সুকৃতির রোজনামচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওই রাতে আকাশে চাঁদ-তারাদের মিতালি হয়েছিল কি না সুকৃতির আম্মুর জানা নেই। তিনি হাসপাতালে ছিলেন। ডাক্তার সুকৃতির বাবাকে বলেছিলেন, ‘মা ও সন্তান—যেকোনো একটা বেছে নিন।’ ‘আমার দুটোই চাই।’ বাবার অনড় জবাব। শুরু হলো যম ও মানুষের লড়াই। রাত নয়টা ৩০ মিনিটে সুকৃতির জন্মের মধ্য দিয়ে জয় হলো ওর বাবার। সবাই ভাবল, এ মানবশিশু নয়, নিশ্চয় কোনো দেবশিশু। প্রথম থেকেই সুকৃতি মায়ের ভীষণ কোলঘেঁষা। সরিয়ে নিলেই কাঁদে। পাশে এলেই সব ঠিক। এমনকি অন্ধকারেও কান্না বন্ধ হয়। কারণ, ও মায়ের গায়ের গন্ধ চেনে। সুকৃতির যখন দুই মাস বয়স, তখন একটা ছবি দেখিয়ে বাবা বলেছিলেন, ‘মামণি, ইনি তোমার দাদাভাই। তোমার জন্মের ১০ বছর আগে আমাদের ছেড়ে চাঁদের দেশে চলে গেছেন।’ এর পর থেকে সুকৃতিকে যদি কেউ জিজ্ঞেস করত, তোমার দাদাভাই কোথায়, সে চোখ ঘুরিয়ে পশ্চিমের দেয়ালে টাঙানো দাদার ছবিটা দেখাত। ওহ, সুকৃতির নাম কে রেখেছেন সেটাই তো বলা হয়নি। নাম রেখেছেন মায়ের শিক্ষক ভাষাবিজ্ঞানী মহাম্মদ দানীউল হক। সুকৃতিকে বাসার সবাই ভাষাবিশারদ বলে। কেউ কেউ অবশ্য ‘ছোট ড. মুহম্মদ শহীদুল্লাহ’ বলেও ডাকে। কারণ, শব্দ নিয়ে খেলতে আর নতুন শব্দ তৈরিতে সে ওস্তাদ। চক দিয়ে লিখতে গিয়ে সেদিন ‘চক’ শব্দটি ভুলে যায়। মুহূর্তে তৈরি করে নতুন শব্দ। বলে—‘আম্মু, আমার কশ্য (চক) ভেঙে গিয়েছে। না না, আমার বুতিন (চক) ভেঙে গিয়েছে।’ সুকৃতির শব্দার্থ একমাত্র আম্মুই ভালো বোঝে। বাসায় কোনো নতুন অতিথি এলে সুকৃতির আনন্দের সীমা থাকে না। ঠোঁট উল্টিয়ে, ঘাড় ঘুরিয়ে, গাল ফুলিয়ে সে গল্প শুরু করে। ‘আমার নাম আহথানা সুকিতি লহমান (আহসানা সুকৃতি রহমান)। জানো, ছোটবেলায় আমি অনেক ফরসা ছিলাম। এখন কালো হয়ে গিয়েছি। তবু আম্মু আমাকে মেকাপ করতে দেয় না।’ সাজুগুজু করতে ও ভীষণ পছন্দ করে। সুযোগ পেলেই মায়ের লিপস্টিক গালে-ঠোঁটে মাখে। একটু-আধটু লিপস্টিক খেয়েও ফেলে। লিপস্টিক লাগিয়ে কখনোই সে দুই ঠোঁট এক করে না—পাছে মুছে যায়, এই ভয়ে। থ্রিপিস আর মাসাককালি সুকৃতির পছন্দের পোশাক। ঈদের দিন হচ্ছে সবচেয়ে প্রিয় দিন। কারণ, সেদিন তার সব ইচ্ছা পূরণ করা হয়। আম্মু ইচ্ছেমতো সাজতে দেয়, খেলতে দেয়, নানুমণির বাসায় বেড়াতে নিয়ে যায়। তাই প্রতিদিন সে অপেক্ষা করে কবে ‘ঈদ’ আসবে। ঈদের জন্য রাত-দিন সে অপেক্ষা করে। আম্মু যখনই কিছু খেতে দেয়, তখুনি সে বলে, ‘আম্মু, রেখে দাও, ঈদের দিন খাব।’ ওর পছন্দের তালিকাটাও বেশ লম্বা। পছন্দের খাবার ভেনা মাংস (মাংস ভুনা)। প্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি। প্রিয় সিনেমা অ্যাভাটার। প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। আপন খালা (সুকৃতির দেওয়া নাম) তাকে মুহম্মদ জাফর ইকবালের বই পড়ে গল্প শোনায়।বড় হয়ে সে নাসার সায়েনটিস্ট হবে। নাসার সায়েনটিস্ট কী জিনিস? কেউ জানতে চাইল।নাসার সায়েনটিস্ট মানে স্পেসশিপে চড়া আর বড় হওয়া। বিজ্ঞের মতো জবাব দেয় সুকৃতি।সুকৃতির আম্মু অধ্যাপনা করেন। তিনি পরীক্ষার খাতা নিয়ে বসলেই ও বলে, ‘আম্মু, দশে দশ দাও।’ ১-এর পাশে শূন্য দিলে যে ১০ হয় এটাও সে জেনে গেছে।তিন রুমের ছোট্ট একটা বাসায় সুকৃতিরা থাকে। মাঠে খেলতে যাওয়ার আনন্দটা ওর জানা নেই। মাটিতে নামালেই নোংরা বলে কেঁদে ওঠে। জানালার গ্রিল বেয়ে ওঠা, খাটে কিংবা মেঝেতে ঝাঁপিয়ে পড়া, পুতুল বিয়ে দেওয়া—এই হচ্ছে তার খেলার জগৎ। এসবের একমাত্র সঙ্গী দাদি। সুকৃতি আব্বু-আম্মুর সঙ্গে যেদিন পার্কে যায়, সেদিন তার চোখেমুখে এক পৃথিবীর আনন্দ ভিড় করে। এভাবেই সুকৃতির দিন কাটছে, বড় হয়ে উঠছে। ওর রোজনামচায় খুব শিগগির একটা বড় পরিবর্তন আসবে। ঈদের পর ডিসেম্বর পেরোলেই নতুন বছর, যা ওর জীবনে নতুন দিক উন্মোচন করবে। আগামী জানুয়ারিতে সে স্কুলে ভর্তি হবে। পুরোদমে চলছে সেই প্রস্তুতি। সুকৃতির ভাষায়—স্কুলে ভর্তি হব তো, তাই লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত আছি।