সেন্ট মার্টিনে কয়েক দিন
তখন সবেমাত্র আমার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয়েছে। দুপুরে ভাত খেতে বসেছি। মামা এসে খোঁচাতে থাকল, ‘এই রিতু, পরীক্ষা শেষ হয়েছে তো ঘরে বসে ঝিমাচ্ছিস কেন? নানাকে বল এবার আমরা কোথাও ঘুরতে যাব।’
আমি বললাম, ‘তোমার যখন এত ইচ্ছে তখন তুমিই বলো না।’
মামা বলল, ‘শোন, নানা তোকে বেশি আদর করে। তাই তোর কথা বেশি মনোযোগ দিয়ে শুনবে।’
শেষ পর্যন্ত ব্যাপারটা আমাকেই বলতে হলো। আমি বুঝি না, নানাকে সব কথা কেন আমাকেই বলতে হয়। নানা যে খুব রাগী মানুষ, তা কিন্তু না। আমি বলার সঙ্গে সঙ্গে নানা বললেন, ‘সেন্ট মার্টিন!’ আমার খুশি আর ধরে না। জিজ্ঞাসা করলাম, ‘কবে যাব আমরা?’ নানা ঘোষণা দিলেন, ‘পরশু।’
সেই রাতে আমার ঘুম হলো না। এমনকি পরের রাতের ঘুমটাও নষ্ট হলো ব্যাগ গোছাতে গোছাতে।
দুপুরে সারা দিন ঘুমিয়ে সন্ধ্যায় বাস কাউন্টারে পৌঁছালাম। আমার যে কী খুশি লাগছিল, বলে বোঝাতে পারব না। এই প্রথম আমরা সবাই মিলে দূরে কোথাও বেড়াতে যাচ্ছি। বাসে উঠলাম। রাত গভীর হলো। বাসের সবাই ঘুম, শুধু আমি আর নানি জেগে ছিলাম। বাসের সবার নাক ডাকার শব্দও আমার কাছে মধুর লাগছিল! প্রথম সারা রাত বাসে কাটানোর অভিজ্ঞতা হলো। সকাল নয়টা নাগাদ আমাদের বাস সেন্ট মার্টিনের যাত্রীদের টেকনাফে নামিয়ে দিল। সেখানে আমরা সকালের নাশতা করলাম। তারপর আবার শুরু হলো যাত্রা।
আমরা যে জাহাজে করে যাচ্ছিলাম সেই জাহাজেই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও সেন্ট মার্টিন যাচ্ছিলেন। পুরোটা সময় তাঁরা গিটার বাজিয়ে গান করলেন। গান শুনতে শুনতে দুই-তিন ঘণ্টার যাত্রাটা দারুণ লাগল।
এরপর জাহাজ থেকে নামার পালা। আমি আবার ছোটবেলা থেকেই ভিতু স্বভাবের। জাহাজ থেকে নামতে আমার বেশ ভয়ই লাগল। চিৎকার করে লোক জড়ো করে ফেলেছিলাম! শেষ পর্যন্ত আশপাশের লোকজনই আমাকে ধরে নামাল। ভয়ে আমার চেহারা মূর্তির মতো হয়ে গিয়েছিল।
হোটেলে গিয়ে হাত-মুখ ধুয়ে খেতে বসলাম। উত্তেজনায় আমি কিছুই খেতে পারিনি। তারপর আমরা ঘুরতে বের হলাম। প্রবালের ওপর বসে-দাঁড়িয়ে অনেক ছবি তোলা হলো।
সেন্ট মার্টিন জায়গাটাই যে শুধু সুন্দর তা না, এখানকার মানুষগুলোও সুন্দর। তাঁদের আচরণ খুব ভালো। এখানে রাত দশটার পর বিদ্যুৎ থাকে না। তাই অন্ধকারের মধ্যে ঘুমাতে হলো। আর সেই ঘুম এতই গভীর ছিল যে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বলে আমাদের আর ছেঁড়াদ্বীপে বেড়াতে যাওয়া হলো না। কিন্তু তাতে কী? নানা বললেন, ‘চলো, আমরা হুমায়ূন আহমেদের তৈরি রেস্টহাউস সমুদ্রবিলাস দেখে আসি।
আমরা সেখানে গেলাম। চারপাশটা খুব সুন্দর। আমরা ডাব খেলাম। এত মিষ্টি ডাব আমি কোনো দিন খাইনি।
এরপর সমুদ্রের ধারে হাঁটতে গেলাম। যেদিকে তাকাই শুধু সমুদ্র। মনে হচ্ছিল একটা স্বপ্নের দেশে এসেছি। মজার ব্যাপার হলো, সমুদ্রের ধারে আমরা এমন একটা প্রবাল দেখেছিলাম যেটা হুবহু ফুলের মতো।
তারপর আমরা সৈকতের ধারে একজন ফেরিওয়ালার কাছ থেকে একটা ক্যাপ কিনলাম। সেটা পরে অনেক ছবি তুললাম। সেন্ট মার্টিন থেকে আসার সময় আমি অনেক কান্না করেছিলাম। কিন্তু আসতে তো হবেই। দিনগুলো সত্যিই স্বপ্নের মতো ছিল!
সপ্তম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা।