স্বপ্ন উৎসবের শেষ দিন আজ
সেই রাজশাহী থেকে এসেছে রাশেদ। একে একে কেটে গেছে দিনগুলো, অথচ সে বুঝতেই পারেনি। দিনগুলো কেটেছে স্বপ্নের মতো। এত প্রিয় মানুষকে কাছে পেয়ে আনন্দে যেমন ভরে গেছে মন, তেমনি শিখতেও পেরেছে অনেক কিছু। সারা দিন আড্ডা আর ছবি দেখা তো ছিলই। চলে যাওয়ার সময় তাই অনেক কষ্ট হচ্ছে তার। তবে আগামী বছর আবারও এই উত্সবে আসবে—এমন এক স্বপ্ন নিয়েই যাচ্ছে সে। শুধু রাশেদই নয়, সারা দেশ থেকে আসা ১২৫ জন শিশু প্রতিনিধি ও দেড় শতাধিক উত্সবকর্মীর মিলনমেলা ভাঙছে আজ। সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান হলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হচ্ছে তৃতীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব ২০১০। এর আগে বেলা ১১টায় সেমিনার হলে শিশু প্রতিনিধিদের মধ্যে সনদ প্রদান করবেন উত্সবের আয়োজক চিলড্রেনস ফিল্ম সোসাইটির (সিএফএস) সভাপতি মুহম্মদ জাফর ইকবাল। এবারের উত্সবে ১২ ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে ৫০টি দেশের মোট ২৪৩টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে শিশুদের নির্মিত ছবি ৩৫টি। এই ছবিগুলোর মধ্যে ‘সেরা’ বিচারের জন্য রয়েছে পাঁচ শিশু বিচারক (জুরি)। কোন ছবিটি হচ্ছে প্রথম, তা জানতেও অপেক্ষা করতে হবে আজকের সমাপনী অনুষ্ঠান পর্যন্ত। কারণ, শিশু জুরিদের চকলেট, আইসক্রিমের লোভ দেখিয়ে একটি কথাও মুখ থেকে বের করা যায়নি। উত্সবের শেষ দিন হলেও আজও রয়েছে নিয়মিত প্রদর্শনী। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান হলে বেলা ১১টায় সিটিজেন ১ (অস্ট্রেলিয়া), পাসাঙ্গা (ভারত), দুইটায় ফাইভ মাইলস অডিট (ইউকে), ড্রিমটিম (থাইল্যান্ড) ও বিকেল চারটায় অ্যানাদার প্ল্যানেট (স্লোভেনিয়া, হাঙ্গেরি ও বেলজিয়াম) ছবিগুলো প্রদর্শিত হবে। এ ছাড়া শিশু একাডেমীতে বেলা সাড়ে ১১টায়পরীর নাম মৌটুসী (বাংলাদেশ), হর্টন (ইউএসএ), বেলা আড়াইটায় টিনটরেটর যীশু (ভারত) ও বিকেল সাড়ে চারটায়পুতুল বিয়ে ও সহযাত্রী (বাংলাদেশ), ব্রিটিশ কাউন্সিলে বেলা ১১টা ১৫ মিনিটে ব্লাইন্ডেড বাই দ্য সান (ডেনমার্ক), কার্লাস ক্যাবালে (নরওয়ে), দুইটা ১৫ মিনিটে দি গার্ল (কানাডা), চারটা ১৫ মিনিটে দি আদার ব্যাংক (জর্জিয়া) এবং বাংলাদেশ লেদার টেকনোলজি কলেজ অডিটোরিয়াম, হাজারীবাগ, ঢাকায় বেলা ১১টা ১৫ মিনিটে হীরক রাজার দেশে (ভারত), দুইটা ১৫ মিনিটে মোজার্ট ইন চায়না (অস্ট্রিয়া) ও চারটা ১৫ মিনিটে তারে জমিন পার (ভারত) চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। সময় পেলে তোমরাও দেখে আসতে পারো ছবিগুলো। আবার এক বছরের অপেক্ষা মনে পুষে শেষ হয়ে যাচ্ছে শিশুদের এই স্বপ্নোত্সব। স্বপ্নোত্সবে এসে নিজেদের স্বপ্ন পূরণের জন্য কী করতে হবে, তার অনেকটাই শেখা হয়ে গেছে বলে মনে করে ওই শিশুরা।মহিতুল আলম