এক রাজ্যে ছিল এক ভাই আর এক বোন। তারা ছিল খুব গরিব। একদিন ভাইটি এক গৃহস্থের বাড়িতে কাজ করে কিছু টাকা পেয়ে সেই টাকা দিয়ে একটি পাউরুটি কিনে আনল। সেই পাউরুটিটি সে তার বোনকে দিল রাতের খাবারের জন্য রাখতে। কিন্তু রাতে তিনজন অপরিচিত মহিলা তাদের বাড়িতে এসে একটু বিশ্রাম নিতে চাইল। বোনটি তাদের ঘরে আশ্রয় দিল এবং পাউরুটিটি খেতে দিল। যদিও সে জানত যে রাতে তাদের খাওয়ার মতো আর কিছু নেই। মহিলাগুলো আসলে জাদুকর ছিল। তারা ভালো মানুষের উপকার করত। তারা মেয়েটিকে আশীর্বাদ করল যে সে যখন তার চুল আঁচড়াবে, তখন চুল থেকে মুক্তা ঝরবে, যখন সে কোনো পাত্রে হাত ধোবে, সেই পাত্র মাছে ভরে যাবে আর যখন সে হাত গামছা দিয়ে মুছবে, তার হাত ফুলে ভরে যাবে। সে তার ভাইকে শুকনো পাউরুটির বদলে ভালো খাবার দিতে পারবে।বোনটি ভাইকে সব জানাল। ভাইটি খুশি হলো এবং কিছু মুক্তা বিক্রি করতে নিয়ে গেল। কিন্তু লোকজন ভাবল, সে মুক্তা চুরি করেছে। তাই তাকে ধরে রাজার কাছে নিয়ে গেল। ভাইটি রাজাকে সবকিছু খুলে বলল। রাজা সব শুনে তার বোনকে বিয়ে করতে চাইল। ভাইটি বাড়ি গিয়ে বোনকে নিয়ে রাজার বাড়ির উদ্দেশে রওনা হলো। কিন্তু রাস্তায় তাদের সঙ্গে এক জিপসি মেয়ের দেখা হলো। বোনটির পানির পিপাসা লাগল। ভাইটি বোনকে সেই জিপসি মেয়ের কাছে রেখে পানি আনতে গেল। জিপসি মেয়েটি বোনটির কাছে জানতে চাইল, সে রাজার বাড়ি কেন যাচ্ছে। বোনটি বলল, রাজা তাকে বিয়ে করবে। শুনে জিপসি মেয়েটির হিংসা হলো এবং সে মেয়েটির চুলে খোঁপার কাঁটা গুঁজে দেওয়ার ছলে জাদুর কাঁটা গুঁজে দিল। ফলে বোনটি একটি পাখি হয়ে আকাশে উড়ে গেল। আর জিপসি মেয়েটি বোনের বেশ ধরে ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগল।তারা দুজন রাজার বাড়িতে পৌঁছানোর পর রাজা মেয়েটিকে চুল আঁচড়াতে বলল। মেয়েটি চুল আঁচড়াল, কিন্তু মুক্তা ঝরল না। রাজা মেয়েটির সামনে পাত্রভর্তি পানি রেখে তাকে হাত ধুতে বলল। মেয়েটি হাত ধুল, কিন্তু একটা মাছও বের হলো না। এবার রাজা মেয়েটিকে গামছায় হাত মুছতে বলল। মেয়েটি হাত মুছল, কিন্তু হাতে ফুলও বের হলো না। রাজা ভীষণ রেগে ভাইটিকে জেলে ঢুকিয়ে রাখল আর বোনরূপী জিপসি মেয়েটিকে বাঁদি বানিয়ে রাখল।একদিন পাখিরূপী বোনটি রাজার বাগানে এল আর তার দুঃখের কাহিনি গেয়ে শোনাল। রাজা পাখিটিকে ধরে ফেলল এবং পাখির মাথায় একটি কাঁটা বিঁধে থাকতে দেখে তা তুলে ফেলে দিল। সঙ্গে সঙ্গে পাখিটি আগের মতো সুন্দরী মেয়ে হয়ে গেল আর তার ভাই যা যা বলেছে, রাজাকে তা করে দেখাল। রাজা সঙ্গে সঙ্গে মেয়েটির ভাইকে মুক্ত করে তাকে রাজার মন্ত্রী বানাল, মেয়েটিকে বিয়ে করল। অর জিপসি মেয়েটিকে বনবাস দিয়ে দিল।গল্পটির ইংরেজি নাম ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’