচ্ছল হাসি। বায়োস্কোপ স্টলটিতে বায়োস্কোপও দেখছিল কেউ কেউ। শুধু আঁকা ছবিতে রং করে পুরস্কার জিতে নিচ্ছিল পড়া-খেলা স্টলটিতে। লাল মিয়া মিলনায়তনের সামনে রঙিন ছাতা মাথায় দেওয়া শিশুদের লম্বা লাইন, কখন প্রবেশ করবে, কখন হালুম-টুকটুকিদের দেখবে। হালুম-টুকটুকিদের সঙ্গে দেখা হওয়ায় দারুণ খুশি ছোট্ট নাহিয়ান। কেউ কেউ হালুম-টুকটুকির কোলেও উঠে গেল। মজিবর রহমান নামে একজন অভিভাবক এখানে কেন এসেছেন এ প্রসঙ্গে বললেন, ‘সাধারণত ঢাকা শহরে শিশুদের জন্য এ ধরনের সুযোগ পাওয়া যায় না, আর সারা দিন বাচ্চারা বাসায় থাকে, বাসার মধ্যেই খেলাধুলা করে। তাই প্রকৃতির মধ্যে খোলা হাওয়ায় নিয়ে আসতেই এখানে আসা।’ পঞ্চম শ্রেণীর ঐন্দ্রিলা বলল, ‘আমরা সাধারণত বাসাতেই অবসর সময় কাটাই অথবা গল্পের বই পড়ি। কিন্তু এ মেলায় অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো। হালুম-টুকটুকির সঙ্গে দেখা হলো। আমার অনেক ভালো লেগেছে।’ গত ১-২ জুলাই বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিত সিসিমপুর মেলার উদ্বোধন করেন শিশু ও মহিলাবিষয়ক সচিব তারিক উল-ইসলাম।  জিয়াউর রহমান চৌধূরী