সুন্দরবন
সন্তান: ‘সমুদ্রজল নোনা কিন্তু চোখের মতো শান্ত কেন নয়?’মা: ‘বাছা, তোরা জানতি যদি আমার বুকেও সমুদ্রঝড় বয়!’সন্তান: ‘তুফান যখন আসে তখন সমুদ্র কি দৈত্য হয় গো মা? ঝরাপাতার মতন ওড়ায় ঘরদোর আর ডোবায় যখন গাঁ! ভাইয়া যখন ভেসে গেল, ভেসে গেল যার যা কিছু ছিল, আমি তোমায় ধরে ছিলাম, ভাইয়া কখন আঙুল ছেড়ে দিল!’মা: ‘এক হাতে ঠিক ধরে ছিলাম পুরোনো গাছ ভিটের পূর্বপারে, গাছটা তখন ঠাঁই দিয়েছে, গাছটা কত সইতে দেখো পারে!’সন্তান: ‘আমরা তোমায় ধরে ছিলাম, তুমি ছিলে গাছের কাণ্ড ধরে, এইভাবে আর যায় কি বাঁচা, সমুদ্রজল ফুঁসছে যখন জোরে! ভাইয়া ঠিকই পড়ল ঝরে! মা গো, আমার মা! এ গাঁও ছেড়ে চল চলে যাই, এইখানে বল থাকবি কেমন করে! কিন্তু গাছটা সঙ্গে নেব, ভাইয়ার বই, খেলার পুতুল, তা-ও গাছটা তো ঠিক মায়ের মতো, ঠাঁই দিয়েছে, ওটাই ছিল, নাও।’মা: ‘কী যে বলিস, বাছা, শেকড় উপড়ে ফেলা হলে গাছের পক্ষে সম্ভব কি বাঁচা?’সন্তান: ‘মা গো, আমার মা! চল চলে যাই দূরের দেশে, গাছটাকে কি সঙ্গে নেব না!’ অশ্রু ঝরে, অশ্রু ঝরে, অশ্রু কেবল ঝরে মায়ের চোখে সমুদ্রজল বাড়ছে তাই তো, অশ্রুজলকে সাগর বলে লোকে!