সুখ-দুঃখের বৃক্ষ
আমি আর বিলু আপা বাবার সঙ্গে জঙ্গলে ঢুকেছি। বাবা আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে রেখে জঙ্গলের আরও ভেতরে ঢুকে যেতে লাগলেন। চারদিকে পাতা ঝরার কেমন এক ধরনের সরসর শব্দ। আমার গা ছমছম করছে। আপাকে বললাম, বাবা কোথায় গেলেন?আপাও ভয় পেয়েছে। বলল, ‘চল, একটু এগিয়ে দেখি।’আমরা আরেকটু এগোলাম, কিন্তু বাবাকে দেখলাম না। একটি নতুন গাছ দেখতে পেলাম। গাছটি আগে এখানে ছিল না। বিলু আপা চিত্কার করে বাবাকে ডাকতে লাগল। তার কণ্ঠস্বরে কেমন হাহাকার মাথা কুটে মরছে।বাবা হারিয়ে গেছেন। তাঁকে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না। আমার চোখ জলে ভিজে আসে।যখন ঘুম ভাঙল, দেখি আমাদের টিনের চালের ছায়া ততক্ষণে ঘোড়া-নিমের গুঁড়ি পর্যন্ত চলে এসেছে। চোখ দুটি তখনো আমার ভেজা। হাত-মুখ ধোয়ার জন্য কলতলার দিকে যেতে বিলু আপাকে ডাক দিলাম। রান্নাঘর থেকে আম্মু বেরিয়ে এসে বললেন, ‘বিলুকে দোকানে পাঠিয়েছি।’‘বাবা অফিসে চলে গেছেন?’‘হ্যাঁ।’দূরের বড় সড়কের ওদিক থেকে গমগম আওয়াজ ভেসে আসছে। একটা মিলিটারি কনভয় তামাবিলের হাইওয়ে ধরে বর্ডারের দিকে চলেছে। এত দূর থেকে জলপাই রঙের লরিগুলো ভালোমতো চেনাই যায় না। মনে হয়, বড়সড় কতগুলো পিঁপড়া হেঁটে যাচ্ছে। শুধু তাদের ইঞ্জিনের গমগম আওয়াজ কানে এসে বাজে।বাবা মাঝেমধ্যে বলেন, ‘দেশের অবস্থা ভালো নয়। যুদ্ধ চলছে। স্বাধীনতার জন্য লড়ছেন মুক্তিযোদ্ধারা।’ বাবা এর বেশি আর বলতে পারেন না, আগেই আম্মু এসে তাঁর মুখ চেপে ধরেন। ভীত চোখে এদিক-ওদিক তাকান। উঠানের শজিনাগাছে বসা কাকটিকেও যে তাঁর ভয়! বিশ্রী বুকচাপা অবস্থা। অথচ বাইরে কী সুন্দর এপ্রিলের সকাল! আলো-ঝলমল দিন, বাতাসে ইলিশভাজার গন্ধ।হাতমুখ ধুয়ে বারান্দায় বসে যখন মুড়ি দিয়ে চা খাচ্ছি, তখন বিলু আপা ফিরল। ছোট্ট একটি চটের ব্যাগে ডাল ও আলু নিয়ে এসেছে। বিলু আপার চোখ দুটি হাসছে। আমি ওর পেছন পেছন রান্নাঘরে গেলাম। বাজারের ব্যাগ মেঝেতে রেখে ফ্রকের ঝুল ঝাড়তে ঝাড়তে আমার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল ও। বলল, ‘তবারকের দোকানের রেডিওতে ভারী সুন্দর একটা গান শুনে এলাম রে তিপু, শুনবি?’ বলেই গলা একটু খাদে নামিয়ে গান ধরল, ‘তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি...।’আম্মু বললেন, ‘ওকি হচ্ছে বিলু?’বিলু আপা গান থামিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগল। আম্মু চুল এলোমেলো করে দিয়ে একটু আদর করলেন আপুকে। বিলু আপা আমার চুলও এলোমেলো করে দিল। তারপর চোখ টিপে বলল, ‘বাইরে আয়।’দুজন কলতলার কাছে এসে দাঁড়াই। ওখান থেকে দেয়ালের ওপর দিয়ে তাকালে দেখা যায় ছোট্ট নোংরা গলিটা ধনফকিরের বস্তি ঘুরে এঁকেবেঁকে কোথায় যেন হারিয়ে গেছে। বিলু আপা সেদিকে হাত তুলে চোখ দুটি বড় বড় করে বলে, ‘জানিস তিপু, এই ধনফকিরের লেন থেকে বেরিয়ে পড়লে কী সুন্দর জায়গায় যে যাওয়া যায়, তুই কল্পনাও করতে পারবিনে! কাল আমি ইশকুলের বাসে যেতে যেতে কত জায়গা যে ঘুরে এলাম! শোন (ফিসফিস করে বলে), আজ তুই আর আমি অনেক দূর পর্যন্ত বেড়িয়ে আসব, হ্যাঁ।’‘ইশকুল!’ আমি ভীত গলায় বললাম।‘বোকা! ইশকুল কী রে! আজ থেকে ইশকুলে গ্রীষ্মের ছুটি না?’‘আমার যে খিদে পেয়ে যাবে। এখনো তো চা ছাড়া কিছুই খাইনি।’বিলু আপা এবার ফিক করে হেসে ফেলল, ‘এই দ্যাখ, এটা কী।’আমি অবাক হয়ে দেখি ওর হাতে একখানা কড়কড়ে পাঁচ টাকার নোট। ভয় পেয়ে বলি, ‘বিলু আপা, তুই বাজার থেকে পয়সা মেরেছিস?’‘ইশ্, পাগল কোথাকার!’ বিলু আপার চোখ দুটি ঝকমক করে, ‘তুই জানিস না, কাল বড় মামা এসেছিলেন? মামা আমাকে ১০ টাকা দিয়ে গেছেন। সেই টাকা থেকেই তো ডাল আর আলু কিনে আনলাম। আম্মু বললেন, পাঁচ টাকা দিয়ে আমাকে ডালটাল এনে দে বাপু, বাকি পাঁচ টাকা তুই নিয়ে যা। সেই পাঁচ টাকা তো এই।’ছেঁড়া স্যান্ডেলটা বদলে নিয়ে বেরিয়ে পড়ি দুজন। ধনফকিরের লেনে এখন ধুলোবালির খেলা। আমরা হাঁটতে হাঁটতে লেনের শেষ মাথায় এসে পড়ি। সামনেই জাহানারা টি স্টল। বিলু আপা আমার হাত ধরে ভয়ে ভয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। আমার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে থাকে।জাহানারা টি স্টলের মালিক হচ্ছে সোরাব আলী। ছোটবেলায় বিলু আপা একবার হারিয়ে যায়। তখন এই সোরাব আলী তাকে শের খান স্ট্রিটের এক বাড়ির গেটের কাছ থেকে ধরে এনে বাসায় পৌঁছে দিয়ে যায়। আম্মু বলেন, ‘বিলু খুব বেয়াড়া মেয়ে, ওকে নিয়ে ভোগান্তি আছে।’বাবা কিন্তু বিলুর সব ব্যাপারে খুশি। তার সব দুষ্টুমি মাফ। যে মেয়ের মুখের হাসি শত কষ্টেও ম্লান হয় না, তাকে মাফ না করে পারা যায়! বিলু ক্লাসে ফার্স্ট হয়, ফাইভে বৃত্তি পেয়েছে, এবার এইটেও খুব সম্ভব পাবে, শয়তানিতেও ওস্তাদ। ঘরে-বাইরে সব কাজ বিলুই করে। বিলুর কবজিতে যে শক্তি, তাতে ওর বয়সী দু-তিনজন ছেলেকে একাই ও কাবু করে ফেলতে পারে। বাবা বলেন, ‘গরিবের জন্য আর কী চাই! খালি একটু যদি সুন্দরী হয়ে যেত বিলু, রংটা আরেকটু ফরসা আর হাইটটা আরেকটু কম, তাহলেই আর কোনো চিন্তা...।’বিলু আপা ভয়ে ভয়ে সোরাব আলীর দিকে তাকাল। চিনতে পারেনি সোরাব আলী।দুজন একটি ছোট্ট টেবিলওয়ালা বেঞ্চিতে গিয়ে বসলাম। পরোটা আর মিষ্টির অর্ডার দিল বিলু আপা। আমার ভাগটা আমি খুব তাড়াতাড়ি খেয়ে ফেললাম। বিলু আপা দুঃখিত চোখে আমার দিকে তাকাল, ফিসফিস করে বলল, ‘তোর খিদা রয়ে গেছে, না তিপু? ইশ্, আমাকে আর ফাঁকি দিতে পারবি না। নে, এই পরোটা আর মিষ্টি তুই খা।’পরোটা-মিষ্টির পর এক কাপ করে মলাই-ভাসানো চায়ের অর্ডার দিল ও। নিজের কাপে তৃপ্তিভরে লম্বা এক চুমুক দিয়ে বলল, ‘কিরে, ভালো লাগছে না?’আমি মাথা হেলাই, ‘দারুণ!’ও খুশি হয়ে বলল, ‘চল।’হাঁটতে হাঁটতে আমরা মুচিপট্টিতে এসে পড়ি। বিশাল এক লরি আসছে দেখে বিলু আপা আমার হাত ধরে লাফ মেরে একটা বাড়ির রোয়াকে উঠে পড়ে। লরিটা চলে যায়, কিন্তু বিলু আপার পা আর নড়তে চায় না। আমি তার হাত ধরে টানি, ‘চলো, যাই।’কিন্তু ও বিভোর হয়ে তখন ওই বাড়ির উঠোনে ঢোল বানাচ্ছে যে লোকটা, তার কার্যকলাপ দেখছে।দুম করে পিঠে কিল বসাতেই ও যেন ঘুম থেকে জেগে ওঠে। বলে, ‘অ্যাঁ, কী, ও হ্যাঁ, চল্ যাই।’ কত দূর যে চলে এসেছি, বলতে পারব না। হঠাত্ সামনেই দেখি নদী। নদী দেখে আমার বুকে ভয় ধরে যায়। আমাদের ধনফকিরের বস্তি থেকে নদী তো অনেক দূরে! আমরা কত দূর চলে এসেছি কে জানে। দুপুর গড়িয়ে যাচ্ছে, বিলু আপার সেদিকে খেয়াল নেই। খুশিতে ছোটাছুটি করছে।‘ও তিপু, দেখ কী সুন্দর নদী! নৌকাগুলো দেখ না রে, কী ফোলানো পাল!’আমি বললাম, ‘আমরা কোথায় চলে এসেছি।’নদীর পাড় ধরে পথটা কত দূর যে চলে গেছে! পথের দুই ধারে মাঝেমধ্যে বিন্নার বন, জারুল আর শিমুলের গাছ। লাল শিমুলের ফুল ফুটে রয়েছে গাছে গাছে। আরও দূরে নদীর ওপারে ছায়াঘেরা সবুজ গ্রাম। ওখানে পথের ধূলিতে ঘূর্ণি হাওয়ার খেলা। রঙিন পথ থেকে একটু দূরে নিঃসঙ্গ এক টিলার ওপর উদাস শিমুলগাছ দাঁড়িয়ে। বিলু আপা গাছটিকে একটু ছুঁয়ে দিয়ে গান গেয়ে উঠল—‘তু লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা,/হেথায় তুরে মানাইছেলায় রে,/ইকেকবারে মানাইছেলায় রে...।’আমাদের ডান পাশের বিন্নার বন হঠাত্ দুলে উঠল। একটা শেয়াল মুখ বাড়াল। বিলু আপা খুশিতে হইহই করে উঠল। শেয়ালটা সড়াত্ করে আবার বনের ভেতর ঢুকে পড়ল। নদীর ওপারের আকাশে কালো তিলের মতো একটা শঙ্খচিল উড়ে উড়ে ঘুরে ঘুরে কাঁদছে। তার কান্না যেন গানের গোটা গোটা সুর হয়ে ঝরে পড়ছে।আমরা নদীর পাড় ধরে আরও কিছুদূরে চলে আসি। এ সময় বসন্তের একরাশ উচ্ছল বাতাস খুশিতে শিস দিয়ে উঠে আমাদের চোখেমুখে ঝাঁপিয়ে পড়ল, আমাদের চুলগুলো এলোমেলো করে দিল।বিলু আপার চোখ খুশিতে ঝিকমিক করে উঠল, ‘জানিস, আজ আর আমার বাসায় ফিরতে ইচ্ছে করছে না।’উদ্দাম এক ঝলক বাতাস পাশের বিন্নার বনটাকে দুলিয়ে দিয়ে চলে গেল। আর হঠাত্ কেমন এক বোটকা গন্ধে আমাদের শ্বাস বন্ধ হয়ে এল।বিলু আপা নাক চেপে ধরে বলল, ‘বিন্নার বনের ভেতর কিছু মরে পচেছে বোধহয়! চল, একটু দেখে আসি।’আবার বাতাস ঝাঁপিয়ে পড়ল বিন্নার ডগাগুলোর ওপর।দুই পাশের বন দুই দিকে সরে গেছে ততক্ষণে। বিলু আপা হঠাত্ চিত্কার দিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে ছুটতে লাগল।চোখ চেপে ধরে ও দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে তখন। চিত্কার করে কী বলছে ও। আমি ওর পেছন পেছন ছুটছি। শুনি, ও কান্নাভরা গলায় বলছে, ‘না না না...।’বিন্নার বনের পেছন দিকে আরেকটি পথ আছে আমরা খেয়াল করিনি। ছোট্ট সুড়ঙে ফাঁড়ি পথ। পথটি আগলে দাঁড়িয়ে আছে দুটি বিশাল জলপাই রঙের লরি। পাঞ্জাবি সেনারা সেই লরি থেকে বাঙালি মেয়েছেলের লাশ নামিয়ে নিচের গর্তের মতো জায়গায় ছুড়ে দিচ্ছে। সেখানে পুরোনো আরও অসংখ্য লাশ ফুলে ফেঁপে গলে আছে।বোটকা গন্ধটা আসছে ওখান থেকেই। সেনারা বিলু আপাকে ততক্ষণে দেখতে পেয়েছে।