সোমালি শিশুদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমুঠো খাবারের জন্য হন্যে হয়ে ছুটছে মানুষ। খাবারের জন্য মায়ের কাছে ঘ্যানঘ্যান করছে শিশুরা। দিনের পর দিন অনাহারে থেকে শুকিয়ে জীবন্ত কঙ্কাল হয়ে গেছে অনেক শিশু। কাঁদবে যে সে শক্তিও নেই তাদের। ক্ষুধায় ধুঁকতে ধুঁকতে প্রাণ দিচ্ছে অনেকে।টিভিতে প্রচারিত প্রতিবেদনে দুর্ভিক্ষপীড়িত সোমালিয়ার মানুষের এই করুণ দৃশ্য দেখে খুব মায়া হয় ১১ বছর বয়সী বালক অ্যান্ড্রু অ্যানডাসির। এসব খেতে না পাওয়া মানুষকে সহযোগিতা করার পণ করে ঘানার এই বালক। নেমে পড়ে অর্থ জোগাড়ে। গত সপ্তাহে ৫০০ মার্কিন ডলারের বেশি সহায়তা তুলেছে সে। এখনো চলছে তার ‘ক্ষুধা থেকে সোমালি শিশুদের বাঁচাও’ নামের এই অর্থ সংগ্রহ অভিযান। বিবিসিকে অ্যান্ড্রু অ্যানডাসি বলেছে, সোমালিয়ার দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য সে যে অর্থ সহায়তা তুলতে ইচ্ছুক, তা এক কোটি ৩০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। ছুটির দিন পুরোটা সময় সে এই অনুদান জোগাড়ে ব্যয় করছে। ধরনা দিচ্ছে দ্বারে দ্বারে। তার কথা, ‘আমি পুরোপুরি নিশ্চিত যে পরিকল্পিত অর্থ শিগগিরই জোগাড় করতে পারব। ধনী ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান, গির্জা ও বিভিন্ন সংস্থা থেকে এই অর্থ জোগাড় করা হবে।’ অ্যান্ড্রু কেবল এই অর্থ জোগাড়ের মধ্যেই তার উদ্যোগ আটকে রাখেনি। কীভাবে এই অনুদান সোমালিয়ার অনাহারী মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এ ব্যাপারে পরামর্শ নিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ঘানার প্রতিনিধি ইসমাইল ওমরের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর পরামর্শমতো ব্যাংকে একটি হিসাব খুলেছে সে। সেখানে জমানো হচ্ছে অনুদানের টাকা। অ্যান্ড্রু বলেছে, সোমালিয়ায় এই টাকা পাঠালে সেখানকার মানুষ প্রয়োজনমতো তাদের খাবার কিনতে পারবে। এ জন্য টাকা পাঠানোর পরিকল্পনা নিয়েছে সে।ইসমাইল ওমর সাংবাদিকদের বলেন, ‘দুর্ভিক্ষের কবলে পড়া সোমালি, বিশেষ করে সেখানকার শিশুদের জন্য অ্যান্ড্রুু যা করছে, তা সত্যিই প্রশংসনীয়। যখন আমার অফিসে এসে অ্যান্ড্রু বলল, সোমালি মানুষের জন্য কিছু করতে চায় সে, তখন আমার এত ভালো লাগল যে আবেগপ্রবণ হয়ে পড়ি। আমার প্রত্যাশা সে তার প্রজন্মের জন্য খুব ভালো নেতা হবে।’উল্লেখ্য, জাতিসংঘ সম্প্রতি সোমালিয়াকে দুর্ভিক্ষপীড়িত দেশ ঘোষণা করেছে। এই বিশ্ব সংস্থার হিসাব অনুযায়ী, সেখানে প্রায় ৩৬ লাখ মানুষ অনাহারে ধুঁকছে।  শরিফুল ইসলাম ভূঁইয়া, সূত্র: বিবিসি