সিসিমপুরের সঙ্গে এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালুম ইকরিকে পেয়ে স্কুলের বাচ্চাদের সে কী আনন্দ!
হালুম ইকরিকে পেয়ে স্কুলের বাচ্চাদের সে কী আনন্দ!

‘টুকটুকি আর হালুম কি সত্যিই আসবে?’ প্রশ্ন করে এক খুদে বন্ধু। প্রশ্নের সঠিক কোনো উত্তর পায় না ও। সকাল থেকে ওর মতো প্রায় ১০০ ছেলেমেয়ে অপেক্ষা করে আছে ‘সিসিমপুর’-এর বন্ধুদের জন্য। ‘সিসিমপুর’-এর একটা দল আসবে ওদের স্কুলে, এটুকুই জানে ওরা। অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত কী পেল ওরা, তা একটু পরেই বলছি। আগে শোনো ওদের স্কুলটার গল্প।
এ এক মজার স্কুল। এই স্কুলে যারা পড়ালেখা করে, তারা সবাই জানাল, পড়তে তাদের ভীষণ ভালো লাগে। আর এখানে যাঁরা পড়ান, তাঁরা সবাই খুব যত্ন নেন ওদের। ক্লাসের সময়ের আগে ও পরে তাঁরাই আবার পড়ার ব্যাপারে সাহায্য করেন। স্কুলেই ওদের জন্য তৈরি হয় খাবার, জানালেন স্কুলটির প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন। স্কুলেই তারা শেখে নাচ, গান, এমনকি সেলাইয়ের কৌশলও। ভাবছ, এ আবার কেমন স্কুল?
ইগলাল’স এবিসি স্কুলটি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে। স্কুলের আশপাশের এলাকা থেকে এখানে পড়তে আসে শিক্ষার্থীরা। স্কুলেই কেন ওদের জন্য এতসব ব্যবস্থা, তা-ও বলি তোমাদের। এখানে যারা পড়ছে, একসময় তাদের পরিচয় ছিল ‘পথশিশু’। তাদের মা-বাবার সামর্থ্য নেই পড়ালেখা শেখানোর। সুবিধাবঞ্চিত এসব শিশুর জন্য তাই স্কুলেই রয়েছে এসবের ব্যবস্থা।

.
.

স্কুলের গল্প শুনতে শুনতেই ‘সিসিমপুর’-এর দলটাকে দেখা যাচ্ছিল। ওরা ছোট্ট বন্ধুদের খেলার জন্য জায়গা ঠিকঠাক করছে। কিন্তু টুকটুকি, হালুম আর ইকরির দেখা নেই। একসময় মাইকে ঘোষণা এল, খেলার জন্য সবকিছু তৈরি। শুনে দৌড়ে গেল শিক্ষার্থীরা। ‘গল্পকাঁথা’ নামের খেলায় নকশিকাঁথার মতো করে একের পর এক ছবি সাজিয়ে রাখা ছিল। লাফিয়ে লাফিয়ে একেকটি ছবির কাছে গিয়ে খেলছিল ওরা। আর এক্কাদোক্কা খেলা হলো একটু অন্যভাবে, খেলতে খেলতে জানা হলো কিছু খাবারের নাম, যা সঙ্গে নিয়ে ‘সিসিমপুর’-এর বন্ধুদের কাছে যাওয়া হবে। কিন্তু কোথায় তারা?
‘সিসিমপুর’ অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও বড় পর্দায় দেখানো হলো শিক্ষার্থীদের। ‘সিসিমপুর’ দেখা শেষে স্কুলের কয়েক বন্ধুর নাচও হলো। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি বাচ্চাদের সামনে বক্তব্য দিলেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের এই আয়োজনে তিনি বললেন, ‘শিক্ষাই পারে মানুষের সামনে নতুন একটা দুনিয়ার দরজা খুলে দিতে।’
তাঁর বক্তব্যের শেষে ঘোষণা এল, টুকটুকি আসছে! শুনে বাচ্চারা সে কী খুশি! উপস্থাপকের সঙ্গে তারাও টুকটুকির নাম ধরে ডাকতে শুরু করল। কোন দিক থেকে আসবে টুকটুকি? আসছে না কেন এখনো? সে কী রোমাঞ্চ! খানিক বাদে হঠাৎ তাদের সামনে হাজির টুকটুকি। খুশিতে লাফিয়ে উঠল তারা। টুকটুকির গান আর নাচে দারুণ মজা পেল ছোট্ট বন্ধুরা। এক এক করে এল হালুম আর ইকরিও। ওদের তিনজনের সঙ্গেও চলল স্কুলপড়ুয়াদের নাচগান।
আনন্দ উৎসব শেষে বিদায় নিল টুকটুকিরা। বন্ধুরা ফিরে গেল যার যার ক্লাসে। আর ইয়ানিনা জারুজেলস্কি ঘুরে দেখলেন এই মজার স্কুল। দেখলেন বাচ্চাদের আঁকা ছবি, গেলেন সেলাইয়ের ক্লাসেও। শিশুদের আনন্দের সঙ্গে পড়ালেখা শেখানোর জন্য ইউএসএআইডির একটি উদ্যোগ ‘সিসিমপুর’। টেলিভিশনে অনুষ্ঠান করা ছাড়াও বিভিন্ন স্কুলে, এমনকি গ্রামেও ছুটে যায় ‘সিসিমপুর’-এর দল।